বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:২২ পি.এম
দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার এবার জাপানের জেরা গ্লোবাল মার্কেটস এবং সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই নীতিগত অনুমোদন প্রদান করা হয়।
বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে জাপানের প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৪ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। তখন এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) খসড়া এবং টার্ম শিট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মাধ্যমে যাচাই বা ভেটিং করার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী ভেটিং গ্রহণ করে চুক্তির খসড়া সংশোধন করে নতুন করে প্রস্তাব উপস্থাপন করা হয়।
এলএনজি এসপিএ ও টার্ম শিটটি নন-বাইন্ডিং বা বাধ্যতামূলক নয়। উভয়পক্ষের সম্মতিতে চুক্তিটি বাতিল করা সম্ভব।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এডনক ট্রেডিং লিমিটেডের কাছ থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি সরবরাহের পাশাপাশি স্বল্পমেয়াদে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এডনক ট্রেডিং স্বল্পমেয়াদে বাংলাদেশে এলএনজি সরবরাহের আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠিয়েছে। পেট্রোবাংলা প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদনের জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠায়।
প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি এলএনজি সরবরাহ করতে পারে। এর মধ্যে ২০২৭ সালে ছয়টি, ২০২৮ সালে ছয় থেকে ১২টি এবং ২০২৯ সালে ১২টি কার্গো সরবরাহের প্রস্তাব রয়েছে। প্রতি কার্গোর পরিমাণ হবে আনুমানিক ৩০ লাখ থেকে ৩৫ লাখ এমএমবিটিইউ, এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশের সুযোগ থাকবে।
প্রস্তাবিত ইউনিট মূল্য প্রতি এমএমবিটিইউতে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের সঙ্গে শূন্য দশমিক ১১ মার্কিন ডলার যোগ করে নির্ধারণের কথা বলা হয়েছে। তবে এই মূল্য নন-বাইন্ডিং বা চূড়ান্ত নয়। নীতিগত অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং অনুযায়ী এলএনজি ক্রয়চুক্তি চূড়ান্ত করা হবে।
এছাড়া, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে নাইজেরিয়ার ওজিমাদু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড এবং উজ্জি জেমস বীহাইভের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শ্রীলংকার বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে বাংলাদেশের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তার একক নৈপুণ্যে প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে করা দুর্দান্ত গোলটি দর্শক, কোচ এবং সতীর্থদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।
ফারহানের এই অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া মুগ্ধ হয়েছেন। তবে তিনি চান, তরুণ এই ফুটবলারকে মেসি, নেইমার কিংবা লামিন ইয়ামালের সঙ্গে তুলনা না করে, বরং নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া হোক।
বুধবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচের ৫৩ মিনিটে শমিত সোমের কাছ থেকে বল পেয়ে ফারহান প্রতিপক্ষের বক্সে প্রবেশ করেন। এরপর একে একে শ্রীলংকার চার ডিফেন্ডারকে কাটিয়ে কঠিন কোণ থেকে শট নেন। তার দুর্দান্ত প্রচেষ্টায় গোলরক্ষকও পরাস্ত হন। এই তরুণ উইঙ্গার বাংলাদেশের হয়ে ম্যাচের তৃতীয় গোলটি করেন।
ফারহানের গোলটিকে জাতীয় স্টেডিয়ামে দেখা অন্যতম সেরা গোল হিসেবে অভিহিত করেছেন জামাল। বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "জাতীয় স্টেডিয়ামে দেখা সেরা গোলগুলোর মধ্যে এটি অন্যতম।" জামাল মনে করেন, হামজা চৌধুরীর বাইসাইকেল কিকের পাশাপাশি ফারহানের গোলটিও সেরা তিনের মধ্যে থাকবে।
তবে জামাল ফারহানের এই নৈপুণ্যকে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তুলনা করার পক্ষে নন। বরং তিনি আশা করেন, ফারহান অন্যদের পরিচয়ে নয়, নিজের সামর্থ্য ও নামেই পরিচিত হয়ে উঠুক।
জামাল বলেন, "সমর্থকেরা প্রায়ই ফারহানকে মেসি, নেইমার কিংবা লামিন ইয়ামালের সঙ্গে তুলনা করেন। কিন্তু আমি চাই, ফারহান নিজের পরিচয়েই বড় হোক। এটি ফারহান আলীর গোল, অন্য কোনো ফুটবলারের নয়। তাই অযথা অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই।"
এদিকে শ্রীলংকার বিপক্ষে বড় জয়ের পর দলের সামগ্রিক পারফরম্যান্সেও সন্তুষ্ট জামাল। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। আক্রমণভাগের সাফল্যের পাশাপাশি রক্ষণভাগের এমন পারফরম্যান্সকেও তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
জামালের মতে, চার গোলের জয় এবং আরেকটি ক্লিন শিট দলের জন্য স্বস্তির বিষয়। তবে শ্রীলংকার বিপক্ষে জয় উদযাপনের পর এখন তাদের পুরো মনোযোগ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ঘিরে। কারণ, তার দৃষ্টিতে পাকিস্তান শ্রীলংকার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টায় প্রথম সেমিফাইনালে খেলবে ভারত ও ভুটান।
ফারহানের দুর্দান্ত গোলের প্রশংসার পাশাপাশি জামালের বার্তাও স্পষ্ট—অন্য কারও ছায়ায় নয়, নিজের প্রতিভা ও পরিচয়েই বাংলাদেশের ফুটবলে বড় নাম হয়ে উঠুক এই তরুণ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বের উপর সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ অর্জন করেছেন ২৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। এই সম্মানের মধ্যে ক্রীড়া, বিনোদন, ভ্রমণ এবং অন্যান্য বিভাগে দ্বিতীয় পুরস্কার লাভ করেছেন রূপালী বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশে চীনা দূতাবাসের সহযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার প্রদান করা হয়েছে।
অ্যাওয়ার্ড অর্জনের পর রুহুল আমিন ভূঁইয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন, "গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি অভিভূত। যেকোনো স্বীকৃতিই কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়। এই অ্যাওয়ার্ড আমার জীবনের অন্যতম সেরা একটি অর্জন হয়ে থাকবে।"
এর আগে রুহুল আমিন ভূঁইয়া টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) থেকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৩ সহ বেশ কয়েকটি সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
এই অনুষ্ঠানে চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার ছিল এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকার চেক, স্মারক ও সনদ।
এই আয়োজনের যৌথ আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
বর্তমানে রুহুল আমিন ভূঁইয়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৪-২৬ মেয়াদে দফতর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি সংগঠনটিতে ২০২২-২৪ মেয়াদে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্রিটেনে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটেছে। কাশিম চৌধুরী নামের ওই ব্যক্তি একাধিক সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন। তিনি একই সময়ে পাঁচটি সরকারি চাকরি পালন করছিলেন।
৫৬ বছর বয়সী কাশিম চৌধুরীর বিরুদ্ধে মোট ৯টি প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। সাত ঘণ্টার বিচার-বিশ্লেষণের পর জুরি বোর্ড তাকে আটটি মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা এবং একটি তথ্য গোপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে।
বিচারক জানিয়েছেন, কাশিমকে ‘উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড’ ভোগ করতে হতে পারে। অপরাধের গুরুত্ব এবং তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিচারক জামিনও নাকচ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কাশিমের আটটি পূর্ণকালীন সরকারি চাকরি ছিল। এসব চাকরির সময়সীমা একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় তিনি মোট ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন।
প্রসিকিউশনের অভিযোগ, চাকরির আবেদনপত্রে কাশিম নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। তিনি সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে গোপন করেন। চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কাজ করার তথ্য নিয়োগকর্তাদের জানাননি।
২০২৩ সালে কাশিম একসঙ্গে পাঁচটি সরকারি চাকরি করতেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ; স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ; যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ); ব্যবসা ও বাণিজ্য বিভাগ; খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা এবং স্বরাষ্ট্র দপ্তর। ওই সময়ে তার চুক্তি অনুযায়ী সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজ করার কথা ছিল, যা সাত দিনের মোট সময়ের চেয়েও বেশি।
কাশিমের দাবি, অতীতে চাকরির অনিশ্চয়তার অভিজ্ঞতা থাকায় জীবিকা হারানোর ভয়ে তিনি একের পর এক চাকরি নিয়েছিলেন। ২০১৩ সালে শিক্ষা বিভাগের একটি চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) শনাক্ত হয়। মানসিক চাপ, উদ্বেগ ও অতীতের আঘাতের কারণে চাকরির আবেদন করার সময় তিনি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেননি বলেও দাবি করেন।
তবে প্রসিকিউটর লুসি অর্গান আদালতে বলেন, কাশিম সাক্ষ্য দেওয়ার সময় এবং শপথের অধীনেও মিথ্যা বলেছেন। তার এই আচরণ প্রতারণার গভীরতা প্রকাশ করে।
আদালতে তার একাধিক ব্যবস্থাপক কর্মক্ষেত্রে কাশিমের দুর্বল কর্মদক্ষতার কথা তুলে ধরেন। ডেফরায় তার ব্যবস্থাপক ড্যান ম্যাককার্টনি জানান, কাশিমকে প্রায় সব সময় বলে দিতে হতো কী করতে হবে। ভিডিও কলে কাশিম প্রায়ই ক্যামেরা বন্ধ রাখতেন এবং কারিগরি সমস্যার অজুহাত দিতেন। এভাবে চার থেকে পাঁচ মাস চললেও আনুষ্ঠানিক কর্মদক্ষতা মূল্যায়নের আওতায় না থাকায় তিনি স্থায়ী চাকরি পান এবং সেখানে দুই বছর কাজ করেন।
প্রসিকিউশনের অভিযোগ, অসম্ভব কর্মসূচি সামাল দিতে কাশিম অসুস্থতার সনদ ব্যবহার করতেন। ২০২৩ সালের মার্চে তিনি চারটি প্রতিষ্ঠানে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তবে স্বরাষ্ট্র দপ্তরে কাজ চালিয়ে গেলেও সেখানে অসুস্থতার কথা জানাননি।
একই বছরের মে মাসে ইউকেএইচএসএর ব্যবস্থাপক আলিশা অ্যাডামস তার সঙ্গে ভিডিও বৈঠকের আয়োজন করেন। তখন কাশিম তিন মাস ধরে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তাকে কাজে ফেরানোর পরিকল্পনা করতেই ওই বৈঠক ডাকা হয়েছিল।
আদালতে অ্যাডামস জানান, বৈঠকের শুরুতে কাশিমকে প্রচুর কাশতে দেখা যায় এবং তিনি ক্যামেরার সামনে টিস্যু নাড়াচ্ছিলেন। তার মুখে সাদা মেকআপ ছিল বলে সন্দেহ হয়। বৈঠক চলার সময় ঘাম ও ঘষার কারণে কপালের মেকআপ উঠে যেতে থাকে। তখন নিচের অংশ ও ঘাড়ের রং তুলনামূলক গাঢ় দেখা যাচ্ছিল। তবে কাশিম মেকআপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।
বৈঠকের পর অ্যাডামস জানতে পারেন, কাশিম ডেফরার ইমেইল ঠিকানা ব্যবহার করে ইউকেএইচএসএর বৈঠকে যুক্ত হয়েছিলেন। বিষয়টি জানতে চাইলে তিনি কারিগরি ত্রুটির অজুহাত দেন। পরে অ্যাডামসের সন্দেহ হলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপরও কয়েক মাস তার প্রতারণামূলক কর্মকাণ্ড চলতে থাকে।
২০২৩ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের মাধ্যমে ডেফরার কাছে সন্দেহজনক প্রতারণার তথ্য পৌঁছায়। পরে ডেফরার তদন্ত দল অনুসন্ধান শুরু করে। ওই বছরের জুলাইয়ে কাশিমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেপ্টেম্বরে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এদিকে, মায়ের মৃত্যুর কয়েক দিন আগে পারিবারিক বাড়ির অর্ধেক অংশ নিজের নামে লিখে নিতে তাকে চাপ দেওয়ার অভিযোগও তুলেছেন কাশিমের ভাই-বোনরা।
এ নিয়ে হাইকোর্টে করা মামলায় তার দুই ভাই ও এক বোন অভিযোগ করেছেন, মা ফাইজুন নেসাকে ‘অযাচিত প্রভাব’ খাটিয়ে এমন কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছিল, যার ফলে বাড়ির অর্ধেক অংশ কাশিমের মালিকানায় চলে যায়।
পূর্ব লন্ডনের চারতলা ও ছয় শয়নকক্ষের বাড়িটির মূল্য ২১ লাখ পাউন্ড। ভাই-বোনদের দাবি, মা তখন গুরুতর অসুস্থ ছিলেন এবং কী নথিতে স্বাক্ষর করছেন, তা বোঝার মতো অবস্থায় ছিলেন না। ২০২৩ সালের জানুয়ারিতে তার কোলোরেক্টাল ক্যানসারের চতুর্থ পর্যায় শনাক্ত হয়। তিনি প্রায় অন্ধ ছিলেন এবং ইংরেজিতে কথা বলতে পারতেন না। অথচ স্বাক্ষরের সময় নথিগুলো তার মাতৃভাষা বাংলায় অনুবাদ করা হয়নি।
তবে ভাইবোনদের এসব অভিযোগ অস্বীকার করেছেন কাশিম চৌধুরী। এ মামলার বিচার এখনো চলমান। সূত্র: বিবিসি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে একদিনে ২ হাজার ৫১৮টি মামলা দায়ের করেছে।
একই সময়ে, আইন অমান্যকারী ৬৭১টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে এই অভিযান পরিচালিত হয়। আইন অমান্যকারী যানবাহনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ট্রাফিক-ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৪টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৮টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫১টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১১২টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় সড়কের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ট্রাফিক বিভাগের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ