মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:১৯ পি.এম
২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল। দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টটি জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত হবে। তবে কনকাকাফ অঞ্চলের দলগুলোর অংশগ্রহণের কারণে এবারের আয়োজনটি প্রচলিত আয়োজনের তুলনায় দীর্ঘ সময় ধরে চলবে বলে জানা গেছে।
এদুলের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলভুক্ত ১০টি দলের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকার কয়েকটি জাতীয় দলও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এর ফলে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতার সূচিও দীর্ঘ সময়জুড়ে বিস্তৃত হবে। তবে অংশগ্রহণকারী দলের সঠিক সংখ্যা কিংবা পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্র এবার তৃতীয়বারের মতো কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে। এর আগে ২০১৬ এবং ২০২৪ সালে দেশটিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ, টানা দ্বিতীয় আসরও যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে।
২০২৮ সালের আয়োজক হওয়ার দৌড়ে ইকুয়েডরও ছিল। তবে শেষ পর্যন্ত তাদের পেছনে ফেলে আয়োজক স্বত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ইকুয়েডর সর্বশেষ ১৯৯৩ সালে কোপা আমেরিকার আয়োজন করেছিল।
২০২৮ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের ব্যস্ততা আরও বৃদ্ধি পাবে। কোপা আমেরিকা শেষ হওয়ার পরপরই লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হবে। ফলে অল্প সময়ের ব্যবধানে দেশটিতে দুটি বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বর্তমানে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২১ এবং ২০২৪ সালের আসরে টানা দুইবার শিরোপা জিতে দক্ষিণ আমেরিকার ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রেখেছে লিওনেল মেসির দেশ।
২০২৮ সালের আসরে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারবে কি না, সেটি দেখার অপেক্ষা। তবে কনকাকাফ অঞ্চলের দলগুলোর অন্তর্ভুক্তি এবং বর্ধিত সূচির কারণে এবারের কোপা আমেরিকা আগের আসরগুলোর তুলনায় ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চারটি ডিসিপ্লিনে মাত্র ৮০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া যে যাত্রা, তা সময়ের সাথে সাথে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও প্রত্যাশার ফলস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয় আজ দেশের উচ্চশিক্ষায় একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। ৩৫ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি যেমন নানা সাফল্য অর্জন করেছে, তেমনি নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জও সামনে এসেছে।
আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টি ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করছে। প্রতিষ্ঠার সীমিত পরিসর পেরিয়ে বর্তমানে আটটি স্কুলের অধীনে ২৯টি ডিসিপ্লিনে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আন্দোলন-সংগ্রাম থেকে প্রতিষ্ঠা
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের সাথে যুক্ত। ১৯৮৭ সালের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশিত হয়। ১৯৮৯ সালের ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর ১৯৯১ সালের ৩০ আগস্ট প্রথম ওরিয়েন্টেশন এবং ৩১ আগস্ট চারটি ডিসিপ্লিনে ক্লাস শুরুর মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয়। একই বছরের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রহমানের নেতৃত্বে শুরু হওয়া সেই যাত্রা আজ অনেক বিস্তৃত হয়েছে। বর্তমানে ১০৬ একর আয়তনের ক্যাম্পাসে প্রায় সাত থেকে আট হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
গবেষণায় নতুন উদ্যোগ, সম্ভাবনার বিস্তার
শিক্ষার পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সুন্দরবন, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় দুর্যোগ, লবণাক্ততা, কৃষি, পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে বিশ্ববিদ্যালয়টির রয়েছে বিশেষ সম্ভাবনা।
বর্তমান প্রশাসনের সময়ে গবেষণায় গতি আনতে চালু হয়েছে কয়েকটি নতুন উদ্যোগ। এর মধ্যে সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে আর্থিক প্রণোদনা এবং কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম উল্লেখযোগ্য। শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে অ্যাক্রেডিটেশন কার্যক্রমেও উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগ গবেষণার পরিবেশকে শক্তিশালী করার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার নতুন সুযোগ তৈরি করছে। তবে গবেষণার গুণগত মান, পর্যাপ্ত অর্থায়ন এবং গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ নিশ্চিত করাই এখন বড় বিবেচ্য বিষয়।
শিক্ষার্থীদের অর্জনে সমৃদ্ধ ক্যাম্পাস
একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য তার শিক্ষার্থীদের অর্জনের মধ্য দিয়েও প্রতিফলিত হয়। পড়াশোনার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা কার্যক্রম, সংস্কৃতি, খেলাধুলা ও সমাজসেবায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছেন।
বিতর্ক, সাংবাদিকতা, সাংস্কৃতিক চর্চা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার বিকাশ ঘটছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গত বছরে উদ্ভাবন, উদ্যোক্তা, গবেষণা, সংস্কৃতি, খেলাধুলা ও সমাজসেবায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ও দলীয় সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হওয়ার প্রত্যয়
খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর ও কার্যকর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও স্বপ্নের ফসল খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করছে। এই গৌরবময় অর্জন আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। প্রতিষ্ঠার শুরুতে সীমিত পরিসরে যাত্রা শুরু করলেও সময়ের পরিক্রমায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় নিজস্ব স্বকীয়তা ও স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। ৩৫ বছরের এই পথচলায় বিশ্ববিদ্যালয়টি এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উচ্চশিক্ষার স্বপ্নের প্রতীকে পরিণত হয়েছে।
তবে অতীতের অর্জনেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের আগামীর লক্ষ্য খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ গবেষণানির্ভর, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ইমপ্যাক্টফুল’ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা। ৩৬ বছরে পদার্পণের এই শুভক্ষণে আমাদের অঙ্গীকার; গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করা।
অর্জনের পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জ
৩৫ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি থাকলেও উচ্চশিক্ষার পরিবর্তিত বাস্তবতায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। শিক্ষার্থীর সংখ্যা ও একাডেমিক কার্যক্রমের বিস্তারের সঙ্গে সামঞ্জস্য রেখে আবাসন, শ্রেণিকক্ষ, আধুনিক গবেষণাগার এবং প্রযুক্তিগত অবকাঠামো আরও উন্নত করা প্রয়োজন।
একই সঙ্গে গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করা জরুরি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু, পরিবেশ ও নগরায়ণসংক্রান্ত সমস্যাগুলো নিয়ে কার্যকর গবেষণার মাধ্যমে জাতীয় উন্নয়নে আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টির।
৩৫ বছরের অভিজ্ঞতায় আগামীর প্রত্যাশা
৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক হিসেবেও জায়গা করে নিয়েছে। চারটি ডিসিপ্লিনের ৮০ শিক্ষার্থীর সেই যাত্রা আজ বহুমাত্রিক শিক্ষা ও গবেষণার পরিসরে বিস্তৃত হয়েছে।
তবে একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল অতীতের অর্জনে সীমাবদ্ধ নয়; বরং নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণার বাস্তব প্রয়োগ এবং দক্ষ ও মানবিক মানুষ তৈরির মধ্যেই তার ভবিষ্যৎ নিহিত।
বিশ্ববিদ্যালয় দিবস তাই শুধু প্রতিষ্ঠার ইতিহাস স্মরণের দিন নয়, বরং অর্জন ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে নতুন লক্ষ্য নির্ধারণের উপলক্ষ। ৩৫ বছরের অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে গবেষণা, উদ্ভাবন ও মানসম্মত উচ্চশিক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে ৩৬ বছরে পদার্পণের দিনে এটাই প্রত্যাশা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর জানার পর সহকর্মী, নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পীরা শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বার্তায় সোহেল খানের সঙ্গে কাটানো নানা স্মৃতি, তাঁর কর্মজীবন ও আন্তরিক ব্যক্তিত্বের কথা উঠে এসেছে।
অভিনেতা চঞ্চল চৌধুরী সহকর্মীকে হারিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। সোহেল খানকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘সোহেল ভাই…! পরলোকে শান্তিতে থাকুন। আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় জমাচ্ছে।’ দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই তাঁর এই স্মৃতিচারণ।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ‘৪২০’ ধারাবাহিকে সোহেল খানের অভিনীত বিশু চরিত্রের একটি ছবি আগের দিনই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। সেই ঘটনার সঙ্গে পরদিন অভিনেতার মৃত্যুর খবরের অদ্ভুত মিল খুঁজে পেয়ে আবেগাপ্লুত হন এই নির্মাতা। তাঁর পোস্টে আকস্মিক এই বিদায়ের বিস্ময় ও বেদনা উঠে আসে।
অভিনেতা ও নির্মাতা কচি খন্দকারের কাছে সোহেল খানের মৃত্যু মেনে নেওয়া কঠিন। দীর্ঘদিনের সহকর্মীকে স্মরণ করে তিনি জানান, ‘এফডিসি’ ধারাবাহিক থেকে শুরু করে সর্বশেষ ‘আই লাভ মেট্রোরেল’ পর্যন্ত তাঁর অসংখ্য নির্মাণে অভিনয় করেছেন সোহেল। তাঁদের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মৃত্যুর মাত্র পাঁচ-ছয় দিন আগেও একসঙ্গে কাজ করার বিষয়ে ফোনে কথা হয়েছিল। কিন্তু সেই কাজ আর কখনোই করা হবে না, এই চিন্তা করতেই আবেগাপ্লুত কচি খন্দকার।
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাও সোহেল খানের প্রয়াণে স্মৃতিচারণ করেছেন। তাঁর লেখায় শিল্পীদের একটি বিশেষ চাওয়া উঠে এসেছে—অভিনয় করতে করতেই যেন পৃথিবী থেকে বিদায় নেওয়া যায়। সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সোহেল খানের আত্মার শান্তি কামনা করেছেন।
অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি মৃত্যুর খবর শুনে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এটা কী শুনলাম!’ অন্যদিকে অভিনেত্রী মৌসুমী নাগ সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘শান্তিতে ঘুমান।’
একই সিনেমার শুটিংয়ে সোহেল খানের সঙ্গে ছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সহকর্মীর মৃত্যুর আগমুহূর্তের ঘটনা তুলে ধরে তিনি জানান, বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল। সাদা পোশাকে তৈরি হয়ে কক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জয়ের বর্ণনায় উঠে এসেছে শুটিং ইউনিটের সদস্যদের হতবিহ্বল হয়ে পড়ার মুহূর্তটিও।
অভিনেতা তৌসিফ মাহবুবও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। সোহেল খানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দেওয়ার প্রার্থনা করেছেন তিনি।
এ ছাড়া সংগীতশিল্পী রবি চৌধুরী, অভিনেতা শিপন মিত্র, জায়েদ খান, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, ইমু সিকদার এবং অভিনেতা মুকিত জাকারিয়াসহ বিনোদন অঙ্গনের আরও অনেকে সোহেল খানের মৃত্যুতে শোক জানিয়েছেন। রবি চৌধুরী স্মৃতিচারণ করে জানিয়েছেন, দেখা হলেই সোহেল খান তাঁকে নিজের এলাকায় গান গাওয়ার আমন্ত্রণ জানাতেন। সেই আন্তরিক ডাক আর শোনা হবে না, এ আক্ষেপও উঠে এসেছে তাঁর বার্তায়।
সোহেল খানের অভিনয়জীবন শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। পরে টেলিভিশন নাটক, ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান। ‘৪২০’ ধারাবাহিকে বিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বিশেষ পরিচিতি অর্জন করেন এই অভিনেতা। এ ছাড়া ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’, ‘শান’ ও ‘জংলি’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে বাসস।
তাঁর আকস্মিক চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, দীর্ঘদিনের সহকর্মী ও দর্শকদের জন্যও গভীর শূন্যতার কারণ হয়ে থাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের স্মৃতিচারণে স্পষ্ট, পর্দার বাইরেও আন্তরিকতা ও বন্ধুত্বের জন্য সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন সোহেল খান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে হামলার পাল্টাপাল্টি ঘটনা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে, হুতিরা সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, চীনের তৈরি উইং লুং-২ মডেলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ড্রোনটি লাহজ গভর্নরেটের উপকূলবর্তী আকাশসীমায় বৈরী কার্যক্রম পরিচালনা করছিল। নতুন সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত সৌদি আরবের ১১টি ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে।
উইং লুং-২ একটি চীনা তৈরি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম সশস্ত্র নজরদারি ড্রোন। ইয়েমেনে সামরিক অভিযানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ব্যাপকভাবে এই ড্রোনটি ব্যবহার করে। এটি নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র বহন করার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলা চালানোর সক্ষমতা রাখে।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লাহজ গভর্নরেট এলাকায় উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।
গত কয়েক সপ্তাহে বাব আল-মান্দেব প্রণালি এবং খারাজ পর্বতমালার নিকটবর্তী এলাকায় অগ্রগতির দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই অবস্থার মধ্যে হুতিরা সৌদি আরবের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
এদিকে, আজ ভোরে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী কিছু মিনিট পর জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস ও ট্রাকে সৌদি বিমান হামলায় ২৫ জন নিহত অথবা নিখোঁজ হওয়ার দাবি করেছে হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনেও এই তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) ওই হামলার ঘটনা ঘটে বলে জানান হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তবে তিনি তখন হতাহতের সংখ্যা উল্লেখ করেননি। একই সঙ্গে হামলার জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন।
এদিকে, ইরানের রিভল্যশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালিতে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা তিনটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি থেকে ইরানকে আরও বিচ্ছিন্ন করার এবং দেশটির গোপন ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দেয়ার প্রচেষ্টা জোরদার করছে ওয়াশিংটন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতীয় রুপি, শ্রীলঙ্কান রুপি এবং জাপানি ইয়েনের বিপরীতে টাকার বিনিময় হার অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে মার্কিন ডলার, অস্ট্রেলীয় ডলার, কানাডীয় ডলার, সিঙ্গাপুর ডলার ও সুইডিশ ক্রোনার দাম কমেছে। অন্যদিকে, ইউরো, ব্রিটিশ পাউন্ড ও চীনা ইউয়ানের বিপরীতে বেড়েছে টাকার বিনিময় হার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বৈদেশিক মুদ্রার বিনিময় হার পর্যালোচনা করে এই তথ্যটি জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এদিন প্রতি মার্কিন ডলার বিনিময় হচ্ছে ১২৪ টাকা ৭০ পয়সায়। এছাড়া, প্রতি ইউরো ১৩৫ টাকা ৯৪ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬২ টাকা ৫০ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৬৩ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৬ টাকা ৮০ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৩ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৫৩ পয়সা এবং চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছে।
এছাড়া, প্রতি ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সায় বিনিময় হচ্ছে।
এর আগের দিন সোমবার, প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা। একই দিনে ইউরো ১৩৬ টাকা ৮১ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৩ টাকা ১৯ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৫২ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৬ টাকা ৯৬ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৯ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭০ পয়সা এবং চীনা ইউয়ান ১৮ টাকা ৬৯ পয়সায় লেনদেন হয়েছিল। ভারতীয় ও শ্রীলঙ্কান রুপির বিনিময় হার ছিল যথাক্রমে ১ টাকা ৩৪ পয়সা ও ২ টাকা ৬৭ পয়সা।
এদিকে, গত রোববার প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ১২৪ টাকা ৫৫ পয়সা ছিল। ইউরো ১৩৬ টাকা ৫৯ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬২ টাকা ৯২ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৩৯ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৬ টাকা ৮২ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৮ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৫৪ পয়সা এবং চীনা ইউয়ান ১৮ টাকা ৬৬ পয়সায় বিনিময় হয়েছিল। ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সায় লেনদেন হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার, প্রতি মার্কিন ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, ইউরো ১৩৬ টাকা ৮৮ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা, অস্ট্রেলীয় ডলার ৮৩ টাকা ৭৯ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৭ টাকা ২৪ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ২০ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭০ পয়সা এবং চীনা ইউয়ান ১৮ টাকা ৭০ পয়সায় বিনিময় হয়েছিল। এছাড়া, ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা ও শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সায় লেনদেন হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ