শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫২ পি.এম
মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্বের পদে বর্তমান নেতা চাক শুমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তিনি দলের নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলে বলেন, "সাম্প্রতিক নির্বাচনে মার্কিন ভোটাররা নতুন নেতৃত্বের পক্ষে বার্তা দিয়েছেন।"
ভ্যান হলেন বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে নিজের প্রার্থিতার কথা জানান। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার পর আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হবে। এর আগে শুমারের মুখোমুখি হচ্ছেন তিনি দলের নেতা নির্বাচনে।
ভ্যান হলেন মন্তব্য করেন, এবারের নির্বাচনে মার্কিন জনগণ এমন অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন, যা শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করতে পারছে না এবং রাজনৈতিক দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, "এই পরিস্থিতি মোকাবিলায় নতুন নেতৃত্ব প্রয়োজন।"
অন্যদিকে, শুমার জানিয়েছেন, ডেমোক্র্যাটদের নেতা হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন তাঁর রয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে গোপন ব্যালটে সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা নতুন নেতা নির্বাচন করবেন।
ক্রিস্টোফার ভ্যান হলেন জুনিয়র ১৯৫৯ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কূটনীতিক ছিলেন এবং পরে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মা কাজ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও পররাষ্ট্র দপ্তরে।
ভ্যান হলেন ২০০২ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন এবং ২০০৩ সালে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে টানা সাত মেয়াদ দায়িত্ব পালনের পর ২০১৬ সালে সিনেটর নির্বাচিত হন। ২০১৭ সালের জানুয়ারিতে তিনি সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব নেন।
ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচক হিসেবে পরিচিত ভ্যান হলেন। তিনি গাজা যুদ্ধ ও ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেছেন। ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে কঠোর জবাবদিহির পক্ষে অবস্থান নিয়েছেন এই সিনেটর।
২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে ভুলভাবে বহিষ্কৃত মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়ার সঙ্গে দেখা করতে এল সালভাদর সফর করেন ভ্যান হলেন। পরে গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। একই বছরের আগস্টে সিনেটর জেফ মার্কলির সঙ্গে মিসর সীমান্তের রাফাহ ক্রসিং পরিদর্শন করেন তিনি।
ভ্যান হলেন ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধ নিয়েও সমালোচনা করেছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিষয়ক সামরিক অভিযান আমেরিকা এবং তার মিত্রদের নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।
ডেমোক্র্যাটদের মধ্যে শুমারের নেতৃত্ব নিয়ে অসন্তোষ রয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দলের অবস্থান এবং ইসরাইল ইস্যুতে তাঁর ভূমিকা নিয়ে প্রগতিশীল অংশের সমালোচনা রয়েছে। এ পরিস্থিতিতে নেতৃত্ব পরিবর্তনের দাবিতে ভ্যান হলেনের প্রার্থিতা সামনে এসেছে।
মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ ভ্যান হলেনের প্রার্থিতাকে সমর্থন জানিয়েছেন। প্রগতিশীল নেতা বার্নি স্যান্ডার্সও তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। তবে শুমার বলেছেন, নতুন মেয়াদেও ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়ার মতো সমর্থন তাঁর রয়েছে। ডিসেম্বরের গোপন ভোটেই নির্ধারিত হবে, আগামী জানুয়ারি থেকে সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেবেন কে। তথ্যসূত্র: আল-জাজিরা, এপি, রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলের পরিবেশ সম্পূর্ণরূপে শান্ত রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা, ভাঙচুর বা লুটপাটের খবর পাওয়া যায়নি। বরং শিপমেন্টের চাপের কারণে ছুটির দিনেও বেশ কিছু পোশাক কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও শিল্পাঞ্চলে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারখানায় যেকোনো ধরনের ভাঙচুর ও লুটপাট প্রতিরোধে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির কারণে কালিয়াকৈরের অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও মৌচাক, সফিপুর, চন্দ্রা, হরতকিতলা ও পল্লী বিদ্যুৎ এলাকার শিপমেন্টের চাপ থাকা কারখানাগুলো চালু রয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, বিদেশি ক্রেতাদের (বায়ার) সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে ক্রয়াদেশ বাতিল হওয়ার ঝুঁকি থাকে, তাই ছুটির দিনেও উৎপাদন চালু রাখা হয়েছে।
কাজে যোগ দেওয়া এক শ্রমিক বলেন, "শুক্রবার ছুটি থাকলেও শিপমেন্টের চাপ থাকায় আমরা নিজের ইচ্ছায় কাজে এসেছি। ওভারটাইম পাব, এতে সংসার ভালো চলবে। ভাঙচুর করে কার লাভ? কারখানা বন্ধ হলে তো আমাদেরই পেটে লাথি লাগবে।" আরেক শ্রমিক বলেন, "আমরা শান্তি ও কাজ চাই। আন্দোলনের নামে কারখানা ভাঙলে আমাদেরই চাকরি যাবে।"
কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "কালিয়াকৈর শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ছুটির দিনেও আমরা মাঠে আছি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাজার ও হরতকিতলা- প্রতিটি পয়েন্টে পুলিশের টহল চলছে। আন্দোলনের নামে কেউ কারখানা ভাঙচুর বা লুটপাট করতে এলে তাকে আইনের আওতায় আনা হবে। ন্যায্য দাবি থাকলে আলোচনা করতে হবে, ভাঙচুর করে দাবি আদায় করা যাবে না।"
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, "শিল্পাঞ্চল এখন সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন, পুলিশ, বিজিবি, মালিক ও শ্রমিকপক্ষ সবাই একসঙ্গে কাজ করছি। ছুটির দিনেও শ্রমিকরা নিজের ইচ্ছায় কাজে এসেছেন, যা অত্যন্ত ইতিবাচক। দুই-একটি কারখানায় যে অসন্তোষ ছিল, তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। শিল্প বাঁচলে কালিয়াকৈর বাঁচবে, তাই কোনোভাবেই অশান্তি হতে দেওয়া হবে না।"
শিল্পাঞ্চলের শান্তি রক্ষায় নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছেন কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, "শ্রমিকরা আমাদের ভাই-বোন। তাদের দাবি থাকলে আমরা মালিক ও প্রশাসনের সঙ্গে কথা বলব। কিন্তু কারখানা ভাঙলে চাকরি যাবে, সংসার ভাঙবে। বাইরে থেকে এসে কেউ যাতে কালিয়াকৈরের শান্তি নষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের মহাসড়কে পাহারায় থাকতে এবং পুলিশ-বিজিবিকে সহযোগিতা করতে বলেছি।"
এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা হুমায়ুন কবির খানের নেতৃত্বে শ্রমিক ও বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে পাহারায় রয়েছেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, শিল্প ও শ্রমিক বাঁচাতে যেকোনো ধরনের নাশকতা বা ভাঙচুর তারা প্রতিহত করবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে দুই-একটি কারখানায় সাময়িক অসন্তোষ দেখা দিলেও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়েছে এবং ওই কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে হরতকিতলা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাট সদর উপজেলার সীমান্তঘেঁষা ঐতিহাসিক সিন্দুরমতি দিঘি, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ফিরে পাচ্ছে হারানো রূপ।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজের মাধ্যমে ১৬ দশমিক ৫ একর আয়তনের প্রাচীন এই দিঘি বদলে যাচ্ছে। খননকাজ শেষ হওয়ার পর বর্তমানে দিঘির পাড় উঁচু করা, চারপাশে ঢালাই পথ নির্মাণ, বৃক্ষরোপণ, আধুনিক স্নানঘাট এবং পোশাক পরিবর্তনের কক্ষ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে।
সিন্দুরমতি দিঘি রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সিন্দুরমতি এলাকা এবং লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে অবস্থিত। এটি শুধুমাত্র একটি জলাশয় নয়, বরং হাজার বছরের ইতিহাস, লোককথা, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, শ্রীলঙ্কা থেকে আসা হিন্দু জমিদার রাজ নারায়ণ চক্রবর্তী প্রজাদের পানির কষ্ট দূর করতে বিশাল এই দিঘি খননের উদ্যোগ নেন। তবে খনন শেষ হওয়ার পর দিঘিতে পানি না ওঠায় তিনি চিন্তিত হয়ে পড়েন।
এক রাতে জমিদার স্বপ্নাদেশ পান—তার আদরের দুই কন্যা ‘সিন্দুর’ ও ‘মতি’কে দিঘির মাঝখানে বসিয়ে পূজা-অর্চনা করতে হবে। সে অনুযায়ী দিঘির মাঝখানে পূজার আয়োজন করা হয়। পূজার একপর্যায়ে প্রয়োজনীয় উপচার সংগ্রহ করতে দিঘির পাড়ে উঠে আসেন জমিদার। তখনই দিঘির তলদেশ থেকে প্রবল বেগে পানি উঠতে শুরু করে। মুহূর্তেই বিশাল দিঘিটি পানিতে ভরে যায়। তবে সেই অথৈ জলে তলিয়ে যান জমিদারের দুই কন্যা সিন্দুর ও মতি। তাদের নাম অনুসারেই দিঘিটির নাম হয় ‘সিন্দুর-মতি’।
দিঘির চারপাশে রয়েছে প্রাচীন বটবৃক্ষ ও বিভিন্ন দেব-দেবীর মন্দির। এখানে রাম মন্দির, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, রাধা-কৃষ্ণ মন্দির, বিশ্বকর্মা মন্দির, গণেশ মন্দির, ভোলানাথ মন্দির, বুড়ি মন্দির, ইসকন মন্দির এবং শ্মশান কালী মন্দিরসহ একাধিক ধর্মীয় স্থাপনা বিদ্যমান। মরদেহ সৎকার, প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন ধর্মীয় আচারও এখানে পালিত হয়।
প্রতিবছর চৈত্র মাসে সিন্দুরমতি দিঘি ঘিরে বসে সিন্দুরমতি মেলা। পুণ্যস্নানের আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা এখানে আসেন। স্থানীয়দের দাবি, ভারত ও নেপাল থেকেও এ মেলায় পুণ্যার্থীর সমাগম ঘটে।
দীর্ঘদিনের অবহেলা এবং পলি জমে দিঘিটি ভরাটের দিকে এগিয়ে গেলেও বর্তমানে সেই চিত্র পাল্টাতে শুরু করেছে। ইতিমধ্যে দিঘির খননকাজ শেষ হয়েছে। পাড় উঁচু করা, চারপাশে সুসজ্জিত ঢালাই পথ নির্মাণ; সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ এবং দর্শনার্থী ও পুণ্যার্থীদের সুবিধার্থে আধুনিক স্নানঘাট ও পোশাক পরিবর্তনের কক্ষ নির্মাণের কাজ চলছে।
১৯৭৫ সালে তখনকার সরকার দিঘিটি সংস্কারের উদ্যোগ নিয়েছিল। ওই সময় খননকালে দিঘির তলদেশ থেকে প্রাচীন মূর্তি ও মূল্যবান মুদ্রা উদ্ধার হওয়ার কথা জানা যায়। এসব প্রত্নবস্তু বর্তমানে ঢাকার জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সিন্দুরমতি দিঘির তত্ত্বাবধায়ক তপন কুমার মন্ডল বলেন, "প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা এসে দিঘিটিকে ৮০০ থেকে হাজার বছরের পুরনো বলে জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে অযত্নে থাকায় এখানে পূজা ও মেলার আয়োজন কঠিন হয়ে পড়েছিল। দিঘিটি প্রায় ভরাট হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ এক কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ চলমান রয়েছে।"
স্থানীয় বাসিন্দা হেমন্ত কুমার বর্মন বলেন, "হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরে আসছে। এই দিঘির সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িত। সংস্কারকাজ শেষ হলে এটি আরো আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে।"
স্থানীয় প্রবীণ বাসিন্দা শ্রীমতি ফুলঝুরি বলেন, "ছোটবেলা থেকেই এখানে পূজা দিয়ে আসছি। রাম ঠাকুর ও কালী ঠাকুরের পূজা থেকে শুরু করে বহু বছর ধরে এই দিঘির সঙ্গে আমাদের সম্পর্ক। এখানকার মেলায় দেশের বাইরের মানুষও আসেন। দিঘিটি সংস্কার করা হচ্ছে দেখে খুব ভালো লাগছে।"
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "জমিদার ও তার দুই কন্যা সিন্দুর-মতির আত্মত্যাগের ইতিহাস এখানে জড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি ঐতিহ্যবাহী এই স্থানটিকে এমনভাবে সাজাতে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ও শান্তিতে পূজা-অর্চনা ও পুণ্যস্নান করতে পারেন।"
মন্ত্রী আরো বলেন, "এ বছর আগাম বৃষ্টির কারণে সব কাজ শেষ করা সম্ভব হয়নি। অচিরেই পুরোদমে কাজ শুরু করে এটিকে দেশের অন্যতম প্রসিদ্ধ দর্শনীয় স্থানে পরিণত করার চেষ্টা করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার হয়ে আজ প্রথমবার ওয়ানডে খেলতে নেমে ইতিহাস সৃষ্টি করেছেন মাহলি বিয়ার্ডম্যান। আজ শুক্রবার (১৩ নভেম্বর) পার্থের অপটাস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন। তিনি ৬ উইকেট তুলে নিয়ে ইংলিশদের অলআউট করেছেন ১৩৩ রানে। এর মাধ্যমে তিনি ৩৮ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে ফেলেছেন।
অভিষিক্ত কোনো বোলার যখন প্রতিপক্ষকে ধসিয়ে ৫ উইকেট তুলে নেন, তখন অস্ট্রেলিয়া এমন নজির দেখেছে মাত্র একবার। ১৯৮৮ সালের ২ জানুয়ারি পার্থের ওয়াকায় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় টনি ডোডেমেইডের। তিনি ৭.২ ওভারে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
এরপর থেকে এই রেকর্ডটি ডোডেমেইডের দখলে ছিল। তবে এখন ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে অভিষেক ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ডটি নিজের করে নিলেন বিয়ার্ডম্যান।
ওয়ানডে অভিষেকের পূর্বে তিনি ১১টি লিস্ট এ ম্যাচ খেলেছেন, যেখানে তার উইকেটের সংখ্যা ছিল ২১টি। অভিষেক ম্যাচে তিনি আরও বিধ্বংসী হয়ে আবির্ভূত হলেন।
ইংল্যান্ডের ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে অধিনায়ক হ্যারি ব্রুককে আউট করে প্রথম উইকেট পান বিয়ার্ডম্যান। পরবর্তী দুই ওভারে তিনি জো রুট, জর্ডান কক্স ও স্যাম কারানের উইকেট তুলে নেন। ১৮তম ওভারের চতুর্থ বলে লিয়াম ডসনকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন।
অভিষেক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সেরা বোলিংয়ের তালিকায় বিয়ার্ডম্যানের পর আছেন জেভিয়ার বার্টলেট, যিনি ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন। এরপর স্টুয়ার্ট ম্যাকগিল, কার্ল র্যাকেম্যান ও জেভিয়ার ডোহার্টি রয়েছেন, যারা প্রত্যেকে ৪টি করে উইকেট নিয়েছেন।
তবে অভিষেক ওয়ানডেতে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ডটি স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলের। ২০২৪ সালের ২২ জুলাই ডান্ডিতে ওমানের বিপক্ষে তিনি ২১ রানে ৭ উইকেট নিয়েছিলেন। এখন পর্যন্ত বিশ্বে তিনজন বোলার অভিষেকে ছয় উইকেট পেয়েছেন। তারা হলেন কাগিসো রাবাদা, ফিদেল এডওয়ার্ডস ও লাইল রবার্টসন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী, যিনি মানুষের সাধারণ জীবনকে লেখনীর মাধ্যমে অসাধারণ করে উপস্থাপন করেছেন এবং যার নতুন বইয়ের জন্য পাঠকরা অপেক্ষা করে। কথার জাদুকর হিসেবে পরিচিত এই লেখক, বাংলা সাহিত্যে এমন একজন মায়াবী গল্পকার, যার কলমে বৃষ্টি কথা বলে, জোছনা হয়ে ওঠে জীবনের উপমা, এবং কাল্পনিক চরিত্রেরা বাস্তব মানুষের অনুভূতিতে মিশে যায়। তিনি পাঠকদের শিখিয়েছেন যে সাধারণ জীবনের মধ্যেও অসাধারণ গল্প লুকিয়ে থাকে।
হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে। ১৯৭২ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘আগুনের পরশমণি’, ‘দারুচিনি দ্বীপ’ সহ দুই শতাধিক বইয়ের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলি ও শুভ্র আজও পাঠকের হৃদয়ে প্রিয়।
সাহিত্যের পাশাপাশি, তার টেলিভিশন নাটকগুলোও দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ নাটকগুলো নির্মাণ করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন।
১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন হুমায়ূন আহমেদ। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্র নির্মাণ করেন।
লেখক এবং নির্মাতার পাশাপাশি, গীতিকার হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তার লেখা ও সুর করা গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
হুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় স্থান ছিল তার হাতে গড়া নুহাশপল্লী। দেশ থেকে দূরে থাকলে কিংবা মন খারাপের সময় প্রায়ই তিনি নুহাশপল্লীর স্মৃতিচারণ করতেন।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে তার জীবনাবসান ঘটে। সময়ের কাছে তার জীবন থেমে গেলেও, আজও বৃষ্টি নামলে, জোছনা উঠলে কিংবা শীতের ঘন কুয়াশার চাদরে তিনি বারবার ফিরে আসেন।
জন্মদিনে বাংলা সাহিত্যের এই গল্পের জাদুকরের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তিনি ১৪ বছর ধরে আমাদের মধ্যে নেই, তবে প্রজন্ম থেকে প্রজন্মে ভক্তদের হৃদয়ে কিংবদন্তি এ কথাসাহিত্যিক আজও বেঁচে আছেন এবং তার অমর সৃষ্টিতে বেঁচে থাকবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ