ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উচ্ছেদ সত্ত্বেও কর্ণফুলীর দুই তীরে আড়াই হাজারের বেশি অবৈধ স্থাপনা


উচ্ছেদ সত্ত্বেও কর্ণফুলীর দুই তীরে আড়াই হাজারের বেশি অবৈধ স্থাপনা

॥ জিগারুল ইসলাম ॥

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : কর্ণফুলী নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত দুই তীরের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও, জমি পুনর্দখল হওয়ার কারণে নদীটি এখনও দখলমুক্ত হয়নি।

সরকারি বিভিন্ন জরিপে দুই থেকে আড়াই হাজার অবৈধ স্থাপনার তথ্য প্রকাশিত হলেও, সংশ্লিষ্টদের ধারণা, বাস্তবে এই সংখ্যা আরও বেশি। পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের সংগঠনগুলোর তথ্যমতে, বর্তমানে কর্ণফুলী নদীর উত্তর তীরে প্রায় দুই হাজার এবং দক্ষিণ তীরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা বিদ্যমান। তবে সাম্প্রতিক কোনো পূর্ণাঙ্গ সরকারি জরিপ না হওয়ায় নদীর দুই তীরে অবৈধ স্থাপনার সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

কর্ণফুলী নদীর নাব্যতা, স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র জনস্বার্থে করা রিট আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্ট একটি আদেশ জারি করে। ওই আদেশে নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের তালিকা ও পূর্ণাঙ্গ জরিপ প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। একই সঙ্গে জরিপের ভিত্তিতে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় তিন বছর পরেও সেই নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় নতুন করে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে।

এইচআরপিবি’র আবেদনের শুনানি শেষে গত ৮ নভেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দুই সপ্তাহ সময় প্রদান করেন।

শুনানিতে এইচআরপিবি’র পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে জানান, ২০২৩ সালের নির্দেশনার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরিপ প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে নদীর দখল ও দূষণ অব্যাহত রয়েছে এবং চট্টগ্রামের বাসিন্দারা এর বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন। মামলাটিতে পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ মোট ১৯ জনকে বিবাদী করা হয়েছে।

কর্ণফুলীর পাড় থেকে অবৈধ দখল উচ্ছেদের বিষয়টি নতুন নয়। প্রায় দেড় দশক ধরে আদালত, প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলো এ নিয়ে কাজ করছে। ২০১০ সালে কর্ণফুলী রক্ষায় এইচআরপিবি হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন অবৈধ স্থাপনা চিহ্নিত করে তালিকা তৈরি শুরু করে।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

২০১৫ সালে জেলা প্রশাসন আদালতে ২ হাজার ১২২টি অবৈধ স্থাপনার তালিকা জমা দেয়; যদিও প্রশাসনের অন্য একটি তালিকায় ২ হাজার ১৮৭টি স্থাপনার উল্লেখ ছিল। ২০১৬ সালে হাইকোর্ট এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। ২০১৫ সালের তালিকা, ২০১৬ সালের আদালতের নির্দেশ, ২০১৯ সালের উচ্ছেদ অভিযান এবং ২০২৩ সালের নতুন জরিপের নির্দেশনার পরও নদীর দখল পরিস্থিতির উন্নতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সর্বশেষ ২০২৬ সালের ৮ নভেম্বর হাইকোর্টের নতুন নির্দেশের পর বিষয়টি আবারও সামনে এসেছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নদীর সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত অংশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দুই সংস্থার অভিযানে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এরপর অভিযান বন্ধ হয়ে যায়। ফলে অবশিষ্ট স্থাপনা অপসারণ এবং উচ্ছেদ করা জায়গা পুনরায় দখলমুক্ত রাখার উদ্যোগ যথাযথভাবে এগোয়নি বলে অভিযোগ উঠেছে।

এছাড়া জাতীয় নদী রক্ষা কমিশনের এক জরিপে কর্ণফুলীর দুই তীরে ২ হাজার ৪৯২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে টিনশেড ঘর, পাকা ও আধাপাকা স্থাপনা, ডকইয়ার্ড, করাতকল, জেটি, শিল্পকারখানা, ইটভাটা, কয়লার ডিপো ও পোলট্রি খামারসহ নানা ধরনের স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, উত্তর তীরে প্রায় দুই হাজার ও দক্ষিণ তীরে পাঁচ শতাধিকসহ মোট অবৈধ স্থাপনার সংখ্যা প্রায় আড়াই হাজার।

কর্ণফুলীর প্রাণবৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলনরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য মুহাম্মদ মোজাম্মেল হক বাসস’কে বলেন, ‘নদীর দুই পাশে ক্ষমতাধর ব্যক্তি ও কিছু দুষ্টচক্র অবৈধভাবে জায়গা দখল করে রেখেছে। বিগত সরকারের আমলে জেলা প্রশাসনের গাফিলতি ও সদিচ্ছার অভাবে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি। নদী বাঁচাতে এখন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিকদের নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

আরও পড়ুন: ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে

পরিবেশ আন্দোলন সংগঠন পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, ‘দেশ ও চট্টগ্রামের স্বার্থে কর্ণফুলীর দখল-দূষণ বন্ধে প্রশাসনকে এখনই পদক্ষেপ নিতে হবে। চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে নদীর প্রশস্ততা ও নাব্যতা বাড়াতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।’

পরিবেশবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ‘জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকাভুক্ত দেশের ৫৭ হাজার ৩৯০ জন নদী দখলদারের মধ্যে মাত্র ৩২ শতাংশকে উচ্ছেদ করা সম্ভব হয়েছে। কর্ণফুলীকে সম্পূর্ণ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে লোকদেখানো ও অকার্যকর উচ্ছেদ অভিযান বন্ধ করে কাঙ্ক্ষিত ফল না আসা পর্যন্ত কঠোর ও আইনসম্মত পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরায় অভিযান জোরদার করতে হবে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বাসস’কে বলেন, ‘কর্ণফুলী চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশনা অনুযায়ীই আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার দুই তীরে ‘আরএস’ এবং ‘বিএস’ জরিপ অনুসরণ করে সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে নগরীর ভেতরে নদীর দুই তীরে প্রায় আড়াই হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত হয়েছে।’

তিনি জানান, নগরীর লালদিয়ার চর, শাহ আমানত সেতু সংলগ্ন চাক্তাই ও সদরঘাট এলাকায় অবৈধ স্থাপনা সবচেয়ে বেশি।

আরও পড়ুন: গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলা প্রশাসক আরও বলেন, হাইকোর্টের গত ৮ নভেম্বরের আদেশের পরিপ্রেক্ষিতে দখলদারদের তালিকা নতুনভাবে যাচাই-বাছাই করে আদালতে পাঠানোর জন্য সময় চাওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নদী বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের দাবি, কর্ণফুলীকে স্থায়ীভাবে দখলমুক্ত করতে শুধু উচ্ছেদ অভিযান চালালেই চলবে না; বরং প্রথমে সিএস, আরএস ও অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ড যাচাই করে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করতে হবে। এরপর ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে নদীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম- সব তীরের অবৈধ স্থাপনা চিহ্নিত করে স্থাপনার ধরন, আয়তন, দখলদার ও মালিকানাসংক্রান্ত তথ্যসহ একটি সমন্বিত তালিকা প্রকাশ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, সূচক বেড়েছে ৬০ পয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


ডিএসইতে সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, সূচক বেড়েছে ৬০ পয়েন্ট

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন সম্পন্ন হয়েছে। আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৮ টাকায়। এর আগে সর্বশেষ ২ আগস্ট ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকা এবং ৩ আগস্ট ১ হাজার ২১০ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছিল। লেনদেনের বৃদ্ধি সত্ত্বেও আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে গেছে।

আজকের লেনদেনে ৩৭৩টি কোম্পানির ৩৫ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ২৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ১০৫টির দাম কমেছে এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্টে পৌঁছেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ দশমিক ২৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ দশমিক ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে-আইপিডিসি, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফার ইস্ট নিটিং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে-দেশ গার্মেন্টস, এমএল ডাইং, হাওয়া ওয়েল টেক্সটাইলস, শাইনপুকুর সিরামিকস, পূবালী ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, এএফসি এগ্রো বায়োটেক, পিপলস লিজিং ও একমি পেস্টিসাইড।

দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে রয়েছে-কোহিনূর কেমিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিক, ডরিন পাওয়ার, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, মতিন স্পিনিং, ফাইন ফুডস, মেঘনা সিমেন্ট, বাংলাদেশ ল্যাম্পস ও আরামিট সিমেন্ট।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন ৬ লাখ ৭৫ হাজার ৮৯৩ কোটি ১২ লাখ ১১ হাজার ৮৭৮ টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে শেয়ারবাজারের মূলধন ৩ লাখ ৪২ হাজার ১৩৫ কোটি ১৯ লাখ ৬ হাজার ৩৯৯ টাকা, মিউচুয়াল ফান্ডের ২ হাজার ৮৮০ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা এবং ঋণপত্রের ৩ লাখ ৩০ হাজার ৮৭৭ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৪৯৯ টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দান করলেই সওয়াব পাওয়া যায়? জানুন দানের গুরুত্ব ও শর্তসমূহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


দান করলেই সওয়াব পাওয়া যায়? জানুন দানের গুরুত্ব ও শর্তসমূহ

ইসলামে দান-সদকা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত। অসহায়, দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

পবিত্র কোরআনে দানশীলদের প্রশংসা করা হয়েছে এবং মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করার প্রতি উৎসাহিত করা হয়েছে। তবে, দান করার পর পূর্ণ প্রতিদান পাওয়ার নিশ্চয়তা নেই। দানের ক্ষেত্রে যদি নিয়তের অসততা, লোক দেখানো মনোভাব, দান করে খোঁটা দেওয়া কিংবা গ্রহীতাকে কষ্ট দেওয়ার মতো আচরণ করা হয়, তাহলে মানুষের দানের সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং, দানের ফজিলত অর্জনের পাশাপাশি দানের প্রতিদান নষ্ট হওয়ার কারণগুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

১. প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করা

ইসলাম মানুষকে দানশীল হতে উৎসাহিত করেছে। তবে নফল দান করতে গিয়ে নিজের এবং পরিবারের প্রয়োজনকে উপেক্ষা করা সমর্থন করে না। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,

আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে। বল, যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা কর। (সূরা বাকারা, আয়াত ২১৯)

এই আয়াত থেকে বোঝা যায়, নফল দানের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করাই উত্তম। নিজের পরিবার এবং অধীনস্থদের প্রয়োজন পূরণ না করে দান করা উচিত নয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘উত্তম সদকা হলো যা দান করার পরেও মানুষ অমুখাপেক্ষী থাকে। উপরের হাত নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ। যাদের ভরণ-পোষণ তোমার জিম্মায়, তাদের আগে দাও।’ (সহিহ বুখারি, হাদিস ৪৯৬৪)

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ, মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ, মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালানের সময় জামালপুরের সীমান্তে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে।

রোববার (২২ নভেম্বর) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে গরুগুলো জব্দ করেন।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী ১০৪৭ পিলারের কাছে মেকুরআলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালান করা হচ্ছিল। এ কারণে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানে ৭টি গরু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, "আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১৯

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১৯

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ১৭৪ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং বরিশাল বিভাগে ১৬৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যুর পর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%