০১:১২ পি.এম
কুশিয়ারা নদীর ভাঙনের ফলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামের মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙনের কারণে সড়কগুলি বিলীন হয়ে গেছে। এর ফলে মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। নতুন করে মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীভাঙন থেকে গ্রামটিকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে নতুন বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে কুশিয়ারা নদীর তীরবর্তী প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য ও ১০০ ফুট প্রস্থের একটি এলাকা ধসে পড়েছে। এর ফলে নদীতীরবর্তী সড়কের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক নেই। ভাঙন অব্যাহত থাকলে আশপাশের অন্যান্য এলাকাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
গদাধর গ্রামে নদীভাঙনের ঝুঁকি একটি স্থানে সীমাবদ্ধ নেই। স্থানীয়দের তথ্যমতে, আসুক আহমদের বাড়ির সামনে, ডা. আব্দুল হালীমের বাড়ির সামনে, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার সামনে, ডা. আব্দুল আজিজের বাড়ির সামনে এবং আলাই মিয়ার বাড়ির সামনেও ভাঙনের স্পট রয়েছে। গত কয়েক বছরে এসব স্থানে বড় ধরনের ভাঙন ঘটেছে।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম বলেন, ‘পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। মানুষের চলাচলের রাস্তা নেই। নতুন বেড়িবাঁধ নির্মাণ জরুরি।’ তিনি আরও বলেন, পুরো গ্রামে গত কয়েক বছরে বড় বড় কয়েকটি ভাঙন স্পট তৈরি হয়েছে।
নদীভাঙনের কারণে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল এবং যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সড়ক বিলীন হয়ে যাওয়ার কারণে মানুষের চলাচলে বিকল্প পথের সংকট দেখা দিয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে অবশিষ্ট সড়ক, বসতবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ বলেন, ‘বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা দ্রুত সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা উচিত। একই সঙ্গে জরুরি ভিত্তিতে নতুন বেড়িবাঁধ নির্মাণ এবং স্থায়ী নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আপৎকালীন বিকল্প সড়কের ব্যবস্থা করারও দাবি উঠেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন