প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিশুটির নাম ছিল কিনান। আরবি 'কিনান' শব্দের অর্থ হলো ‘আশ্রয়’, ‘সুরক্ষার আবরণ’, ‘আচ্ছাদন’ কিংবা ‘নিরাপদ গোপন স্থান’। অথচ দক্ষিণ গাজার এক হাড়কাঁপানো শীতের রাতে সেই কিনানের জন্য কোনো আশ্রয় জোটেনি।
যুদ্ধবিধ্বস্ত গাজায় শীতকালীন ত্রাণসামগ্রী প্রবেশে ইসরায়েল কঠোর বিধিনিষেধ আরোপ করে রাখায় খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারের একটি তাঁবুর ভেতর ঠান্ডায় জমে ৯ মাস বয়সী কিনান আহমেদ রাকিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার বাবা ও একজন চিকিৎসক। নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে জানান, কিনান ‘হাইপোথার্মিয়ায়’ (শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া) মারা গেছে।
শিশুটির বাবা আহমেদ রাকিক এএফপিকে জানান, রাতভর গাজার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহের পর তার ছেলের মৃত্যু ঘটে। তিনি বলেন, “ঘুম ভেঙে উঠে দেখি ওর শরীর নীল হয়ে গেছে। আমি দ্রুত ওকে নাসের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে হাইপোথার্মিয়ায় এবং শীতে জমে ও মারা গেছে।” হাসপাতালের বাইরে শুকিয়ে যাওয়া চোখের পানি মুছতে মুছতে সাদা কাপড়ে মোড়ানো নিজের সন্তানকে কোলে ধরে দাঁড়িয়ে ছিলেন আহমেদ।
তিনি বলেন, “আমি পুরোপুরি স্তব্ধ। নিজের সন্তানকে কাফনের কাপড়ে জড়িয়ে ধরে থাকতে হচ্ছে, এটা ভাবতেই পারছি না।” যে শিশুটির নাম রাখা হয়েছিল ‘আচ্ছাদন’ বা আবরণের অর্থে, শেষ পর্যন্ত তার ভাগ্যে জুটেছে কেবল এক টুকরো সাদা কাফনের কাপড়। যে নামের অর্থ ছিল ‘নিরাপদ আশ্রয়’, বাস্তুচ্যুত পরিবারের যে তাঁবুটিকে তারা ঘর বলতে বাধ্য হয়েছিল, সেখানে সে পায়নি ন্যূনতম কোনো নিরাপত্তা।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন যে তীব্র ঠান্ডার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। কিনানের এই মর্মান্তিক মৃত্যু এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্য, কাতার ও জর্ডানের নেতৃত্বে ৫০টিরও বেশি দেশ ও সংস্থার একটি জোট গাজায় আশ্রয়, জ্বালানি, পানি, স্যানিটেশনও স্বাস্থ্যসেবার জন্য জরুরি সামগ্রী অবিলম্বে প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
শীতের আগমনের সঙ্গে সঙ্গে জোটটি সতর্ক করে বলেছে, “গাজায় এখনো বহু মানুষ পর্যাপ্ত আশ্রয়হীন অবস্থায় রয়েছে এবং তারা হাইপোথার্মিয়া, শ্বাসকষ্টজনিত সংক্রমণ, পানিবাহিত রোগ ও অন্যান্য প্রতিরোধযোগ্য অসুস্থতার তীব্র ঝুঁকিতে রয়েছে।” কিন্তু কিনানের জন্য সেই সতর্কবার্তা বড্ড দেরিতে এসেছে।
এই বিবৃতিতে ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ এবং জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচারের সাম্প্রতিক সমালোচনারই প্রতিধ্বনি ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন