প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী ডিসেম্বর মাসে ভারত থেকে সীমান্ত পথে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাংলাদেশে প্রবেশের গুঞ্জন ও তৎপরতা ঘিরে সারা দেশের সীমান্ত এলাকায় নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই প্রেক্ষিতে কুমিল্লা সদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট বিবির বাজার স্থলবন্দরসহ ১০৬ কিলোমিটার সীমান্ত পথের অন্যান্য পয়েন্টে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে এসব সীমান্ত পথ ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যাতে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পাহারার মতোই সতর্ক অবস্থানে রয়েছেন।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তের সঙ্গে সংযুক্ত কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরটি ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। সম্প্রতি ত্রিপুরার আগরতলা ও পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক ও সীমান্ত পর্যবেক্ষণের খবর প্রকাশ্যে আসার পর থেকে কুমিল্লা সেক্টরের অধীনস্থ এই স্থলবন্দরে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
কুমিল্লা জেলার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় ১০৩ থেকে ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা জেলার পাঁচটি উপজেলা- আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম জুড়ে বিস্তৃত। তবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজারে আন্তর্জাতিক ইমিগ্রেশন ও বাণিজ্যিক স্থলবন্দর রয়েছে। এর পাশাপাশি স্থানীয় ও ঐতিহাসিকভাবে পরিচিত আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট রয়েছে, যেগুলো মূলত বিজিবি বিওপি, স্থানীয় যাতায়াত বা সীমান্ত বাণিজ্য ও নজরদারির পয়েন্ট হিসেবে পরিচিত।
কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরের বিপরীত প্রান্তে রয়েছে ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর ও সোনামুড়া। বিবির বাজার স্থলবন্দরের খুব কাছেই অবস্থিত আদর্শ সদর উপজেলার কটকবাজার–গোলাবাড়ি সীমান্ত পথ। এটির বিপরীত প্রান্তে রয়েছে ভারতের বক্সনগর ও সোনামুড়া সংলগ্ন এলাকা। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত পথের বিপরীত প্রান্তে ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার সীমান্তবর্তী গ্রামসমূহ। বুড়িচং উপজেলার খারেরা–বাকশীমূল সীমান্ত পথের বিপরীত প্রান্তে রয়েছে ত্রিপুরার সিপাহীজলা অঞ্চলের সীমান্ত গ্রাম। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি সীমান্ত পথটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট এবং কৌশলগতভাবে এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। চৌদ্দগ্রামের এ সীমান্তের বিপরীত প্রান্তে রয়েছে দক্ষিণ ত্রিপুরা ও সিপাহীজলা সংলগ্ন সীমান্ত এলাকা। চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় আরেকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা রয়েছে। এ সীমান্ত পথটি ফেনী সীমান্তের কাছাকাছি। এটি হচ্ছে আলকরা–বাগমারা সীমান্ত পথ। এ সীমান্ত পথের বিপরীত প্রান্তে রয়েছে ত্রিপুরার বিলোনিয়া ও রাজনগর সংলগ্ন এলাকা।
এদিকে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদর দপ্তর ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। রোববার (২২ নভেম্বর) কুমিল্লা সেক্টর সদর দপ্তর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। অবৈধ পথে কোনো ব্যক্তি যেন যাতায়াত না করতে পারেন, এদিক থেকে ওই দিকে যেতে না পারেন, ওই দিক থেকে এদিকে আসতে না পারেন-সব মিলিয়ে এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির। ডিসেম্বরকে ঘিরে সরকারের যে নির্দেশনা, সেটা পালন করতে এবং সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ সময় স্থানীয়দের সহযোগিতা চেয়ে বিজিবি মহাপরিচালক আরও বলেন, আপনারা স্থানীয় যাঁরা আছেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও আসার বা যাওয়ার, সেটা আমাদের জানাবেন। বিজিবিকে জানালে আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে অনুপ্রবেশ বন্ধ করা নিশ্চিত করতে পারব।
বিজিবি মহাপরিচালকের সফরের সময় কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান ও সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সীমান্ত সুরক্ষায় বিশেষ নির্দেশনা দেন। বর্তমানে বিবির বাজার ইমিগ্রেশন চেকপোস্ট এবং আশপাশের অরক্ষিত সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সদস্যদের ২৪ ঘণ্টার টহল ও তল্লাশি কার্যক্রম চোখে পড়ার মতো বাড়ানো হয়েছে।
অপরদিকে বিবির বাজার স্থলবন্দরটি কুমিল্লা সদর উপজেলায় অবস্থিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি কুমিল্লা সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সীমান্তবর্তী এলাকাগুলোতে খোঁজখবর রাখছেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম জানান, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে পলাতক আওয়ামী লীগ নেতারা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন। তাই বিজিবির পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে দলের কর্মীরা ও সীমান্ত এলাকায় বসবাসকারী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদেরও সীমান্তের খোঁজখবর রাখার এবং এ ব্যাপারে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য বলা হয়েছে।
বিবির বাজার সীমান্ত এলাকার বিএনপি নেতারা জানান, কুমিল্লার এই সীমান্ত পথ দিয়ে আওয়ামী লীগের যে বা যাঁরাই অবৈধভাবে প্রবেশের চেষ্টা করবেন, তাঁদের তাৎক্ষণিকভাবে প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
সীমান্ত এলাকায় বিজিবির কড়া নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রাজনৈতিক নেতা-কর্মীদের সরব উপস্থিতির কারণে বিবির বাজার ও আশপাশের গ্রামগুলোতে এক ধরনের থমথমে ও সতর্ক পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা ঠেকাতে বিজিবি কর্মকর্তাদের এই কঠোর অবস্থানকে তাঁরা ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে সীমান্ত এলাকার স্বাভাবিক বাণিজ্য ও বৈধ পাসপোর্টধারী সাধারণ যাত্রীদের যাতায়াত যেন নির্বিঘ্ন থাকে, সেদিকেও নজর রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন