১১:৩৭ এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। এই দুর্ঘটনাটি শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন, শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের মতে, ঘটনার সময় ওই ফ্ল্যাটের দরজা ও জানালা সব বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের চাবি খোলা থাকায় অথবা গ্যাস লাইনের লিকেজের কারণে সারা ঘরে গ্যাস জমে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ‘ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন