প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের মুম্বাই এবং এর আশপাশের অঞ্চলে আবারও বৃদ্ধি পেয়েছে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম। প্রতি কেজিতে ১ দশমিক ৫০ রুপি বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ দশমিক ৫০ রুপি।
শনিবার (১৪ নভেম্বর) গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল) দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ে প্রতি কেজি সিএনজির দাম ছিল ৮০ দশমিক ৫০ রুপি। সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে ১১ মাসের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১১ রুপি, যা প্রায় ১৪ শতাংশ।
এমজিএল এই বছর মোট আটবার সিএনজির দাম বাড়িয়েছে। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে অটোরিকশা ও ট্যাক্সিচালকদের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতে সিএনজি ব্যবহারকারীদের ওপর। জ্বালানি খরচ বাড়ার কারণে তাদের মাসিক ব্যয়ও বৃদ্ধি পাবে।
এমজিএলের দাবি, গ্যাস সংগ্রহের ব্যয় বেড়ে যাওয়ার কারণে দাম সমন্বয় করতে হয়েছে। প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, দেশে উৎপাদিত গ্যাসের বরাদ্দ কমে যাওয়া এবং ব্যয়বহুল আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতা বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।
এছাড়াও, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সম্পর্ক থাকায় আমদানি করা পুনরায় গ্যাসে রূপান্তরিত তরল প্রাকৃতিক গ্যাসের (আরএলএনজি) ব্যবহার বাড়ানোর ফলে সিএনজি উৎপাদনের ব্যয় বেড়েছে। একই সঙ্গে সিএনজির চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, উৎপাদন ও সংগ্রহ ব্যয়ের বাড়তি চাপের একটি অংশ গ্রাহকদের ওপর সমন্বয় করতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে সিএনজির নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।
এমজিএল আরও জানিয়েছে, ব্যয় কমানোর বিভিন্ন উপায় খুঁজে দেখা হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন