প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাট সদর উপজেলার সীমান্তঘেঁষা ঐতিহাসিক সিন্দুরমতি দিঘি, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ফিরে পাচ্ছে হারানো রূপ।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজের মাধ্যমে ১৬ দশমিক ৫ একর আয়তনের প্রাচীন এই দিঘি বদলে যাচ্ছে। খননকাজ শেষ হওয়ার পর বর্তমানে দিঘির পাড় উঁচু করা, চারপাশে ঢালাই পথ নির্মাণ, বৃক্ষরোপণ, আধুনিক স্নানঘাট এবং পোশাক পরিবর্তনের কক্ষ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে।
সিন্দুরমতি দিঘি রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সিন্দুরমতি এলাকা এবং লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে অবস্থিত। এটি শুধুমাত্র একটি জলাশয় নয়, বরং হাজার বছরের ইতিহাস, লোককথা, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, শ্রীলঙ্কা থেকে আসা হিন্দু জমিদার রাজ নারায়ণ চক্রবর্তী প্রজাদের পানির কষ্ট দূর করতে বিশাল এই দিঘি খননের উদ্যোগ নেন। তবে খনন শেষ হওয়ার পর দিঘিতে পানি না ওঠায় তিনি চিন্তিত হয়ে পড়েন।
এক রাতে জমিদার স্বপ্নাদেশ পান—তার আদরের দুই কন্যা ‘সিন্দুর’ ও ‘মতি’কে দিঘির মাঝখানে বসিয়ে পূজা-অর্চনা করতে হবে। সে অনুযায়ী দিঘির মাঝখানে পূজার আয়োজন করা হয়। পূজার একপর্যায়ে প্রয়োজনীয় উপচার সংগ্রহ করতে দিঘির পাড়ে উঠে আসেন জমিদার। তখনই দিঘির তলদেশ থেকে প্রবল বেগে পানি উঠতে শুরু করে। মুহূর্তেই বিশাল দিঘিটি পানিতে ভরে যায়। তবে সেই অথৈ জলে তলিয়ে যান জমিদারের দুই কন্যা সিন্দুর ও মতি। তাদের নাম অনুসারেই দিঘিটির নাম হয় ‘সিন্দুর-মতি’।
দিঘির চারপাশে রয়েছে প্রাচীন বটবৃক্ষ ও বিভিন্ন দেব-দেবীর মন্দির। এখানে রাম মন্দির, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, রাধা-কৃষ্ণ মন্দির, বিশ্বকর্মা মন্দির, গণেশ মন্দির, ভোলানাথ মন্দির, বুড়ি মন্দির, ইসকন মন্দির এবং শ্মশান কালী মন্দিরসহ একাধিক ধর্মীয় স্থাপনা বিদ্যমান। মরদেহ সৎকার, প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন ধর্মীয় আচারও এখানে পালিত হয়।
প্রতিবছর চৈত্র মাসে সিন্দুরমতি দিঘি ঘিরে বসে সিন্দুরমতি মেলা। পুণ্যস্নানের আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা এখানে আসেন। স্থানীয়দের দাবি, ভারত ও নেপাল থেকেও এ মেলায় পুণ্যার্থীর সমাগম ঘটে।
দীর্ঘদিনের অবহেলা এবং পলি জমে দিঘিটি ভরাটের দিকে এগিয়ে গেলেও বর্তমানে সেই চিত্র পাল্টাতে শুরু করেছে। ইতিমধ্যে দিঘির খননকাজ শেষ হয়েছে। পাড় উঁচু করা, চারপাশে সুসজ্জিত ঢালাই পথ নির্মাণ; সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ এবং দর্শনার্থী ও পুণ্যার্থীদের সুবিধার্থে আধুনিক স্নানঘাট ও পোশাক পরিবর্তনের কক্ষ নির্মাণের কাজ চলছে।
১৯৭৫ সালে তখনকার সরকার দিঘিটি সংস্কারের উদ্যোগ নিয়েছিল। ওই সময় খননকালে দিঘির তলদেশ থেকে প্রাচীন মূর্তি ও মূল্যবান মুদ্রা উদ্ধার হওয়ার কথা জানা যায়। এসব প্রত্নবস্তু বর্তমানে ঢাকার জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সিন্দুরমতি দিঘির তত্ত্বাবধায়ক তপন কুমার মন্ডল বলেন, "প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা এসে দিঘিটিকে ৮০০ থেকে হাজার বছরের পুরনো বলে জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে অযত্নে থাকায় এখানে পূজা ও মেলার আয়োজন কঠিন হয়ে পড়েছিল। দিঘিটি প্রায় ভরাট হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ এক কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ চলমান রয়েছে।"
স্থানীয় বাসিন্দা হেমন্ত কুমার বর্মন বলেন, "হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরে আসছে। এই দিঘির সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িত। সংস্কারকাজ শেষ হলে এটি আরো আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে।"
স্থানীয় প্রবীণ বাসিন্দা শ্রীমতি ফুলঝুরি বলেন, "ছোটবেলা থেকেই এখানে পূজা দিয়ে আসছি। রাম ঠাকুর ও কালী ঠাকুরের পূজা থেকে শুরু করে বহু বছর ধরে এই দিঘির সঙ্গে আমাদের সম্পর্ক। এখানকার মেলায় দেশের বাইরের মানুষও আসেন। দিঘিটি সংস্কার করা হচ্ছে দেখে খুব ভালো লাগছে।"
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "জমিদার ও তার দুই কন্যা সিন্দুর-মতির আত্মত্যাগের ইতিহাস এখানে জড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি ঐতিহ্যবাহী এই স্থানটিকে এমনভাবে সাজাতে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ও শান্তিতে পূজা-অর্চনা ও পুণ্যস্নান করতে পারেন।"
মন্ত্রী আরো বলেন, "এ বছর আগাম বৃষ্টির কারণে সব কাজ শেষ করা সম্ভব হয়নি। অচিরেই পুরোদমে কাজ শুরু করে এটিকে দেশের অন্যতম প্রসিদ্ধ দর্শনীয় স্থানে পরিণত করার চেষ্টা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন