প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইএলটি২০-তে অভিষেক ম্যাচে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তার ৫১ বলে ৮৬ রানের চমৎকার ইনিংসের সাহায্যে সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্স শারজাহ ওয়ারিয়র্সকে ছয় উইকেটে পরাজিত করেছে।
মৌসুমের পঞ্চম আসরের নিলামে বাবরকে ৮০ হাজার মার্কিন ডলারে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। তার ইনিংসে ছিল ১৩টি চার এবং দুটি ছক্কা।
আইএলটি২০ ইতিহাসে এক ইনিংসে ১৩টি চার মারার নতুন রেকর্ড গড়েছেন বাবর। বিষয়টি লিগ কর্তৃপক্ষও নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাবর তার প্রথম ম্যাচেই এই রেকর্ডটি স্থাপন করেন।
এর আগে, শারজাহর ওপেনার পল ওয়াল্টার ১১টি চার মেরে ২০২৪ সালে আলিশান শারাফুর গড়া রেকর্ড স্পর্শ করেছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যে বাবর সেই রেকর্ড ভেঙে দেন।
শারজাহ ওয়ারিয়র্সের হোম ভেন্যুতেও বাবরের জনপ্রিয়তা স্পষ্ট ছিল। দর্শকদের মধ্যে দুই ইনিংসেই তার নামের স্লোগান শোনা গেছে।
বাবরের দুটি ছক্কাও বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। ১২ ম্যাচ পর এবারই প্রথম তিনি ছক্কা হাঁকালেন। এর আগে, ইংল্যান্ড সফরে পাকিস্তানের তৃতীয় টেস্টে তার সর্বশেষ ছক্কাটি এসেছিল, যা ৯ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। এরপর পাকিস্তান এবং তার ঘরোয়া দল অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে ৩৩৮ রান করলেও তিনি একটি ছক্কাও মারতে পারেননি।
অভিষেক ম্যাচে বাবর শতকের খুব কাছে পৌঁছেছিলেন। তবে ৮৬ রানে অ্যাডাম মিলনের বলে টাইমিংয়ে ভুল করে ক্যাচ দেন, যা তালুবন্দি করেন পল ওয়াল্টার।
শারজাহ ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৬ রানে অলআউট হয়। একসময় তারা বড় সংগ্রহের পথে থাকলেও ভাইপার্সের বোলাররা শেষদিকে দারুণভাবে ম্যাচে ফিরে আসে।
বাবর মাত্র ৩১ বলে ফিফটি পূর্ণ করেন। এরপর ক্লার্কের সঙ্গে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান তুলে ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডেজার্ট ভাইপার্স।
এই জয়ের মাধ্যমে শিরোপাধারী ভাইপার্স চলতি আসরে প্রথম জয় পায়। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এমআই এমিরেটসের কাছে পরাজিত হয়েছিল তারা।
ভাইপার্স তাদের পরবর্তী ম্যাচে ২৫ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে।
সূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন