প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলের পরিবেশ সম্পূর্ণরূপে শান্ত রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা, ভাঙচুর বা লুটপাটের খবর পাওয়া যায়নি। বরং শিপমেন্টের চাপের কারণে ছুটির দিনেও বেশ কিছু পোশাক কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও শিল্পাঞ্চলে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারখানায় যেকোনো ধরনের ভাঙচুর ও লুটপাট প্রতিরোধে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির কারণে কালিয়াকৈরের অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও মৌচাক, সফিপুর, চন্দ্রা, হরতকিতলা ও পল্লী বিদ্যুৎ এলাকার শিপমেন্টের চাপ থাকা কারখানাগুলো চালু রয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, বিদেশি ক্রেতাদের (বায়ার) সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে ক্রয়াদেশ বাতিল হওয়ার ঝুঁকি থাকে, তাই ছুটির দিনেও উৎপাদন চালু রাখা হয়েছে।
কাজে যোগ দেওয়া এক শ্রমিক বলেন, "শুক্রবার ছুটি থাকলেও শিপমেন্টের চাপ থাকায় আমরা নিজের ইচ্ছায় কাজে এসেছি। ওভারটাইম পাব, এতে সংসার ভালো চলবে। ভাঙচুর করে কার লাভ? কারখানা বন্ধ হলে তো আমাদেরই পেটে লাথি লাগবে।" আরেক শ্রমিক বলেন, "আমরা শান্তি ও কাজ চাই। আন্দোলনের নামে কারখানা ভাঙলে আমাদেরই চাকরি যাবে।"
কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "কালিয়াকৈর শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ছুটির দিনেও আমরা মাঠে আছি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাজার ও হরতকিতলা- প্রতিটি পয়েন্টে পুলিশের টহল চলছে। আন্দোলনের নামে কেউ কারখানা ভাঙচুর বা লুটপাট করতে এলে তাকে আইনের আওতায় আনা হবে। ন্যায্য দাবি থাকলে আলোচনা করতে হবে, ভাঙচুর করে দাবি আদায় করা যাবে না।"
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, "শিল্পাঞ্চল এখন সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন, পুলিশ, বিজিবি, মালিক ও শ্রমিকপক্ষ সবাই একসঙ্গে কাজ করছি। ছুটির দিনেও শ্রমিকরা নিজের ইচ্ছায় কাজে এসেছেন, যা অত্যন্ত ইতিবাচক। দুই-একটি কারখানায় যে অসন্তোষ ছিল, তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। শিল্প বাঁচলে কালিয়াকৈর বাঁচবে, তাই কোনোভাবেই অশান্তি হতে দেওয়া হবে না।"
শিল্পাঞ্চলের শান্তি রক্ষায় নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছেন কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, "শ্রমিকরা আমাদের ভাই-বোন। তাদের দাবি থাকলে আমরা মালিক ও প্রশাসনের সঙ্গে কথা বলব। কিন্তু কারখানা ভাঙলে চাকরি যাবে, সংসার ভাঙবে। বাইরে থেকে এসে কেউ যাতে কালিয়াকৈরের শান্তি নষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের মহাসড়কে পাহারায় থাকতে এবং পুলিশ-বিজিবিকে সহযোগিতা করতে বলেছি।"
এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা হুমায়ুন কবির খানের নেতৃত্বে শ্রমিক ও বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে পাহারায় রয়েছেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, শিল্প ও শ্রমিক বাঁচাতে যেকোনো ধরনের নাশকতা বা ভাঙচুর তারা প্রতিহত করবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে দুই-একটি কারখানায় সাময়িক অসন্তোষ দেখা দিলেও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়েছে এবং ওই কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে হরতকিতলা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন