প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের দ্বারা জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন লেগেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে বনরক্ষীরা কার্গোটির কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বন বিভাগের সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ২৩০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ ৯ জনকে আটক করা হয়েছিল। আটক কার্গোটি শরণখোলা রেঞ্জ অফিসের নিকটে ভোলা নদীতে নোঙর করা ছিল। বুধবার সকালে ওই কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করেন।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সকালে কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ভোলা নদীতে পাম্প মেশিন স্থাপন করে কয়লার ওপর পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচের অংশে কয়লার অতিরিক্ত তাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের কয়লার স্তূপে ভেতরে তাপ থেকে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।
শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশীয় ২৩০ টন কয়লাবোঝাই মিনি কার্গোটি আটক করা হয়। এ সময় কার্গোতে থাকা নয়জনকেও আটক করা হয়। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করেছিলেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করছিলেন। কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে কার্গোসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন