প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় আট গ্রামের ৩০ হাজার মানুষ বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করে নদী পারাপার করছেন। একটি সেতুর অভাবে তাদের এই দুর্ভোগের শেষ নেই। বর্ষাকালে নদী পার হতে হয় কলাগাছের ভেলায়, আর শুকনো মৌসুমে ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। এতে শিশু, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। স্বাধীনতার পর থেকে এমন পরিস্থিতির সম্মুখীন হলেও আজও নির্মাণ হয়নি একটি স্থায়ী সেতু।
স্থানীয়রা প্রতি বছর নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকোটি তৈরি ও মেরামত করেন। কিন্তু বছর ঘুরতেই সেটি নড়বড়ে হয়ে পড়ে। জীবিকার তাগিদে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয়।
বর্ষা মৌসুমে দুর্ভোগ বেড়ে যায়। নদীর পানি বৃদ্ধি পেলে সাঁকো ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় কলাগাছের ভেলায় নদী পার হতে হয়, যা বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
শিক্ষার্থী রুহুল আমিন জানান, "আমাদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও থাকে প্রতিনিয়ত।" শুধু মানুষের চলাচল নয়, এই সাঁকোর অভাবে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও বাধা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় কৃষক মোঃ শরিফুল বলেন, "উৎপাদিত ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য পীরগঞ্জ বাজারে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ।" ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় কৃষক ও সাধারণ মানুষকে। ভারী মালামাল নিয়ে নদী পারাপার আরও কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে উৎপাদিত পণ্য বাজারজাত করতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু আশ্বাস ছাড়া কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।
একটি স্থায়ী সেতু নির্মাণ হলে পীরগঞ্জ উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয়দের দাবি, ২ নম্বর কোষারানীগঞ্জ, ৩ নম্বর খনগাঁও ও বেগুনবাড়ি ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে ঘিউডোব ঘাটে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।
উন্নয়নের নানা অগ্রগতির মধ্যেও একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে হাজারো মানুষ এমন দুর্ভোগ পোহাচ্ছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একটাই প্রত্যাশা, আর কতদিন বাঁশের সাঁকোই হবে তাদের একমাত্র ভরসা? দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন