ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির


বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার ফলে রাডারটি ধ্বংস হয়েছে বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে, এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রোববার (১৫ নভেম্বর) আইআরজিসির একটি বিবৃতি উদ্ধৃত করে ইরান-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে। একই দিনে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে একাধিক সতর্কতা জারি করে নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার জন্য আহ্বান জানায়।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, তাদের বিমানবাহিনী রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠিয়েছে। তারা দাবি করেছে যে হামলায় লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং রাডারটি ধ্বংস হয়েছে। তবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কিংবা বাহরাইনের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে, সম্ভাব্য হুমকির ধরন বা উৎস সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে, গত শুক্রবার আইআরজিসি বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার ধ্বংসের দাবি করেছিল। তবে সেন্টকম ওই দাবি প্রত্যাখ্যান করে জানায় যে, বাহরাইনের দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন মার্কিন বাহিনী দ্বারা ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও তারা জানায়।

নতুন বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে যে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এই জলপথে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও ভয়াবহভাবে দেওয়া হবে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যস্ত গদাধর, সড়ক বিলীন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যস্ত গদাধর, সড়ক বিলীন

কুশিয়ারা নদীর ভাঙনের ফলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামের মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙনের কারণে সড়কগুলি বিলীন হয়ে গেছে। এর ফলে মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। নতুন করে মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীভাঙন থেকে গ্রামটিকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে নতুন বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে কুশিয়ারা নদীর তীরবর্তী প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য ও ১০০ ফুট প্রস্থের একটি এলাকা ধসে পড়েছে। এর ফলে নদীতীরবর্তী সড়কের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক নেই। ভাঙন অব্যাহত থাকলে আশপাশের অন্যান্য এলাকাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

গদাধর গ্রামে নদীভাঙনের ঝুঁকি একটি স্থানে সীমাবদ্ধ নেই। স্থানীয়দের তথ্যমতে, আসুক আহমদের বাড়ির সামনে, ডা. আব্দুল হালীমের বাড়ির সামনে, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার সামনে, ডা. আব্দুল আজিজের বাড়ির সামনে এবং আলাই মিয়ার বাড়ির সামনেও ভাঙনের স্পট রয়েছে। গত কয়েক বছরে এসব স্থানে বড় ধরনের ভাঙন ঘটেছে।

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম বলেন, ‘পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। মানুষের চলাচলের রাস্তা নেই। নতুন বেড়িবাঁধ নির্মাণ জরুরি।’ তিনি আরও বলেন, পুরো গ্রামে গত কয়েক বছরে বড় বড় কয়েকটি ভাঙন স্পট তৈরি হয়েছে।

নদীভাঙনের কারণে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল এবং যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সড়ক বিলীন হয়ে যাওয়ার কারণে মানুষের চলাচলে বিকল্প পথের সংকট দেখা দিয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে অবশিষ্ট সড়ক, বসতবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ বলেন, ‘বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা দ্রুত সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা উচিত। একই সঙ্গে জরুরি ভিত্তিতে নতুন বেড়িবাঁধ নির্মাণ এবং স্থায়ী নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আপৎকালীন বিকল্প সড়কের ব্যবস্থা করারও দাবি উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজিমপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্যকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


আজিমপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্যকে গ্রেফতার

 রাজধানী ঢাকা শহরের আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানার পুলিশ।

গ্রেফতার হওয়া সদস্যরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) এবং মো. মফিজুল ইসলাম (৫০)।

আজকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতরা ১৩ নভেম্বর লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিছিলের আয়োজন এবং তাতে অংশগ্রহণ করেন। পরে ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে ১১ মাসে সিএনজির দাম ৮ বার বেড়ে ৯১.৫০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


মুম্বাইয়ে ১১ মাসে সিএনজির দাম ৮ বার বেড়ে ৯১.৫০ রুপি

ভারতের মুম্বাই এবং এর আশপাশের অঞ্চলে আবারও বৃদ্ধি পেয়েছে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম। প্রতি কেজিতে ১ দশমিক ৫০ রুপি বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ দশমিক ৫০ রুপি।

শনিবার (১৪ নভেম্বর) গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল) দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ে প্রতি কেজি সিএনজির দাম ছিল ৮০ দশমিক ৫০ রুপি। সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে ১১ মাসের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১১ রুপি, যা প্রায় ১৪ শতাংশ।

এমজিএল এই বছর মোট আটবার সিএনজির দাম বাড়িয়েছে। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে অটোরিকশা ও ট্যাক্সিচালকদের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতে সিএনজি ব্যবহারকারীদের ওপর। জ্বালানি খরচ বাড়ার কারণে তাদের মাসিক ব্যয়ও বৃদ্ধি পাবে।

এমজিএলের দাবি, গ্যাস সংগ্রহের ব্যয় বেড়ে যাওয়ার কারণে দাম সমন্বয় করতে হয়েছে। প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, দেশে উৎপাদিত গ্যাসের বরাদ্দ কমে যাওয়া এবং ব্যয়বহুল আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতা বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।

এছাড়াও, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সম্পর্ক থাকায় আমদানি করা পুনরায় গ্যাসে রূপান্তরিত তরল প্রাকৃতিক গ্যাসের (আরএলএনজি) ব্যবহার বাড়ানোর ফলে সিএনজি উৎপাদনের ব্যয় বেড়েছে। একই সঙ্গে সিএনজির চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, উৎপাদন ও সংগ্রহ ব্যয়ের বাড়তি চাপের একটি অংশ গ্রাহকদের ওপর সমন্বয় করতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে সিএনজির নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।

এমজিএল আরও জানিয়েছে, ব্যয় কমানোর বিভিন্ন উপায় খুঁজে দেখা হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুকনো মৌসুমেও মেঘনায় ভাঙন থামছে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


শুকনো মৌসুমেও মেঘনায় ভাঙন থামছে না

বয়ারচরের তিন দিকে দুই নদী রয়েছে। এক দিকে মেঘনা এবং অন্য দিকে ভুলুয়া। এই চরাঞ্চলটি নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি অঞ্চলের সীমান্তবর্তী অবস্থানে রয়েছে, কিন্তু নদীর ভাঙনে বর্তমানে চরটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত দুই দশকে নদীতীরে বয়ারচরের প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ অংশ নদীগর্ভে চলে গেছে। এর ফলে ফসলি জমি, বসতঘর, দোকানপাট ও সড়ক নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, যদি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ না নেয়া হয়, তাহলে অল্প সময়ের মধ্যে চরটি সম্পূর্ণরূপে হারিয়ে যাবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বয়ারচরে জনবসতি গড়ে ওঠা প্রসঙ্গে চরের অন্তত ১০ জন প্রবীণের সঙ্গে আলাপ করা হয়। তারা জানান, ১৯৫০ দশকের শেষদিকে নোয়াখালীর হাতিয়ার মূল ভূখণ্ড ও লক্ষ্মীপুরের রামগতির বিভিন্ন অংশ মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। ১৯৭০ সালের দিকে সেখানে চর জেগে ওঠে, যার নামকরণ করা হয় বয়ারচর।

আশির দশক থেকে মেঘনার ভাঙনে সর্বস্ব হারানো হাজার হাজার পরিবার বয়ারচরে এসে বসবাস শুরু করে। এটি শুরুতে ছিল দুর্গম ও বনজঙ্গলে ঘেরা, যেখানে পরে মানুষের শ্রমে কৃষিব্যবস্থা ও জনপদ গড়ে উঠেছিল।

২০০২ সালের দিকে 'চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট' বা সিডিএসপি-২ প্রকল্পের অধীনে বয়ারচরের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নের প্রস্তুতি শুরু হয়। ২০০৫ সাল থেকে এখানে পুরোদমে দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতে থাকে।

চরের বাসিন্দারা জানান, হাতিয়া ও রামগতির মধ্যকার সীমানা সংক্রান্ত প্রশাসনিক বিরোধের কারণে বয়ারচরে উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এক সময় প্রায় তিন লাখ মানুষের কোলাহলে মুখর ছিল চরটি, কিন্তু নদীভাঙনে বসতি কমে গেছে। তবে এখনো লক্ষাধিক মানুষের বসবাস এ চরে রয়েছে।

গত বর্ষা মৌসুমে রামগতি ব্রিজঘাট থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে যায়। স্লুইস গেট এলাকার বাঁধ ভেঙে দুই শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের শঙ্কা, যদি এভাবে ভাঙন চলতে থাকে, তাহলে আগামী বর্ষার আগেই বয়ারচরের বাকি অংশও নদীতে মিশে যাবে।

ভাঙনে বাস্তুভিটাহারা নারী-পুরুষরা জানান, একাধিকবার ভাঙনের শিকার হয়েছেন তারা। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা না নিলে জনবসতিপূর্ণ এ চরের অবশিষ্ট জমি, মানুষের জানমাল ও কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি স্থাপনা অচিরেই নদীতে তলিয়ে যাবে।

ভুক্তভোগীরা বলছেন, বর্ষা শেষে এখন শুকনো মৌসুমেও মেঘনা নদী রুদ্র রূপ ধারণ করেছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সীমানা বিরোধের অজুহাতে দুই উপজেলার কেউই এলাকাটির উন্নয়ন ও নাগরিক সেবার দায়িত্ব নিচ্ছে না। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব ক্ষেত্রেই দীর্ঘদিনের অবহেলিত চরের বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, রামগতি সদরের সঙ্গে একটি সড়ক যোগাযোগ থাকলেও তা দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে উত্তাল নদীপথই হয়ে ওঠে যাতায়াতের প্রধান ভরসা। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সময় চরটি অরক্ষিত হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, কাঁচা সড়ক, পুল-কালভার্টসহ অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক অনীহার কারণে তাদের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি জলদস্যু, অবৈধ দখলদার ও ডাকাতদলের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় থাকে সারা বছর। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও নারী নির্যাতনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রোকসানা আক্তারের ভাষ্য অনুযায়ী, তারা একে একে তিনবার মেঘনা নদীর ভাঙনের শিকার হয়েছেন। ফসলি জমি ও বসতঘর হারিয়ে এখন কোনোরকম টিনের ঘর তুলে বসবাস করছেন।

আব্দুল কাদের নামের আরেক বাসিন্দা বলেন, বয়ারচরের মানুষের শেষ সম্বলটুকু নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পাউবো কর্তৃপক্ষ দয়া করে এ চরের মানুষের বসবাসের জন্য টেকসই বাঁধের ব্যবস্থা করলে তারা উপকৃত হন।

রাশেদুল ইসলাম আজিজ বলেন, এখন তো আর জনপ্রতিনিধিদের ভোটের প্রয়োজন নেই, আবার যখন প্রয়োজন হবে, তখন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে আসবেন তারা। নেতাদের কথা বিশ্বাস করে ভোট দিয়ে বয়ারচরের মানুষ বার বার প্রতারিত হচ্ছে।

স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ ফরিদ বলেন, ‘আদালতের রায়ে বয়ারচর রামগতি উপজেলার অংশ হিসেবে স্বীকৃতি পেলেও বাস্তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।’

তিনি বলেন, ‘নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি মিললেও পরে আর কার্যকর উদ্যোগ দেখা যায় না। এখন নদীভাঙনে আমরা চরের বাসিন্দারা দিশাহারা। দ্রুত আমাদের এ চরকে রক্ষার দাবি জানাই।’

চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইব্রাহিম খলিল দিদার বলেন, এভাবে চলতে থাকলে অবহেলিত জনপদ বয়ারচর হয়তো অল্প সময়ে দেশের মানচিত্র থেকে মুছে যাবে। ২০-২২ হাজার পরিবারের ভিটেমাটি রক্ষায় কার্যকর পদক্ষেপ চান তিনি।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, মেঘনার ব্যাপক ভাঙনের মুখে পড়েছে বয়ারচর। ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নিতে সবুজপাতা নামের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটিতে বয়ারচর রক্ষায় ৯২০ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%