প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতা যদি অব্যাহত থাকে, তাহলে পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। যেকোনো ধরনের অস্থিরতা বায়ারের আস্থাকে কমিয়ে দিতে পারে। ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, তারা যদি তাদের অর্ডারগুলো সঠিক সময়ে সরবরাহ করতে ব্যর্থ হয়, তাহলে বায়ারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি ঘটতে পারে।
শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ড. নাজনীন আহমেদ উল্লেখ করেন, শুধুমাত্র মজুরি বৃদ্ধি করলেই পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। কারখানাগুলোতে শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি, সদাচরণসহ একটি সুন্দর কাঠামো থাকতে হবে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে মালিক, শ্রমিক ও সরকারকে একত্রে বসে আলোচনা করে বেতন কাঠামো নির্ধারণ করা উচিত। যদি মজুরি বোর্ড আগে গঠন করা হতো, তাহলে বিদ্যমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত। মজুরি নির্ধারণের সময় দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনমানের চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের অস্থিরতা বায়ারের (বিদেশি ক্রেতা) আস্থাকে কমিয়ে দেয়। ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়েছে, তারা যেসব অর্ডার নিয়েছে, সেগুলো সঠিক সময়ে সরবরাহ করতে না পারলে বায়ারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি ঘটতে পারে। কোনোভাবেই সহিংসতা সৃষ্টি করে ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কোনো পক্ষের ইন্ধন থাকে, তাহলে মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারসহ সকল পক্ষকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ, ভাঙচুরের ঘটনার পর বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও স্থিতিশীলতা এখনও ফিরে আসেনি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে রপ্তানি কমে যেতে পারে। যদি এই অস্থিতিশীলতা চলমান থাকে, তাহলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতন কাঠামো, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উভয়ই প্রয়োজন।
তিনি জানান, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ৬টি শিল্পাঞ্চলের প্রত্যেকটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ। শ্রমিকদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ভাবিয়ে তুলছে। পোশাক শ্রমিকদের চলমান এই আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। কোনো অপশক্তি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে কিনা, তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিক ছদ্মবেশে কেউ নাশকতা তৈরির চেষ্টা করলে, তা কঠোরভাবে দমন করা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন