প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, দেশের চিনি শিল্পকে রক্ষা করার জন্য বেশি বেশি আখ চাষ করা প্রয়োজন। নাটোরসহ দেশের সকল চিনিকলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।
তিনি উল্লেখ করেন, দেশে চিনি উৎপাদনের ফলে সাধারণ মানুষ এখনও চিনি কিনে খেতে পারছে, কিন্তু যদি এসব চিনিকল বন্ধ হয়ে যায়, তাহলে চিনির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এই চিনিকলের উপর দেশের হাজার হাজার মানুষের জীবিকা নির্ভর করছে। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে।
শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
চিনিকল চত্বরে আয়োজিত মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান জানান, আগামী ৬৫ মাড়াই দিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার চিনিকলটি ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করেছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫.৭ ভাগ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। দীর্ঘ ২১ বছর বিরতির পর আবারো দুলু নাটোর চিনিকলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ী আনন্দ ভবনে শারদীয় দূর্গাপূজা পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান— আমরা সকলে বাংলাদেশী হিসেবে মিলেমিশে বসবাস করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমরা সবাই সমান। আমাদের ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।
দুলু আরও বলেন, আমাদের ঠিকানা বাংলাদেশ। আমাদের অস্তিত্ব বাংলাদেশ। বাংলাদেশ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান— সবাই বাংলাদেশি। এই পরিচয় নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলা সভাপতি তপন চৌধুরি হাবু এবং সাধারণ সম্পাদক সুজিত ঘোষ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন