বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:১৬ পি.এম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নের জন্য তহবিল বরাদ্দের পাশাপাশি প্রকৃত উদ্যোক্তাদের কাছে দ্রুত অর্থ পৌঁছানোর বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, এই শিল্পে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায়, তাদের চাহিদা ও সক্ষমতার ভিত্তিতে উপযুক্ত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি তহবিল বিতরণ এবং নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থায়নের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
শিল্পমন্ত্রী আরও বলেন, অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করে শিল্পটির আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি করতে হবে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহাজ নির্মাণ শিল্পে অর্থায়ন, তহবিল দ্রুত ছাড়করণ ও সহায়তা বিষয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি জানান, দেশের জাহাজ নির্মাণ শিল্পে উদ্যোক্তার সংখ্যা এবং প্রতিষ্ঠানের পরিধি এখনও তুলনামূলকভাবে সীমিত। তাই এ খাতের অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোক্তাদের বাস্তব প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।
শিল্পমন্ত্রী বলেন, শিল্পটির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির জন্য সহজ অর্থায়নের পাশাপাশি কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা জরুরি। তিনি সরকারি ও বেসরকারি খাতের কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বেসরকারি ব্যবস্থাপনাকে অধিক দক্ষ হিসেবে বিবেচনা করা হলেও, শিল্পটির বিকাশের অন্তর্বর্তী সময়ে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাহাজ নির্মাণ শিল্পের লক্ষ্য কেবল তাৎক্ষণিক মুনাফা অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন ও রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে এ শিল্পের বৃহত্তর অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হবে। এজন্য নতুন উদ্যোক্তা তৈরি, পরবর্তী প্রজন্মকে শিল্পটির সঙ্গে সম্পৃক্ত করা এবং পেশাদার করপোরেট সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরির প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
শিল্পমন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে হবে।
এ লক্ষ্যে জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় শিল্প সচিব আব্দুন নাসের খান, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ এবং শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ জাহাজ নির্মাণ শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামাস যোদ্ধাদের সামরিক তৎপরতা নিয়ে ইসরাইলের অভিযোগকে যুদ্ধাপরাধ আড়ালের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে।
হাসপাতালটিতে ইসরাইলি হামলার ফলে এক চিকিৎসকসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন। এই ঘটনার পর হামাসের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস উল্লেখ করেছে, হাসপাতালটি সামরিক অভিযানে ব্যবহারের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর দাবি "আন্তর্জাতিক আইনে সুরক্ষিত একটি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত নতুন যুদ্ধাপরাধ আড়ালের নির্লজ্জ প্রচেষ্টা ছাড়া কিছুই নয়।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস যোদ্ধাদের হাসপাতালটি সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করার অভিযোগ একটি জঘন্য অপরাধকে বৈধতা দেওয়ার স্বচ্ছ প্রচেষ্টা।
হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে, এ ধরনের অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে। সংগঠনটি দাবি করেছে, ইসরাইলি নেতাদের জবাবদিহির আওতায় আনা এবং তাদের শাস্তি এড়ানোর সুযোগ বন্ধ করতে হবে।
হামাসের অভিযোগ, এই ধরনের দায়মুক্তির কারণে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ এবং চলমান লঙ্ঘন অব্যাহত রাখার সুযোগ পাচ্ছে ইসরাইল।
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদও হাসপাতালটিতে ইসরাইলি বোমা হামলার নিন্দা জানিয়েছে। তারা হামলাটিকে "যুদ্ধাপরাধ" হিসেবে অভিহিত করেছে।
এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানিয়েছে, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই হামলাটি "সব আন্তর্জাতিক আইন, মানবিক নীতি ও নৈতিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন।"
তারা আরও বলেছে, ইসরাইলের ধারাবাহিক লঙ্ঘন এবং এর পরিণতির জন্য কথিত "শান্তি পরিষদ" সরাসরি দায়ী।
ইসরাইলকে রাজনৈতিক ও সামরিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকেও দায়ী করেছে ইসলামিক জিহাদ। তাদের বক্তব্য, "দায়মুক্তির নীতি ইসরাইলকে আগ্রাসন আরও বাড়াতে উৎসাহিত করছে।"
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক জিহাদ।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালানো হয়। এই হামলায় কমপ্লেক্সের অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরাইলি হামলায় শল্যচিকিৎসক ডা. রিজক আবু শাইরা নিহত হয়েছেন।
হাসপাতালের পরিচালক রায়েদ আল-দাহশান জানিয়েছেন, একটি ক্ষেপণাস্ত্র ভবনের ওপর থেকে নিচের দিকে প্রবেশ করে কয়েকটি তলা ভেদ করে। এতে হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। বিশেষ করে অস্ত্রোপচার বিভাগ ও আইসিইউতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
আহতদের অবস্থার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আল-দাহশান বলেন, "নাসের মেডিকেল কমপ্লেক্স প্রায় ১০ লাখ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে থাকে। অস্ত্রোপচার করা হয়, এমন একমাত্র কমপ্লেক্স এটি।"
গাজায় ইসরাইলের যুদ্ধের কারণে সিভিল ডিফেন্সের ৮৫ শতাংশ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলেও জানান হাসপাতালটির পরিচালক। ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে উদ্ধারকর্মীরা প্রায় কোনো সরঞ্জাম ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
তথ্যসূত্র: আল জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান তাদের নতুন জীবন শুরু করেছেন একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে। গত ১০ নভেম্বর তাদের বাগদান সম্পন্ন হয় এবং ১১ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এই বিয়েটি শুধুমাত্র একটি পারিবারিক অনুষ্ঠান নয়, বরং এতে বিনোদন, রাজনীতি ও ব্যবসায়িক জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে আইভরি রঙের একটি বারোক-থিমের রিসেপশনের আমন্ত্রণপত্রও বেশ ভাইরাল হয়ে উঠেছে। আগামী ২১ নভেম্বর চেন্নাইতে এই নবদম্পতির একটি জমকালো রিসেপশনের পরিকল্পনা রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
অনিরুদ্ধের সফলতার গল্প
অনিরুদ্ধের সংগীত ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটি। এই একটি গান তাকে দক্ষিণী ইন্ডাস্ট্রির সীমানা ছাড়িয়ে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়। এরপর থেকে তিনি তামিল, তেলুগু ও হিন্দি সিনেমার শীর্ষস্থানীয় সংগীত পরিচালনা করে বর্তমানে দেশের অন্যতম শীর্ষ চাহিদাসম্পন্ন সংগীত পরিচালক হয়ে উঠেছেন।
পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, অনিরুদ্ধের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি রুপি। এর বড় অংশই আসে তার চলচ্চিত্র প্রতি পারিশ্রমিক থেকে, যা বর্তমানে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ।
সাধারণত তিনি প্রতি সিনেমার জন্য ৮ থেকে ১০ কোটি রুপি নিয়ে থাকেন, এমনকি কিছু প্রজেক্টে তার পারিশ্রমিক ১০ থেকে ১২ কোটি রুপির অঙ্কও ছুঁয়েছে।
পরিচালক লোকেশ কানাগরাজ ও অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে তার আসন্ন বড় প্রজেক্টে পারিশ্রমিক হিসেবে প্রায় ২৫ কোটি রুপি অফার করা হয়েছে বলে শোনা যাচ্ছে।
গাড়ির সংগ্রহ
অনিরুদ্ধের গাড়ি সংগ্রহের পুরো তালিকা প্রকাশ না পেলেও, তার গ্যারেজে বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাড়িটির সঙ্গে তার স্ত্রীর পরিবারের সরাসরি যোগসূত্র রয়েছে।
২০২৩ সালে ‘জেলার’ সিনেমার সাফল্যের পর কাব্যের বাবা কালানিথি মারান তাকে প্রায় ১.১ কোটি মূল্যের একটি ‘পোরশে ম্যাকান’ উপহার দিয়েছিলেন, যা দুই পরিবারের সুসম্পর্কের একটি সুন্দর নিদর্শন।
পোরশে ছাড়াও তার কাছে একটি ‘বিএমডব্লিউ আইএক্স১ এলডব্লিউবি’, একটি ‘মহিন্দ্রা বিই ৬’ এবং একটি ‘ফোর্ড মুস্তং জিটি’ রয়েছে।
সঙ্গীতের বাইরেও ব্যবসায়িক পদচারণা রয়েছে তার। ২০২৪ সালে দক্ষিণ ভারতীয় ফিল্টার কফি এবং স্ন্যাকস ব্র্যান্ড ‘ভিএস মনি অ্যান্ড কো’-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন তিনি। মানি কন্ট্রোলের তথ্য অনুযায়ী, এখানেও তার অংশীদারিত্বও রয়েছে।
স্ত্রী কাব্য মারান
সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারানের মেয়ে কাব্য মারান বর্তমানে সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের সিইও ও সহ-মালিক। ইটাইমসের হিসাব অনুযায়ী, কাব্যের নিজস্ব মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি।
যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ শেষ করে ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন কাব্য। এরপর ২০১৭ সালে তার বাবার কেনা আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বের দায়িত্ব নেন তিনি। বর্তমানে পরিবারের বৃহত্তর ব্যবসায়িক কার্যক্রমেও তিনি অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত আছেন।
কাব্যের ব্যক্তিগত সম্পদ তার পরিবারের তুলনায় ছোট মনে হলেও, তার বাবা কালানিথি মারান ভারতের অন্যতম ধনী মিডিয়া উদ্যোক্তা। হুরুন রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, প্রায় ২৪,৬০০ কোটি রুপি সম্পত্তির মালিক হয়ে তিনি তালিকায় ১৪৬তম স্থানে রয়েছেন। বিনোদন জগতে তার উপরে রয়েছেন কেবল টি-সিরিজের মালিক ভূষণ কুমার, যার সম্পদ প্রায় ৩৬,৩০০ কোটি রুপি।
ফোর্বসের একটি প্রতিবেদন অনুযায়ী, কালানিথি মারানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন ডলার (প্রায় ২৩,৭২৫ কোটি রুপি)।
অনিরুদ্ধ-কাব্য দম্পতির বিয়ে এবং রিসেপশন ঘিরে দক্ষিণ ভারতীয় শোবিজে এখন তুমুল উন্মাদনা বিরাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিরুদ্ধে একটি চমৎকার জয় অর্জন করেছে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৪-০ গোলে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা টুর্নামেন্টে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
তবে এই বড় জয় উদযাপনের মধ্যে একটি দুঃসংবাদও এসেছে। চোটের কারণে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা সম্ভব হচ্ছে না ডিফেন্ডার সাদ উদ্দিনের।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার তীব্রতায় তিনি নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে।
পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, সাদের গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে দলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান টুর্নামেন্টে আর মাঠে নামা হবে না তার।
ম্যাচ শেষে সাদের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশের কোচ ডুলি। তিনি তখনই আশঙ্কা করেছিলেন, টুর্নামেন্টের বাকি অংশে এই ডিফেন্ডারকে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে।
শ্রীলংকার বিরুদ্ধে বড় জয় পেলেও, গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারানো বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। সাদের অনুপস্থিতিতে রক্ষণভাগের ভার সামলানোই হবে দলের জন্য অন্যতম চ্যালেঞ্জ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আবেদন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার স্বপ্ন দেখছেন।
এওয়াজপুর ইউনিয়নের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
নির্বাচনি মাঠে নামার পরিকল্পনা করা শিক্ষকের নাম মো. সিরাজ উদ্দিন মাসুম। তিনি ১৫৯ নম্বর দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ তথ্য জানা যায়। আবেদনে তিনি অবসর গ্রহণের কারণ হিসেবে ‘পারিবারিক ও ব্যক্তিগত’ বিষয় উল্লেখ করেছেন। তবে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
মো. সিরাজ উদ্দিন মাসুমের বাড়ি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর (এবাজপুর) ইউনিয়নে। তিনি এই ইউনিয়ন থেকেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
এটি উল্লেখ্য যে, তিনি এর আগেও এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশের প্রচলিত নির্বাচনি আইন ও সরকারি চাকরিবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে বহাল অবস্থায় সরাসরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারেন না। নির্বাচনে প্রার্থী হওয়ার এই আইনি বাধা দূর করতেই তিনি পদত্যাগ ও স্বেচ্ছায় অবসরের পথ বেছে নিয়েছেন।
মো. সিরাজ উদ্দিন মাসুম ১৯৯১ সালের ২০ জুন শিক্ষকতা পেশায় প্রথম যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনের পর তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আবেদনে তিনি পিআরএল (অবসর-উত্তর ছুটি) ভোগ না করে সরকারি সব সুযোগ-সুবিধাসহ সরাসরি অবসর গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রার্থনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আবেদনকারী প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুম বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত’ কারণে তিনি অবসরের আবেদন করেছেন। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, সময় হলে দেখা যাবে।
বর্তমানে তার অবসরের আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে এবং এটি পরবর্তী অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ