ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ইসরায়েল-মার্কিন অভিযানে সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেবে ইরান


ইসরায়েল-মার্কিন অভিযানে সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেবে ইরান

তেহরান সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যদি কোনো দেশ সামরিক, নৌ বা রসদ সহায়তা প্রদান করে, তাহলে সেটিকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে। ইরান জানিয়েছে, এ ধরনের সহায়তা প্রদানকারী দেশগুলো অভিযানে অংশগ্রহণকারী হিসেবে দায়ী হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ সতর্কবার্তা দেন। তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উল্লেখ করে অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে জড়িত না হওয়ার আহ্বান জানান।

বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বা অর্থনৈতিক চাপ প্রয়োগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করা শত্রুতামূলক এবং বেআইনি কাজ হিসেবে গণ্য হবে। এ ধরনের কর্মকাণ্ডে নৌবাহিনী মোতায়েন, সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহ এবং সেনাসদস্য পাঠানোর মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি অবরোধে গাজার তাঁবুতে শীতবস্ত্রের অভাবে ৯ মাসের শিশুর মৃত্যু

তিনি দাবি করেন, এই ধরনের কার্যক্রম জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা লঙ্ঘন করে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে বর্ণিত আগ্রাসনের সংজ্ঞার আওতায় পড়ে।

বাঘাই মন্তব্য করেন, নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা বা জলদস্যুতা প্রতিরোধের মতো কারণ দেখিয়েও এ ধরনের সহায়তাকে বৈধতা দেওয়া যাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় চুক্তি বা প্রতিশ্রুতি কোনো দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে থাকা দায়িত্ব লঙ্ঘনের অধিকার দেয় না।

পোস্টের শুরুতে একটি কোরীয় প্রবাদ উল্লেখ করে বাঘাই লেখেন, ‘সারসের পেছনে উড়তে গিয়ে চড়ুই একসময় নিজের পা ভেঙে ফেলে।’ এই প্রবাদ উদ্ধৃত করে তিনি অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা দেওয়া থেকে সতর্ক করেন।

বাঘাই আরও বলেন, যে দেশই যেকোনোভাবে এ ধরনের সামরিক অভিযানে অংশ নেবে, তাদেরকে এর ফলে সৃষ্ট পরিণতির জন্য দায় নিতে হবে।

আরও পড়ুন: ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার স্থানীয় সময় সেলেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তাদের ওপর সম্ভাব্য হামলা নিয়ে ইরানকে সতর্ক করেছেন। ইরান যদি কোনো মার্কিন কর্মকর্তাকে হত্যা করে, তাহলে কী ঘটবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা আর বেঁচে থাকবে না।’ তিনি জানান, এমন পরিস্থিতিতে সামরিক শক্তি ব্যবহারে তাঁর কোনো দ্বিধা থাকবে না।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ছে। তথ্যসূত্র: এএনআই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছে। তারা জানায়, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে শুক্রবার (১৩ নভেম্বর) এসব তথ্য প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে একটি বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যদি ইরানের আকাশসীমায় উসকানিমূলক কার্যক্রম বন্ধ না করা হয়, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

ফার্স সংবাদ সংস্থার দাবি, ইরানের মহাকাশ বাহিনী বাহরাইনের রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে ওই ঘাঁটিতে হামলা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে আগামী সোমবার ২৮ ডিসেম্বর (সোমবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নাগরিক সমাজের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হচ্ছে।

স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকও এতে অংশগ্রহণ করবেন।

স্মরণসভাকে স্মরণীয় করে তোলার জন্য বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে লেখার জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে খালেদা জিয়ার ভূমিকা এবং তার অর্থনৈতিক দর্শন।

এছাড়া নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; তার সঙ্গে প্রত্যক্ষ স্মৃতিচারণ ও জীবনের অজানা অধ্যায়; সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব পালনে তার ভূমিকা; জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতিচারণ এবং তার নান্দনিকতা, রুচিবোধ ও ব্যক্তিত্বের বিভিন্ন দিকও স্মারকগ্রন্থে স্থান পাবে।

স্মারকগ্রন্থে খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন, নেতৃত্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ, রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং রাজনৈতিক আপসহীনতার ইতিহাস তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থ, আঞ্চলিক ভূরাজনীতিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ, নারীশিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন, বেসরকারি খাত, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার দর্শন ও নীতিও লেখার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বিরোধী দলের ভূমিকা, নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সংবাদপত্রের সঙ্গে তার সরকারের সম্পর্ক ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা নিয়েও লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি, রাজনৈতিক জীবনের অজানা ঘটনা, রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার, আমলাতন্ত্র, জবাবদিহি ও সুশাসনসংক্রান্ত অভিজ্ঞতার পাশাপাশি জীবনের শেষ সময়ের চিকিৎসা, পারিবারিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তার অবস্থান এবং রুচিবোধ, সৌন্দর্যচেতনা, আত্মমর্যাদাবোধ ও মানবিক গুণাবলির বিষয়গুলোও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনাসদস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনাসদস্য

তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় চার সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে দেশটির মালাতিয়া প্রদেশের সামানকয় এলাকায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মালাতিয়া প্রদেশের ইয়েশিলইউর্ত জেলার সামানকয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এস-৭০ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে, এর বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন। বিবৃতিতে তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তথ্যসূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আমির হামজা

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে: মুফতি আমির হামজা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে: মুফতি আমির হামজা

ঝিনাইদহের কালীগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি আলোচক মুফতি আমির হামজা। তিনি মন্তব্য করেছেন যে, "বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না।"

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।

আমির হামজা কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হওয়ার কথা উল্লেখ করে লেখেন, "প্রিয় ঝিনাইদহবাসী, আজ (শুক্রবার) আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে।"

তিনি আরও লেখেন, "মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ। জনগণের সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের।"

ঝিনাইদহবাসীর উদ্দেশে আমির হামজা বলেন, "আমি আসছি, আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম। সত্যের পথ কখনো বাধামুক্ত হয় না, কিন্তু সত্যের প্রতি অবিচল থাকাই আমার অঙ্গীকার।"

এদিকে, বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তার পর বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আমির হামজার মাহফিল আয়োজনে বিএনপি-জামায়াত একমত হয়েছে। উপজেলা প্রশাসনের সমঝোতায় বৃহস্পতিবার রাত ১১ টায় কালীগঞ্জ থানায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমীর ওলিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব বলেন, "কুরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সহযোগিতা করবে।"

এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপরই কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%