০৫:২৭ পি.এম
দেয়ালের গুলির ক্ষত রয়েছে। ছাদের ওপর জন্মেছে আগাছা। কিছু জায়গায় পলেস্তারা খসে পড়ছে, আবার কোথাও ফাটল ধরেছে। একসময় যে বাড়িটি ছিল জমিদারি প্রতিপত্তির প্রতীক, বর্তমানে সেটি ধ্বংসের প্রহর গুনছে। প্রায় ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটির দিকে নজর দেওয়ার যেন কেউ নেই। অথচ এর দেয়ালে এখনো মুক্তিযুদ্ধের রক্তাক্ত স্মৃতি বিদ্যমান।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের শেওড়া গ্রামে কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরনো এই স্থাপনাটি স্থানীয়ভাবে কান্তরাম জমিদারবাড়ি নামে পরিচিত। এক সময়ের জমিদারি প্রতিপত্তির প্রতীক হিসেবে পরিচিত এই বাড়িটি এখন নিঃসঙ্গতা ও অবহেলার চিহ্নে পরিণত হয়েছে।
স্থানীয় ইতিহাস ও জমিদার পরিবারের বংশধরদের কাছ থেকে জানা যায়, অষ্টাদশ শতকের শুরুর দিকে গহিন সুন্দরবন পরিষ্কার করে কান্তরাম মণ্ডল সেখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। তার জমিদারি প্রায় দুই হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত ছিল। সে সময় কপোতাক্ষ নদে জলদস্যুদের উৎপাত ছিল বেশ লক্ষণীয়। কান্তরাম মণ্ডল ও তার বংশধরেরা দস্যুদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। নদী ও জনপদ ঘিরে সেই ক্ষমতার ইতিহাস আজও টিকে আছে জরাজীর্ণ বাড়িটির অস্তিত্বে।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
বাড়িটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায় হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ওই সময় স্থাপনাটি ব্যাপক লুটপাটের শিকার হয়। বাড়ির দেয়ালে এখনো অসংখ্য গুলির চিহ্ন ছড়িয়ে রয়েছে। দেয়ালের সেই ক্ষত যেন একাত্তরের সহিংসতার নীরব দলিল। অথচ মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এই স্থাপনাটিও আজ সংরক্ষণের বাইরে রয়েছে।
জমিদার পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি অশ্বিনী মণ্ডল, যিনি কান্তরাম মণ্ডলের একমাত্র জীবিত নাতি, তার বয়স এখন প্রায় ৯০ বছর। বার্ধক্যের কারণে তার স্মৃতিশক্তি কিছুটা কমে এলেও তিনি পরিবারের অতীত ইতিহাসের নানা তথ্য দিয়েছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি বাড়িটির দায়িত্ব নিয়ে সংরক্ষণের উদ্যোগ নেয়, তবে তার কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, ভবনের চারপাশে আগাছা জন্মেছে। দ্বিতীয় তলার ছাদে ধরেছে ভাঙন। ভবনের ১০টি কক্ষের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। দেয়াল ও ছাদের ফাঁকে গাছপালা জন্মেছে। কোথাও খসে পড়ছে ইট ও সুরকি। ভবনের দেয়ালের বিভিন্ন অংশে এখনো লেগে আছে একাত্তরের গুলির ক্ষত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থাপনাটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
বাগালীর শেওড়া গ্রামের বাসিন্দা আমজেদ হোসেন জানিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা কান্তরাম জমিদারবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করেছে। সেই হামলার সাক্ষ্য বহন করছে বাড়ির দেয়ালে থাকা অসংখ্য গুলির চিহ্ন। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেয়ালের সেই ক্ষত আজও মুছে যায়নি।
আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন
তিনি বলেন, অযত্ন আর অবহেলায় ঐতিহাসিক স্থাপনাটি এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। সংস্কার নেই, সংরক্ষণের উদ্যোগ নেই, নেই প্রত্নতাত্ত্বিক স্বীকৃতির দৃশ্যমান কোনো তৎপরতা।
স্থানীয় বাসিন্দারা জানান, কান্তরাম জমিদারবাড়ি কেবল একটি পুরোনো ভবন নয়; এটি কয়রার আঞ্চলিক ইতিহাস, জমিদারি ব্যবস্থার স্মৃতি এবং মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ প্রচার-প্রচারণা ও সরকারি উদ্যোগের অভাবে স্থাপনাটি লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে।
তাদের আশঙ্কা, দেয়ালের গুলির ক্ষত হয়তো ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে, কিন্তু ছাদ ও দেয়াল ভেঙে গেলে হারিয়ে যাবে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বস্তুগত নিদর্শন। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম জানিয়েছেন, ভবনটি ইতিহাসসমৃদ্ধ বা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন হলে এটি সংরক্ষণের যে প্রক্রিয়া রয়েছে, সে প্রক্রিয়ায় অবশ্যই তারা এগিয়ে আসবেন। তবে ভবনটির প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য কেমন, তা সরেজমিনে পরিদর্শন না করলে বোঝা যাবে না।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার
তিনি বলেন, খুব শিগগিরই ভবনটি পরিদর্শন করে এর ঐতিহাসিক গুরুত্ব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন