শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪২ পি.এম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম 'সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম'-এ অংশগ্রহণের জন্য পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক ফেডারেল মন্ত্রী ড. মুসাদিক মাসুদ মালিক পৌঁছেছেন। ২০২৩ সালের মে মাসের পর এটি পাকিস্তানের কোনো ফেডারেল মন্ত্রীর প্রথম ভারত সফর এবং ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর প্রথম উচ্চপর্যায়ের সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লির পুরানা কিলায় তিন দিনব্যাপী এই ফোরাম অনুষ্ঠিত হবে। এই উদ্যোগটি অঞ্চলটির অভিন্ন সভ্যতাগত ঐতিহ্য তুলে ধরা, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করার লক্ষ্যে ভারতের প্রস্তাব অনুযায়ী গৃহীত হয়েছে। ২০২৫ সালে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ধরনের একটি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করেছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর আমন্ত্রণে ড. মালিক এই ফোরামে অংশগ্রহণ করছেন। তিনি সভ্যতাগুলোর মধ্যে সংলাপের গুরুত্ব এবং কূটনীতিতে পাকিস্তানের অবদান তুলে ধরবেন। তাঁর বক্তব্যে এসসিওতে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা এবং দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সভ্যতাগত ঐতিহ্যও অন্তর্ভুক্ত থাকবে। 'সাংহাই স্পিরিট'-এর আলোকে সহযোগিতা ও বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের প্রতিনিধি দল বিভিন্ন থিম্যাটিক সেশনে অংশগ্রহণ করবে এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।
বর্তমানে পাকিস্তান ২০২৬–২৭ মেয়াদের জন্য এসসিও কাউন্সিল অব হেডস অব স্টেটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে এবং ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ভারতের এসসিও ন্যাশনাল কোঅর্ডিনেটর অলোক দিমরি প্রস্তুতিমূলক বৈঠকের জন্য ইসলামাবাদ সফর করেছিলেন।
২০২৫ সালের মে মাসের সামরিক সংঘাতের পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন এখনও বিদ্যমান এবং দ্বিপাক্ষিক যোগাযোগ মূলত এসসিওর মতো বহুপাক্ষিক ফোরামের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যদিও এই সফরের সময় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের ঘোষণা এখনও আসেনি, তবে আঞ্চলিক এই সংস্থার মঞ্চে এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য ডিপ্লোম্যাটিক ইনসাইট।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিক্ষা, সংস্কৃতি, খাদি ও মৃৎশিল্পের জেলা কুমিল্লাকে এক সময় ব্যাংক ও ট্যাংকের শহর বলে অভিহিত করা হতো। তবে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক সফলতা ও প্রসারের ফলে কুমিল্লা এখন হাসপাতালের শহর হিসেবে পরিচিত। হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই কুমিল্লায়।
রাজধানী ঢাকার বাইরের জেলায় হার্টের রোগীদের প্রাইমারি পিসিআই চিকিৎসায় আধুনিক ক্যাথল্যাব এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে হৃদরোগ চিকিৎসায় নতুন মাইলফলক স্পর্শ করেছে কুমিল্লা মর্ডান হসপিটাল। গত দুই বছরে এই হাসপাতালটি এক হাজারের বেশি হৃদরোগীর হার্টে সফলভাবে রিং (স্টেন্ট) স্থাপন করে হৃদরোগ চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করেছে কুমিল্লায়।
ঢাকার বাইরের একটি জেলায় হৃদরোগ চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ দিক প্রাইমারি পিসিআই স্থাপনের ক্যাথল্যাব সুবিধা সরেজমিনে দেখতে কুমিল্লা মডার্ন হসপিটালে প্রবেশ করেন দেশের অন্যতম কার্ডিওলজিস্টদের বিশেষজ্ঞ টিম।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলারের (বিএসসিভি) সভাপতি অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, এনআইসিভিডির একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ এবং বিএসসিভির মহাসচিব ডা. খন্দকার আসাদুজ্জামান কুমিল্লা মর্ডান হসপিটালের কার্ডিও ইউনিট পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন ও প্রাইমারি পিসিআই স্থাপন করা হবে এমন হৃদরোগীদের সঙ্গে আলোচনা করেন।
শুক্রবার দুপুরে কুমিল্লা মডার্ন হসপিটালের কনফারেন্স রুমে এক হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপনের সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বুলেটিনের মোড়ক উন্মোচন ও কেক কাটা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. আবুল বাশার।
স্বাগত বক্তব্যে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান জানান, ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ২০২৬ সালের ১৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালের ক্যাথল্যাবে ১ হাজারের বেশি প্রাইমারি পিসিআই সহ মোট ২ হাজার ৪৭৮টি চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হবে। তিনি হেল্পস্টার চ্যারিটির অর্থায়নে মডার্ন হাসপাতালে অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
অনুষ্ঠানে ঢাকা থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানান, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক চিকিৎসা নির্দেশনা অনুযায়ী, উপযুক্ত রোগীর ক্ষেত্রে দ্রুত প্রাইমারি পিসিআই সম্পন্ন করা জরুরি। এ ক্ষেত্রে হাসপাতালটির ক্যাথল্যাব সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাত্র দুই বছরে এক হাজারের বেশি হৃদরোগীর সফল হার্ট রিং স্থাপন কেবল একটি চিকিৎসাসংক্রান্ত পরিসংখ্যান নয়, বরং কুমিল্লা ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ও মাইলফলক। আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে হৃদরোগ চিকিৎসায় কুমিল্লার পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও এ অগ্রযাত্রা শুরু হোক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফেনী, ২০ নভেম্বর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন যে, বিগত ১৭ বছর ধরে তারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। মন্ত্রী বলেন, "জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। দেশের মানুষ বর্তমানে শান্তিতে রয়েছে।"
মন্ত্রী আরও উল্লেখ করেন, "আমরা শান্তিতে থাকতে চাই। যারা আইনগতভাবে নিষিদ্ধ, তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।"
আজ সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, "যারা অতীতে অত্যাচার-নির্যাতনে জড়িত ছিল এবং বর্তমানে বেআইনি কর্মকাণ্ড করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।"
তিনি সকলকে দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, "কথা বলার সময় কোথাও কোনো নাশকতার পরিকল্পনার খবর পাওয়ামাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানাচ্ছি।" দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কী হলো?"
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম সভাটি সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন ৪ বিজিবির অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন জসিম উদ্দিন, অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়েজুল আজিম নোমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক সায়মুন হক রাজিব এবং শ্রমিক দল নেতা জসিম উদ্দিন প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের নতুন বিয়ের খবর শোনার পর অন্তঃসত্ত্বা প্রেমিকা স্ত্রীর দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছেন। তবে এই খবর পাওয়ার পর নববধূকে নিয়ে গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত ওমর ফারুক।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে প্রেমিক ওমর ফারুকের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী নারী বোরকা ও নেকাব পরিহিত অবস্থায় বসতঘরের সামনে একটি চেয়ারে বসে আছেন। কিন্তু ওমর ফারুককে বাড়িতে পাওয়া যায়নি। ভুক্তভোগী নারীর অভিযোগ, মোবাইল ফোনের মাধ্যমে তিনি ওমর ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফারুক নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একসময় সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
ভুক্তভোগী নারী আরো জানান, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফারুক অন্যত্র বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে ওঠেন। এই খবর জানার পর তিনি বারবার ফারুকের মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। কোনো উপায় না পেয়ে গতকাল রাত ১০টার দিকে সন্তানের পিতৃপরিচয় ও বিয়ের দাবিতে তিনি ফারুকের বাড়িতে এসে অবস্থান নেন।
অভিযুক্তের বাবা নিজাম উদ্দিনও গা ঢাকা দিয়েছেন। বাড়িতে ছিলেন ওমর ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার। তিনি জানান, তার দেবরকে পারিবারিকভাবে বিয়ে করিয়ে নতুন বউকে বাড়িতে তুলে আনা হয়। এরই মধ্যে রাতের বেলায় এক নারী এসে দাবি করেন, তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে। কিন্তু দাবির স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে ওই নারী চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিলে পরিস্থিতি এড়াতে দেবর তার নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
প্রতিবেশীরা জানান, দুপুরে ফারুক নববধূকে নিয়ে বাড়িতে এলে পরিবারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে রাতেই এক নারী বাড়িতে এসে দাবি করেন, তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে। এই ঘটনার পরপরই পুরো পরিস্থিতি বদলে যায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই মধ্যে ফারুকের বাবাসহ নববধূকে নিয়ে ফারুক আত্মগোপনে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগ অনুযায়ী পুরো ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর এলাকায়, তাই ভুক্তভোগীকে সেখানেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) অভিযোগ করেছে যে, ভারতের চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার আড়ালে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। কমিশন জানিয়েছে, দেশব্যাপী এই সংশোধনী অভিযানে কয়েক কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং অনেক ভারতীয় মুসলিমকে ‘বিদেশি’ আখ্যা দিয়ে অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।
কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, “ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম কেটে দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে এবং এখন অবৈধভাবে দেশ থেকে বিতাড়িত করছে।” তিনি আরও উল্লেখ করেছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলার পর থেকেই এই ধরপাকড় ও দমন-পীড়ন জোরদার হয়েছে।
গত ২ নভেম্বর অমিত শাহ দাবি করেছিলেন, বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া ৩ কোটি ভোটারই ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’। এরপর ৫ নভেম্বর হরিয়ানার এক নির্বাচনী সমাবেশে তিনি আরও একধাপ এগিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরবর্তীতে তাদের একজন একজন করে ধরে দেশ থেকে বের করে দেওয়াই বিজেপির সংকল্প।
ভারতের ইতিহাসে এবারই সবচেয়ে বড় আকারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ১৩ কোটি নাম কাটা পড়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দুই ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৭ কোটি ২০ লাখ নাম বাদ দেওয়া হয়। চলমান তৃতীয় ধাপে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এখন পর্যন্ত আরও ৬ কোটি ১৬ লাখ নাম কাটা হয়েছে।
২০২৫ সালে বিহারে এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয় এবং ২০২৬ সালে এসে তা বিস্তৃত হয়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বৈষম্যের শিকার হওয়া ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরাই এই ছাঁটাইয়ের প্রধান শিকার হচ্ছেন।
কলকাতাভিত্তিক গবেষণা সংস্থা ‘সাবার ইনস্টিটিউট’-এর তথ্যমতে, চলতি বছরের শুরুর দিকে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ ভোটারের নাম কাটা হয়েছিল। নিবিড় পর্যালোচনায় বাদ পড়া ২৭ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশই ছিলেন মুসলিম, অথচ রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের হার ২৭ শতাংশ। ওই নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। সংস্থার প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ক্ষমতাসীনদের প্রতি অসন্তোষ থাকলেও পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।
ভোটার তালিকা থেকে বাদ ও বাংলাদেশে পুশ-ইনভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি কোনো ব্যক্তির বিদেশি হওয়ার প্রমাণ না হলেও এটিকে অবৈধ অভিবাসী শনাক্ত ও বিতাড়নের অভিযানের সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। গত মে মাসে ভারতের সুপ্রিম কোর্ট এই সংশোধনী প্রক্রিয়ার বৈধতা দিলেও স্পষ্ট জানিয়েছিলেন, এর অর্থ এই নয় যে নির্বাচন কমিশন কারও ভারতীয় নাগরিকত্ব নির্ধারণ করতে পারবে।
তবুও বিজেপি-শাসিত রাজ্যগুলোতে তালিকা থেকে বাদ পড়াদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে এবং পুলিশ পাসপোর্ট নবায়নের অনুমতি দিচ্ছে না। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক, জিজ্ঞাসাবাদ বা বিতাড়নের শিকার হওয়া ১০টি পরিবারের সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। তাদের সবার কাছেই ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথিপত্র ছিল, এমনকি তাদের বাবা-মা ও ভাইবোনদের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে।
৩৮ বছর বয়সী সাহিদা ফকির একজন ভুক্তভোগী। তিনি গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়েছিলেন। তিন মাস পর তাকে বাংলাদেশের একটি গ্রামে আশ্রয় নিতে হয়েছে, স্বামী ও দুই সন্তান থেকে বিচ্ছিন্ন অবস্থায়। সাহিদার অভিযোগ, সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করে—যেখানে তার পরিচয়পত্রের কপি ছিল—এবং পরে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আদালতের নথিতে দেখা গেছে, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্য ছিলেন।
নথিপত্র অনুযায়ী, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন এবং ২০০৮ সাল থেকে সাহিদার নিজের নামও তালিকায় ছিল। তার পরিবার গত আগস্টে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করে জানিয়েছে, কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অজুহাতে কাউকে দেশছাড়া করা যায় না।
এছাড়া কলকাতা হাইকোর্টে দায়ের করা অপর এক আবেদনে বাসন বিক্রেতা নাসিরউদ্দিন শেখসহ পাঁচজন জানিয়েছেন, বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে পুলিশ তাদের আটক করে ‘বাংলাদেশি’ বলে আখ্যা দিয়েছে।
‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার দাবি
মার্কিন কমিশনের কমিশনার জিন মিলস মন্তব্য করেছেন, ধর্মীয় পরিচয়ের কারণে নিজ দেশের নাগরিকদের বিতাড়িত করার ঘটনা সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার এক ভয়াবহ নজির। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন, ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘনের দায়ে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে তালিকাভুক্ত করতে।
এর আগে বুধবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসওম্যান প্রমিলা জয়পালও খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।
নয়াদিল্লির প্রতিক্রিয়া
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফ-কে বরাবরই ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে আসছে এবং এ ধরনের মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। গত ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত কমিশনকে অন্যদের উপদেশ না দিয়ে নিজেদের ‘কুসংস্কার’ নিয়ে আত্মসমালোচনা করার আহ্বান জানান।
অন্যদিকে ভারতের নির্বাচন কমিশন দাবি করেছে, মৃত, স্থানান্তরিত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দিতেই এই সংশোধনী চালানো হয়েছে এবং কারও নাম ভুলবশত বাদ পড়লে আপিলের মাধ্যমে তা পুনরায় যুক্ত করার সুযোগ রয়েছে।
এছাড়া ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ২ অক্টোবর থেকে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। তবে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সূত্র: রয়টার্স।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ