শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০০ পি.এম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় আট গ্রামের ৩০ হাজার মানুষ বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করে নদী পারাপার করছেন। একটি সেতুর অভাবে তাদের এই দুর্ভোগের শেষ নেই। বর্ষাকালে নদী পার হতে হয় কলাগাছের ভেলায়, আর শুকনো মৌসুমে ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। এতে শিশু, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। স্বাধীনতার পর থেকে এমন পরিস্থিতির সম্মুখীন হলেও আজও নির্মাণ হয়নি একটি স্থায়ী সেতু।
স্থানীয়রা প্রতি বছর নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকোটি তৈরি ও মেরামত করেন। কিন্তু বছর ঘুরতেই সেটি নড়বড়ে হয়ে পড়ে। জীবিকার তাগিদে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয়।
বর্ষা মৌসুমে দুর্ভোগ বেড়ে যায়। নদীর পানি বৃদ্ধি পেলে সাঁকো ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় কলাগাছের ভেলায় নদী পার হতে হয়, যা বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
শিক্ষার্থী রুহুল আমিন জানান, "আমাদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও থাকে প্রতিনিয়ত।" শুধু মানুষের চলাচল নয়, এই সাঁকোর অভাবে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও বাধা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় কৃষক মোঃ শরিফুল বলেন, "উৎপাদিত ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য পীরগঞ্জ বাজারে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ।" ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় কৃষক ও সাধারণ মানুষকে। ভারী মালামাল নিয়ে নদী পারাপার আরও কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে উৎপাদিত পণ্য বাজারজাত করতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু আশ্বাস ছাড়া কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।
একটি স্থায়ী সেতু নির্মাণ হলে পীরগঞ্জ উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয়দের দাবি, ২ নম্বর কোষারানীগঞ্জ, ৩ নম্বর খনগাঁও ও বেগুনবাড়ি ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে ঘিউডোব ঘাটে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।
উন্নয়নের নানা অগ্রগতির মধ্যেও একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে হাজারো মানুষ এমন দুর্ভোগ পোহাচ্ছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একটাই প্রত্যাশা, আর কতদিন বাঁশের সাঁকোই হবে তাদের একমাত্র ভরসা? দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশাল শহরে ৩০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জলিল আকন (৩৫) নামের একজন ব্যক্তিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
আটকের সময় তার কাছ থেকে ‘আজকের মানবজমিন’ নামক একটি পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়। ওই পরিচয়পত্রে তিনি নিজেকে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের চাঁদমারী খেয়াঘাট সড়কে অবস্থিত গাজি স-মিলের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই স-মিলে অভিযান পরিচালনা করে। এ সময় জলিল আকনকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটক জলিল আকন পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল এলাকার মৃত মইনুদ্দিন আকনের ছেলে। তিনি বর্তমানে বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন।
বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া পত্রিকার পরিচয়পত্রের সত্যতা, পত্রিকাটির প্রকাশনা এবং প্রকাশক-সম্পাদক হিসেবে তার পরিচয়ের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে হাম এবং এর উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ৪১৯ জনের শরীরে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ৩০৪ জন মারা গেছেন। এদের মধ্যে নিশ্চিত হামে ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৮ জনে পৌঁছেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৪৭ রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও দুজনের মৃত্যু ঘটেছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন রোগী।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, যা সর্বাধিক। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনা বিভাগে ১৬০, বরিশাল বিভাগে ১৪৭, রাজশাহী বিভাগে ৮৯, ময়মনসিংহ বিভাগে ৭৬, রংপুর বিভাগে ৭৬ এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, যা দুই সিটি করপোরেশনসহ, ২৩৮ জন মারা গেছেন, যা মোট মৃত্যুর প্রায় অর্ধেক। বাকি মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ৩৯, বরিশাল বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৩০, রংপুর বিভাগে ৮ এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মীরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই পরীক্ষায় দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মীরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ১২৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসার প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রের ১৪টি হলরুমে ৩৪ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষার হল পরিদর্শন করেন।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি ছালেহ আহমদ ডিপটি। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া। এছাড়া দিলীপ কুমার বণিক আহ্বায়ক এবং সংস্থার সদস্য ফরহাদ হোসেন পরীক্ষা সচিবের দায়িত্ব পালন করেন।
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে উদয়ন ক্লাব নিয়মিত মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, উদয়ন ক্লাব ১৯৯৯ সালে স্বর্ণপদক অর্জন করে। এছাড়া ২০০১ সালে সংগঠনটি জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নির্বাচিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ