প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী, যিনি মানুষের সাধারণ জীবনকে লেখনীর মাধ্যমে অসাধারণ করে উপস্থাপন করেছেন এবং যার নতুন বইয়ের জন্য পাঠকরা অপেক্ষা করে। কথার জাদুকর হিসেবে পরিচিত এই লেখক, বাংলা সাহিত্যে এমন একজন মায়াবী গল্পকার, যার কলমে বৃষ্টি কথা বলে, জোছনা হয়ে ওঠে জীবনের উপমা, এবং কাল্পনিক চরিত্রেরা বাস্তব মানুষের অনুভূতিতে মিশে যায়। তিনি পাঠকদের শিখিয়েছেন যে সাধারণ জীবনের মধ্যেও অসাধারণ গল্প লুকিয়ে থাকে।
হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে। ১৯৭২ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘আগুনের পরশমণি’, ‘দারুচিনি দ্বীপ’ সহ দুই শতাধিক বইয়ের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলি ও শুভ্র আজও পাঠকের হৃদয়ে প্রিয়।
সাহিত্যের পাশাপাশি, তার টেলিভিশন নাটকগুলোও দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ নাটকগুলো নির্মাণ করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন।
১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন হুমায়ূন আহমেদ। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্র নির্মাণ করেন।
লেখক এবং নির্মাতার পাশাপাশি, গীতিকার হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তার লেখা ও সুর করা গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।
হুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় স্থান ছিল তার হাতে গড়া নুহাশপল্লী। দেশ থেকে দূরে থাকলে কিংবা মন খারাপের সময় প্রায়ই তিনি নুহাশপল্লীর স্মৃতিচারণ করতেন।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে তার জীবনাবসান ঘটে। সময়ের কাছে তার জীবন থেমে গেলেও, আজও বৃষ্টি নামলে, জোছনা উঠলে কিংবা শীতের ঘন কুয়াশার চাদরে তিনি বারবার ফিরে আসেন।
জন্মদিনে বাংলা সাহিত্যের এই গল্পের জাদুকরের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তিনি ১৪ বছর ধরে আমাদের মধ্যে নেই, তবে প্রজন্ম থেকে প্রজন্মে ভক্তদের হৃদয়ে কিংবদন্তি এ কথাসাহিত্যিক আজও বেঁচে আছেন এবং তার অমর সৃষ্টিতে বেঁচে থাকবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন