প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যার পানির প্রবাহের কারণে রাস্তার ওপর নির্মিত একটি কালভার্টের একটি অংশ ভেঙে যাওয়ায় ছয় গ্রামের মানুষের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও কালভার্টটির মেরামতের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের কাজির চর গ্রামের সড়কের ওপর অবস্থিত কালভার্টটির একটি অংশ বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে পাশের একটি পুকুরে পড়ে যায়। এর ফলে কালভার্টটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙনের পরিমাণ দিন দিন বাড়তে থাকায় পুরো কালভার্টটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, হেরুয়া বালুরঘাট, হেরুয়া তালুকপাড়া, পাঁচব্রিজ, কাজির চরসহ আশপাশের ছয় গ্রামের প্রায় আট থেকে দশ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এটি মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনের জন্যও।
হেরুয়া বালুরঘাট এলাকার বাসিন্দা দুদু মিয়া বলেন, "অটোরিকশায় করে কালভার্ট পার হওয়ার সময় সব সময় আতঙ্কে থাকতে হয়। মনে হয়, এই বুঝি কালভার্টটি ভেঙে পড়ল।" তিনি দ্রুত মেরামতের দাবি জানিয়ে বলেন, "যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।"
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কাজির চর’-এর সভাপতি আব্দুল আজিজ এবং হালগড়া গ্রামের রাফিদুল হক ও শাহিন মিয়া জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছেন। কালভার্টের বেহাল অবস্থার কারণে কৃষকরা উৎপাদিত পণ্য পরিবহনে সমস্যায় পড়ছেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানান।
খড়িয়া কাজির চর বিএম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাহফুজুর রহমান আঙুর বলেন, "এই সড়ক দিয়ে লংগড়পাড়া, পাঁচব্রিজ মোড়, যোগিনীমুড়া, আখের মামুদ বাজারসহ শেরপুর শহরে যাতায়াত করা হয়।" তিনি জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি ভাঙা অবস্থায় পড়ে থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি উপজেলা প্রকৌশল বিভাগ এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, "প্রতিদিন শতাধিক অটোরিকশা, ভটভটি, সাইকেল ও মোটরসাইকেল এ কালভার্ট দিয়ে চলাচল করে।" তিনি জানান, ভাঙন বাড়তে থাকায় যানবাহন চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কৃষক ও ব্যবসায়ীরা ধান, সারসহ প্রয়োজনীয় কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা এলজিইডির প্রকৌশলী মশিউর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, "কালভার্টটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা হবে। এ-সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ ও সম্ভাব্য প্রাণহানি এড়াতে আশ্বাসের বাস্তবায়ন করে দ্রুত কালভার্টটি সংস্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন