ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টাঙ্গাইলে শব্দ দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের অভাব


টাঙ্গাইলে শব্দ দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের অভাব

টাঙ্গাইল জেলা শহরে বিভিন্ন মাত্রার শব্দ দূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শব্দ দূষণ(নিয়ন্ত্রণ) বিধিমালা উপেক্ষা করে সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যবহৃত মাইকের উচ্চ শব্দে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অতি উচ্চমাত্রার শব্দ দূষণ প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এর ফলে শহরের জীবনযাত্রায় শব্দ দূষণের ব্যাপক প্রভাব পড়ছে।

সূত্র জানায়, টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রায় প্রতিদিন সভা-সমাবেশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। এসব কর্মকাণ্ডের প্রচারণার জন্য উচ্চমাত্রার শব্দযন্ত্র ও মাইক ব্যবহার করা হয়। অথচ সন্নিকটে রয়েছে নজরুল সেনা স্কুল, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জামে মসজিদ, টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুল এবং টাঙ্গাইল সরকারি মহিলা কলেজ। সভা-সমাবেশ চলাকালীন সময়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানের পাশে জেলা সদর সড়কে পৌরসভার ল্যাম্পপোস্ট ও বিদ্যুতের খুটিতে কয়েকটি মাইকের হর্ণ লাগানো থাকে। এই মাইকের হর্ণগুলো কখনো কখনো এক থেকে দেড় কিলোমিটার দূর পর্যন্ত ক্রমান্বয়ে লাগানো হয়ে থাকে। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে পৌরসভার লাইটপোষ্ট ও বিদ্যুতের খুটিতে লাগাতার মাইকের হর্ণ লাগানোর ফলে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিবনাথ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন প্রাইমারি স্কুল, মডেল প্রাইমারি স্কুল, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কুমুদিনী কলেজসহ বেশ কিছু সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া এসব এলাকায় হাসপাতাল ও ক্লিনিক রয়েছে, যেখানে রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সভা সমাবেশের প্রচারণার কাজে ব্যবহৃত মাইক শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে প্রচারণা চালায়। সড়কগুলো অধিকাংশই কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল-ক্লিনিক সংলগ্ন। প্রচারণার কাজে নিয়োজিত ব্যক্তিদের অসচেতনতা এবং প্রচার মাইকের নীতিমালা অনুসরণ না করার কারণে অতিমাত্রার উচ্চশব্দে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। নির্বাচনকালীন সময়ে প্রচার মাইকের নিয়ম কিছুটা হলেও মানা হয়, কিন্তু বাকি সময়ে কোনো প্রকার নিয়ম মানা হয় না।

শহরে প্রতিনিয়ত ব্যাটারি চালিত অটো ও সিএনজি চালিত অটোরিকশার হর্ণ অতি উচ্চমাত্রায় বাজানোর ফলে যাত্রী-পথচারীরাও শব্দ দূষণের শিকার হচ্ছে। অনেক ক্ষেত্রে বখাটে তরুণ-যুবকরা মোটরসাইকেল ও প্রাইভেটকারের সাইলেন্সারে হলার নামক অংশ এবং হাইড্রলিক হর্ণ লাগিয়ে দাপটের সঙ্গে ব্যবহার করে থাকে। এসব যানবাহন রাস্তায় চলার সময় বিকট শব্দের সৃষ্টি করে, যা যাত্রী ও আশপাশের পথচারীদের চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে এসব বিকট শব্দের যানবাহনের বিরুদ্ধে কদাচিৎ জেলা পুলিশের পদক্ষেপ লক্ষ্য করা যায়। আবার বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান উপলক্ষেও বিভিন্ন বাসা-বাড়িতে অনুষ্ঠানের আগে থেকে শুরু করে শেষ না হওয়া পর্যন্ত উচ্চ মাত্রার শব্দযন্ত্র বাজিয়ে এবং বাজি ফুটানোর মাধ্যমে আনন্দ-উৎসব করায় প্রতিবেশিরা চরম অস্বস্তিকর পরিবেশে পড়ে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ সংশোধিত ২০২৫ অনুসারে দিন ও রাতে ‘নিরব এলাকায় ৫০ থেকে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় ৫৫ থেকে ৪৫ ডেসিবেল, মিশ্র এলাকায় ৬০-৫০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় ৭০ ও ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় ৭৫-৭০ ডেসিবেল’ শব্দমাত্রা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসের ১০০ মিটারের মধ্যে ‘নিরব’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব স্থানে শব্দ দূষণ কঠোরভাবে নিষিদ্ধ। ওই বিধিমালায় প্রথমবার অপরাধের জন্য অনধিক এক মাস কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড; পরবর্তী প্রতিবার অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া বিধি ৬(১) এর অধীন প্রস্তুত আমদানী ও বাজারজাত করণে প্রতিবার অপরাধের ক্ষেত্রে অনধিক ২ বছরের কারাদণ্ড বা অনধিক ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। ওই বিধিমালায় পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন প্রয়োগ করার কথা বলা হলেও এ বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ বাস্তবে দেখা যায় না।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুণ ইউসুফ জানান, প্রায়শই রাস্তায় বিভিন্ন সভা-সমাবেশের প্রচার মাইক লক্ষ্য করা যায়। দেখা যায় একসাথে চার-পাঁচটা ব্যাটারি চালিত অটোতে দুইটা করে হর্ণ লাগিয়ে প্রচারণা চালায়। ফলে অসহনীয় শব্দ দূষণ হয়। যেসব এলাকা দিয়ে ওই প্রচার মাইকগুলো চলাচল করে সেসব এলাকায় মানুষজন খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। এসব শব্দ দূষণ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জোড়ালো প্রতিকার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

পরিবেশবাদী ও সামাজিক সংগঠন সেফ লাইফ এর সভাপতি মো. রুবেল মিয়া জানান, টাঙ্গাইল জেলা শহর তুলনামূলকভাবে অনেকটা ছোট। এ শহরে অনেকগুলো সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রচারণার কাজে ব্যবহৃত মাইকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময়েও আশ-পাশে ঘুরাঘুরি করার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

নাম প্রকাশ না করে ২-৩ জন মাইকম্যান জানান, যারা প্রচারণা করায় তারা মাইকসহ ঘণ্টাচুক্তি হিসেবে তাদেরকে ভাড়া করেন। টাঙ্গাইল শহরের প্রায় সব এলাকায়ই ২-৪টা শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতাল-ক্লিনিক রয়েছে। থেমে থেমে প্রচারণা চালালে তারা মন:ক্ষুন্ন হন। একই শর্তে শহরের একজন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী জানান, বিভিন্ন সভা-সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা সাউন্ড সিস্টেম ভাড়া নেন, তাদের উচিত পরিবেশ আইন মেনে শব্দযন্ত্র ব্যবহার করা। কিন্তু তারা নিজেদের মতো করে শব্দযন্ত্র ব্যবহার করে থাকে। অনেক সময়ই তাদের নির্দেশনা ভাড়াগ্রহণকারীরা মানেন না।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

জেলার সচেতন নাগরিকরা মনে করেন, সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রচার-প্রচারণাসহ বিভিন্ন অনুষ্ঠানে শব্দযন্ত্র ব্যবহারে নীতিমালা অনুসরণ করার বিষয়ে প্রশাসনের জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার জানান, যেসব যানবাহনে হাইড্রলিক হর্ণ লাগানো থাকে, সেসব যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে হাইড্রলিক হর্ণ খুলে নেওয়া এবং জরিমানা করা হয়। সাম্প্রতিক একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক মোস্তাফিজুর রহমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক মোস্তাফিজুর রহমান নিখোঁজ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে চলন্ত নৌকা থেকে পড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২০) নামে এক যুবক নিখোঁজ হয়ে গেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ যুবক উপজেলার কালিপুর গ্রামের মো. হাতেম আলীর পুত্র।

জানা গেছে, মোস্তাক নিকলা এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি কালিপুরে ফিরছিলেন। যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা অবস্থায় হঠাৎ তিনি নদীতে পড়ে যান বলে জানান সঙ্গী নৌকার যাত্রীরা।

ঘটনার পরপরই ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি ইউনিট নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে, তবে যুবকের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, যমুনার পানি প্রবাহ তুলনামূলক বেশি থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। এদিকে, পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা দ্রুত মোস্তাকের সন্ধান দাবি করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূঞাপুরে ‘নো কার্ড, নো ড্রাইভ’ কর্মসূচিতে ড্রাইভিং প্রশিক্ষণের শেষ ধাপ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ভূঞাপুরে ‘নো কার্ড, নো ড্রাইভ’ কর্মসূচিতে ড্রাইভিং প্রশিক্ষণের শেষ ধাপ সম্পন্ন

‘নো কার্ড, নো ড্রাইভ’ শ্লোগানকে ভিত্তি করে টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সা, ইজিবাইক এবং অটোভ্যান চালকদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণের চতুর্থ ও শেষ ধাপ সম্পন্ন হয়েছে। ভূঞাপুর পৌর প্রশাসকের উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনের এই আয়োজনে দুই শতাধিক অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ড্রাইভিং কার্ড বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ রাজিব হোসেন।

অনুষ্ঠানে শ্রমিক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হৃদয়ও উপস্থিত ছিলেন। বক্তারা অনুষ্ঠানে ট্রাফিক আইন মেনে যাত্রী ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি চালানোর উপর গুরুত্বারোপ করেন।

এদিকে, এর আগে বিভিন্ন ধাপে প্রায় ৬ শতাধিক অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ ও কার্ড প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দু’দিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিটি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম দিনের তিন ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো সেই দাবি পূরণ হয়নি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান দ্রুত দাবি বাস্তবায়নের জন্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরের কোতয়ালীতে হত্যা মামলার প্রধান আসামি তন্ময় শেখ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


ফরিদপুরের কোতয়ালীতে হত্যা মামলার প্রধান আসামি তন্ময় শেখ গ্রেফতার

ফরিদপুরের কোতয়ালী থানায় ব্যবসায়িক বিরোধের কারণে মিরান খান (৩৮) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর, র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানে মামলার প্রধান আসামি মো. তন্ময় শেখ (৩০) গ্রেফতার হন।

গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে, কৌশলে মিরান খানকে গদাধরডাঙ্গী নদীর ওপারে সাইনবোর্ড গুচ্ছগ্রামে তার বাড়িতে ডেকে নেয় তন্ময় শেখ ও তার সহযোগীরা। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মিরানের ওপর অতর্কিত হামলা চালায়। তন্ময় শেখের নির্দেশে সহযোগীরা তাকে *বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম* করে।

ভিকটিম মাটিতে পড়ে গেলে, আসামি তন্ময় শেখ তার হাতে থাকা কাটা চামচ দিয়ে ভিকটিমের বুকের উপর চড়ে বসে ভিকটিমের দুই চোখ স্বজোরে কুপিয়ে চোখ উঠিয়ে নেয়। পরে, হাত বেঁধে বিবস্ত্র অবস্থায় কাছাকাছি সাইনবোর্ড গুচ্ছগ্রাম মসজিদের মাঠে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে মিরান খানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ কোতয়ালী থানায় হত্যা মামলা (মামলা নং- ১৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১০ ডিসেম্বর) তারিখ রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জয়নালের মোড় থেকে চাঞ্চল্যকর নৃশংস হত্যাকান্ডের প্রধান আসামি মো: তন্ময় শেখ (৩০), পিতা- ওমর শেখ, সাং- পূর্ব আলিয়াবাদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%