প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজনগর উপজেলা বিএনপি মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, যা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি রাজনগর বাজার অতিক্রম করে কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। তিনি বলেন, "দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। সারা দেশে ককটেল বোমা বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টি করে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না।" তিনি আরও উল্লেখ করেন, "শেখ হাসিনা দেশে ফিরলে এক মাসের মধ্যেই তাঁর ফাঁসির কার্যক্রম বাস্তবায়িত হবে।"
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কারও সঙ্গে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। "এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।" ডিসেম্বর মাসজুড়ে নেতাকর্মীদের সতর্ক থেকে দলীয় কর্মসূচি পালনের নির্দেশ দেন তিনি।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূর, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও হেলু মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ. মুহিত, রাজনগর উপজেলা বিএনপির সহ সভাপতি কবির আহমদ, এম এ হাকিম বক্স সুন্দর জুবায়ের আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রুপক দেবসহ রাজনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন