ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আ. লীগের সঙ্গে সম্পর্ক রাখার দিন শেষ, নাসের রহমানের নো মার্সি বার্তা


আ. লীগের সঙ্গে সম্পর্ক রাখার দিন শেষ, নাসের রহমানের নো মার্সি বার্তা

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে দেখা করার দিন শেষ হয়ে গেছে। এখন থেকে আর কোনো আওয়ামী লীগ নেতা আমার ছোট ভাই বা বড় ভাই হিসেবে পরিচিতি পাবে না, "নো মাফ, নো মার্সি"। এ ধরনের কঠোর সতর্কবার্তা দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান।

তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়। বরং এটি একটি জঙ্গি ও দেশবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী। এই দলের বিরুদ্ধে অবিলম্বে জঙ্গি ও দেশবিরোধী উগ্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নেওয়ার প্রস্তাবও দেন।

নাসের রহমান আরও বলেন, যদি আওয়ামী সন্ত্রাসীদের এদেশ থেকে নির্মূল করা না যায়, তবে দেশের উন্নতি হবে না। বিএনপি বিরোধী দলে থেকেও আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল এবং সরকারে আসলেও তা অব্যাহত রাখবে।

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার কিছু আগে মৌলভীবাজার শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসের রহমান বলেন, সম্প্রতি সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জে যে তাণ্ডব ঘটেছে, তা প্রমাণ করে যে বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির ওপর যেসব নাশকতার দায় চাপানো হয়েছিল, সেগুলোর পেছনে কারা ছিল। দেশের জনগণ এখন তা নিজেদের চোখে দেখছে।

আওয়ামী লীগের শাসনামলের কঠোর সমালোচনা করে নাসের রহমান বলেন, ঢাকায় গেরিলাদের মতো যেখানে সুযোগ পাচ্ছে, সেখানেই আগুন লাগাচ্ছে, নাশকতা ঘটাচ্ছে। দলটি সাড়ে ১৫ বছর ধরে দেশকে রামরাজত্বে পরিণত করেছে। লাখ লাখ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মীসহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষমতা ছেড়ে পালানোর প্রাক্কালে ১৪০০ মানুষকে হত্যা এবং ২০ থেকে ২৫ হাজার মানুষকে চিরতরে পঙ্গু করে দেওয়ার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। দলের নেত্রী থেকে শুরু করে তাঁর তল্পিবাহক, চাকরবাকর, অ্যাসিস্ট্যান্ট, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

আরও পড়ুন: মুকসুদপুর থানায় অস্ত্র উদ্ধার: সালথা ওসির টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, দেশ ছেড়ে পালানোর পর তাঁকে আর নেত্রী বলা যায় না। তিনি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হাসিনার দেশে আসার জন্য পাসপোর্ট চাইছেন। কিন্তু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে পাসপোর্ট তো দূরের কথা, ট্রাভেল পাসেরও প্রয়োজন নেই। হাসিনাকে বন্দিবিনিময় চুক্তিতে ফেরত আনার দাবি করেন তিনি।

নাসের বলেন, ভারত আওয়ামী লীগকে জঙ্গি ও দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি করে উলফা নেতাদের ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করেছিল। হাসিনাও সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এখন ওই চুক্তির আওতায় পলাতক হাসিনাকে ফেরত আনা সম্ভব।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে "নো মাফ, নো মার্সি" বলে কঠোর বার্তা দিয়ে নাসের রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে দেখা করার দিন শেষ। এখন থেকে কোনো আওয়ামী লীগ নেতা কারও ছোট ভাই বা বড় ভাই পরিচয়ে ছাড় পাবেন না। এ বিষয়ে কোনো ক্ষমা নেই, কোনো ছাড় নেই।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের এ দেশ থেকে শূন্য করতে না পারলে দেশের উন্নতি হবে না। দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে কঠোর অবস্থানে থাকতে হবে।

আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন আটক, সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক অভিযোগে

গার্মেন্টস অস্থিরতার পেছনে আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ তুলে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা নিয়েও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেন নাসের রহমান। তিনি বলেন, গার্মেন্টসের ঘটনাগুলো আওয়ামী লীগই ঘটিয়েছে। বিভিন্ন কারখানার শ্রমিকদের পকেট থেকে লাখ টাকার বান্ডিল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

‘বিএনপি জনগণের দল, রাজপথেই প্রতিরোধ গড়ে তুলবে’ বিএনপির অবস্থান তুলে ধরে নাসের রহমান বলেন, বিএনপি এ দেশের জনগণের দল, গণমানুষের দল। জনগণকে সঙ্গে নিয়েই তারা রাজপথে থাকবে। ফটকা ফুটিয়ে, গাড়িতে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন, বিরোধী দলে থেকেও বিএনপি আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল। এখন সরকারে এসেও দেশবিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে। এটাই বিএনপি।

নাসের রহমান বলেন, এখন থেকে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিদিন রাজপথে থাকতে হবে। সেই অনুযায়ী এখন থেকে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। সব স্লোগান হবে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে।

আরও পড়ুন: ধর্মীয় মূল্যবোধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুষ্ঠানটি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ অন্যান্যরা। সমাবেশ ও বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৭ দফা পতনের পর দেশে সোনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


টানা ৭ দফা পতনের পর দেশে সোনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে দেশের সোনার বাজারও টানা পতনের সম্মুখীন হয়েছে। গতকাল বৃহস্পতিবার, দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। ফলে, টানা ৭ দফায় সোনার দাম সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা হ্রাস পেয়েছে।

বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার গহনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকায় দাঁড়িয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সারা দেশে এই দামে সোনা বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনা ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এর আগে, গত ১৮ নভেম্বর সকালে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এছাড়া, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। এর আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা দাম কমানো হয়েছিল।

সব মিলিয়ে, দেশে টানা সাত দফায় সোনার দাম সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে। চলতি বছর, দেশের বাজারে বাজুস মোট ১৪০ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৪ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীবরদীতে ভাঙা কালভার্টে ৬ গ্রামের মানুষের দুর্ভোগ, সংস্কারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


শ্রীবরদীতে ভাঙা কালভার্টে ৬ গ্রামের মানুষের দুর্ভোগ, সংস্কারের দাবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যার পানির প্রবাহের কারণে রাস্তার ওপর নির্মিত একটি কালভার্টের একটি অংশ ভেঙে যাওয়ায় ছয় গ্রামের মানুষের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও কালভার্টটির মেরামতের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানা গেছে, শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের কাজির চর গ্রামের সড়কের ওপর অবস্থিত কালভার্টটির একটি অংশ বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে পাশের একটি পুকুরে পড়ে যায়। এর ফলে কালভার্টটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙনের পরিমাণ দিন দিন বাড়তে থাকায় পুরো কালভার্টটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, হেরুয়া বালুরঘাট, হেরুয়া তালুকপাড়া, পাঁচব্রিজ, কাজির চরসহ আশপাশের ছয় গ্রামের প্রায় আট থেকে দশ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এটি মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনের জন্যও।

হেরুয়া বালুরঘাট এলাকার বাসিন্দা দুদু মিয়া বলেন, "অটোরিকশায় করে কালভার্ট পার হওয়ার সময় সব সময় আতঙ্কে থাকতে হয়। মনে হয়, এই বুঝি কালভার্টটি ভেঙে পড়ল।" তিনি দ্রুত মেরামতের দাবি জানিয়ে বলেন, "যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।"

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কাজির চর’-এর সভাপতি আব্দুল আজিজ এবং হালগড়া গ্রামের রাফিদুল হক ও শাহিন মিয়া জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছেন। কালভার্টের বেহাল অবস্থার কারণে কৃষকরা উৎপাদিত পণ্য পরিবহনে সমস্যায় পড়ছেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানান।

খড়িয়া কাজির চর বিএম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাহফুজুর রহমান আঙুর বলেন, "এই সড়ক দিয়ে লংগড়পাড়া, পাঁচব্রিজ মোড়, যোগিনীমুড়া, আখের মামুদ বাজারসহ শেরপুর শহরে যাতায়াত করা হয়।" তিনি জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা অবস্থায় পড়ে থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি উপজেলা প্রকৌশল বিভাগ এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, "প্রতিদিন শতাধিক অটোরিকশা, ভটভটি, সাইকেল ও মোটরসাইকেল এ কালভার্ট দিয়ে চলাচল করে।" তিনি জানান, ভাঙন বাড়তে থাকায় যানবাহন চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কৃষক ও ব্যবসায়ীরা ধান, সারসহ প্রয়োজনীয় কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা এলজিইডির প্রকৌশলী মশিউর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, "কালভার্টটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা হবে। এ-সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ ও সম্ভাব্য প্রাণহানি এড়াতে আশ্বাসের বাস্তবায়ন করে দ্রুত কালভার্টটি সংস্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদুল্লাপুরে কৃষকরা চাহিদামতো সার পাচ্ছেন, রবি মৌসুমে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ এম


সাদুল্লাপুরে কৃষকরা চাহিদামতো সার পাচ্ছেন, রবি মৌসুমে স্বস্তি

গাইবান্ধার সাদুল্লাপুরে চলমান রবি মৌসুমে কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী রাসায়নিক সার পাচ্ছেন। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সার পাওয়ার ফলে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ইতোমধ্যে উপজেলার বনগ্রাম, ধাপেরহাট, দামোদরপুর, ফরিদপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে সরিষা, ভুট্টা, আগাম আলু, টমেটো, বেগুন, ফুলকপি, পাতাকপি সহ নানা ধরনের শাকসবজির আবাদ শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ১০৫ হেক্টর জমিতে আলু, ২ হাজার ১৪০ হেক্টর জমিতে সরিষা, ১ হাজার ৭৫ হেক্টর জমিতে ভুট্টা এবং ২ হাজার ৬০ হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায়, কৃষকরা জমি প্রস্তুত, বীজ বপন ও চারা রোপণসহ বিভিন্ন কৃষিকাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ মৌসুমে সার নিয়ে তেমন কোনো সংকট না থাকায় কৃষিকাজ স্বাভাবিকভাবে চলছে। কৃষকরা জানিয়েছেন, বর্তমানে তারা সরকার নির্ধারিত মূল্যে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি নভেম্বর মাসে উপজেলায় ৪৮৭ মেট্রিক টন ইউরিয়া, ৩০৭ মেট্রিক টন টিএসপি, ৯৭৩ মেট্রিক টন ডিএপি এবং ৪৫০ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বরাদ্দ হিসেবে আরও ১১০ মেট্রিক টন টিএসপি ও ১১০ মেট্রিক টন এমওপি সার পাওয়া গেছে। এসব বরাদ্দ কৃষকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিতরণ করা হচ্ছে।

উপজেলার ১১টি ইউনিয়নে সার বিতরণ কার্যক্রম পরিচালনায় ৩৮ জন রাসায়নিক সার ডিলার এবং ৪৩ জন কার্ডধারী খুচরা বিক্রেতা রয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন, যেসব ইউনিয়নে সারের চাহিদা বেশি, সেসব ইউনিয়নে আন্তঃসমন্বয়ের মাধ্যমে অতিরিক্ত সার সরবরাহ করা হয়েছে। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা জরিপের মাধ্যমে কৃষকদের চাহিদা নিরূপণ করছেন। পাশাপাশি প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করে সে অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে। ফলে চলতি মৌসুমে কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী সার পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড় ডিসি অফিসে বোমাসদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৯ এম


পঞ্চগড় ডিসি অফিসে বোমাসদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল এসআরবি

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেক্সের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবির বোম ডিসপোজাল ইউনিট প্রায় ১৬ ঘণ্টা পর এই বস্তুটি নিষ্ক্রিয় করে। তারা জানিয়েছেন, এটি একটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি বোম, যা আইইডি (Improvised Explosive Device) নামে পরিচিত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে এসআরবির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে নিরাপদ স্থানে বস্তুটি নিষ্ক্রিয় করেন। পরে এর ধ্বংসাবশেষ থেকে আওয়ামী লীগের জেলা কমিটির পক্ষ থেকে লোগো সংবলিত একটি ৮ দাবির স্মারকলিপি পাওয়া যায়।

তবে প্রশাসন তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানায়নি। প্রশাসনের দাবি, বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি চাদরে মুখ ঢেকে জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেস্কের কাছে হাতে তৈরি বোমাটি রেখে যায়। বিষয়টি নজরে আসার পর নিরাপত্তা জোরদার করা হয় এবং এসআরবি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

এসআরবি নীলফামারী-১৩-এর সহকারী পুলিশ সুপার তৌহিদ জানিয়েছেন, খবর পেয়ে তাদের বোম ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে যে এটি আইইডি বোম, যা অতটা ক্ষতিকারক নয়। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকারনাইন কবির বলেন, যে ব্যক্তি হাতে তৈরি বোমাটি রেখে গিয়েছিল, তার মুখ চাদর দিয়ে ঢাকা ছিল। তারা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তিনি বলেন, "আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। তারা উপস্থিতি জানানোর জন্য বা কোনো পরিবেশ তৈরি করার জন্য এটি করেছে।" তিনি আরও জানান, "এমন বস্তু দেখলে না ছুঁয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর অনুরোধ জানাচ্ছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%