সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৩ পি.এম
বগুড়ার মোকামতলা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে নূরে আলম মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাজু মিয়া এবং সদস্যসচিব হিসেবে হাজি আ. লতিফকে মনোনীত করা হয়েছে।
এ তথ্য সোমবার (২৩ নভেম্বর) বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১২ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন—মোখলেছার রহমান খলিফা, মিজানুর রহমান মিন্টু, সোহেল আহম্মেদ, ফজলে মাহমুদ শাহীন, শহিদুল ইসলাম নুন্নু, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সেকেন্দার আলী, নজরুল ইসলাম, আকতারুজ্জামান বাবু, রেজাউল করিম, মানিক মিয়া, শরিফুল ইসলাম (মুরাদপুর), শাকিল আহম্মেদ, শরিফুল ইসলাম (রামচন্দ্রপুর) ও শুভ কুমার সাহা।
সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন—বাপ্পি, রকি, সাব্বির হাসান, শাহ আলম লিটন, মুনজু, সাইফুল ইসলাম, জিল্লু বারী, এমদাদুল হক, শামীম, এনামুল, আনরুল ও দুলাল প্রামানিক।
কমিটি অনুমোদনের প্রেক্ষিতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মন্তব্য করেন, ‘দলকে আরো সুসংগঠিত ও গতিশীল করতেই মোকামতলা পৌরসভার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি নতুন নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখবেন।’
নব-নির্বাচিত কমিটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টানা কয়েক দিনের থেমে থেমে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সিলেটের জনজীবন বর্তমানে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে চলা মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নিচু জায়গাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষ, শ্রমজীবী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এছাড়া, মাঠের আমন ধান ও আগাম শীতকালীন ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, টানা বর্ষণের ফলে গ্রামীণ কাঁচা ও আধাপাকা সড়কগুলো কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। অনেক স্থানে পানি জমে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। শহরের নিচু সড়ক ও অলিগলিতে পানি জমে যাওয়ায় স্বাভাবিক বেচাকেনা ও দৈনন্দিন কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে।
বৃষ্টির কারণে দিনমজুর, নির্মাণশ্রমিক ও ভ্যান-রিকশাচালকদের কাজ কমে যাওয়ায় নিম্নআয়ের মানুষের আয়-রোজগারে প্রভাব পড়েছে।
অন্যদিকে, এই টানা বৃষ্টি জেলার কৃষি খাতে বড় ধরনের দুশ্চিন্তা সৃষ্টি করেছে। বর্তমানে মাঠের আমন ধান পাকার শেষ পর্যায়ে রয়েছে এবং অনেক এলাকায় কাটার প্রস্তুতি চলছে। বৃষ্টির পানিতে জমিতে পানি জমে যাওয়ায় ধানের গাছ হেলে পড়া ও শিষ নুইয়ে পড়ার আশঙ্কা করছেন চাষিরা।
এছাড়া, আগাম শীতকালীন সবজি যেমন—শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লালশাক ও পালং ক্ষেতে জলাবদ্ধতা দেখা দিলে চারা ও গাছ পচে গিয়ে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অফিস জানায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সিলেটের বিভিন্ন অঞ্চলে ১ লাখ ৪৬ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষি বিভাগ জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে।
এ বছর সিলেট জেলায় আমন মৌসুমে ৪ লাখ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পাশাপাশি চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলায় ৩৮ হাজার ৮৭০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, সারা বছরের পরিশ্রমে ফসল ঘরে তোলার মুখে এমন বৃষ্টিতে তারা বড় ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন। জমিতে দীর্ঘক্ষণ পানি জমে থাকলে ধান কাটা ও মাড়াই কাজে বিলম্ব হবে এবং উৎপাদনও কমে যেতে পারে।
সিলেট দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের কৃষক শফিক আহমদ শফি বলেন, "জমিতে পাকা ধান কাটতে ৬ জন শ্রমিক লাগিয়ে ছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আজ তাদেরকে অবসর সময় কাটাতে হচ্ছে। বৃষ্টি চলমান থাকলে পাকা ধান মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে।"
কৃষি সংশ্লিষ্টদের মতে, টানা মেঘলা আবহাওয়া ও অতিরিক্ত আর্দ্রতার কারণে ফসলে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বাড়ার ঝুঁকি থাকে। তাই ক্ষেত থেকে দ্রুত অতিরিক্ত পানি বের করে দেওয়ার ব্যবস্থা রাখা জরুরি। বৃষ্টি আরও কয়েক দিন স্থায়ী হলে জনদুর্ভোগ আরও বাড়ার পাশাপাশি জেলার কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ শামসুজ্জামান বলেন, "টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে জেলার কিছু এলাকায় আমন ধান এবং আগাম শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই; জমিতে যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে জন্য কৃষকদের দ্রুত নালা কেটে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। পাকা ও আধা-পাকা ধান হেলে পড়লে বা জমিতে পানি জমলে ছত্রাকজনিত রোগ ও শিষ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে—এ বিষয়ে আমরা মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ ও কারিগরি সহায়তায় নিয়ে পাশে রয়েছি।
আবহাওয়া স্বাভাবিক হলে এবং দ্রুত পানি সরানো গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে জানান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া মনে করেন, সুযোগ ও পরিবেশ অনুকূলে আসার সঙ্গে সঙ্গে ইরানের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে জড়ানো উচিত। জেরুজালেমে অনুষ্ঠিত এলনেট সম্মেলনে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সমঝোতা কখনোই কার্যকর হবে না।
ইসরাইল ও ইউরোপের সম্পর্ক নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে বার্নিয়া বলেন, ইরানের মূল লক্ষ্য হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করা। তিনি জানান, গত জুনে মোসাদের দায়িত্ব ছাড়ার পরও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বারা দুটি হামলা চালানো সত্ত্বেও তেহরান তার লক্ষ্য থেকে সরে আসেনি।
বার্নিয়া নিষেধাজ্ঞাকে ইরানের আচরণ বদলানোর জন্য সময় দেওয়ার একটি উপায় হিসেবে মানলেও, তিনি সতর্কবার্তা প্রদান করেন। তার মতে, পশ্চিমা দেশগুলোকে ইরানের সম্ভাব্য চাল বা কৌশল মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা অস্থিরতা মোকাবিলার জন্য দেশগুলোর সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলারও আহ্বান জানান তিনি।
বার্নিয়া বলেন, ইতিহাসের বড় ও কঠিন সিদ্ধান্তগুলো সাধারণত জনপ্রিয় হয় না, কিন্তু বর্তমানে বিশ্ব মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁকে অবস্থান করছে। তার মতে, বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাতে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি যুদ্ধ শুরু করার পক্ষে জোর দেন, যদি সময় ও পরিস্থিতি উপযুক্ত হয়।
যুদ্ধ শুরু হলে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হবে এবং ইহুদিবিদ্বেষ বৃদ্ধি পাবে, সেটাও তিনি স্বীকার করেন। তবে তিনি মনে করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহসই প্রকৃত নেতৃত্বকে চেনায়। যুদ্ধের ফলে সাময়িক অস্থিরতা ও অর্থনৈতিক কষ্ট হলেও, শেষ পর্যন্ত তা বিশ্বকে আরও শান্ত ও নিরাপদ পরিবেশ প্রদান করবে বলে দাবি করেন তিনি।
সূত্র: টাইমস অব ইসরাইল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হেমন্তের আগমনের সময় গ্রামীণ জনপদে যখন খেজুরের রস সংগ্রহের জন্য ব্যস্ততা বৃদ্ধি পায়, তখন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ভিন্ন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে যথেষ্ট সংখ্যক খেজুর গাছ থাকলেও দক্ষ গাছির অভাবের কারণে সময়মতো রস সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এর ফলে, একদিকে গাছগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, অন্যদিকে শীতের শুরুতেই ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুরের রস ও গুড় থেকে স্থানীয় বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে দেখা গেছে, সড়কের পাশে, জমির আইলে এবং বাড়ির আঙিনায় শত শত খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে। মৌসুমের শুরুতে গাছ চেঁছে রস সংগ্রহের প্রস্তুতির কথা থাকলেও অধিকাংশ গাছ এখনো অযত্ন-অবহেলায় পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা ও গাছ মালিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, এক সময় মনোহরগঞ্জে বেশ কিছু অভিজ্ঞ ও দক্ষ গাছি ছিলেন, যারা শীত মৌসুমে নিয়মিত রস সংগ্রহ করে গুড় তৈরি করতেন। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় এবং পুরনো গাছিদের অনেকেই বয়সের কারণে বা পেশা পরিবর্তনের ফলে কাজ ছেড়ে দেওয়ায় তীব্র সংকট সৃষ্টি হয়েছে। অনেক সময় বাইরের জেলা থেকে গাছি আনার চেষ্টা করা হলেও খরচের হিসাব এবং যাতায়াত ব্যবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না।
উপজেলার বানঘর গ্রামের শহীদুল ইসলাম নামের একজন গাছ মালিক হতাশা প্রকাশ করে বলেন, "বাড়িতে বেশ কয়েকটি ভালো খেজুর গাছ রয়েছে। কিন্তু গাছ ছাঁচা বা রস নামানোর জন্য দক্ষ লোক পাচ্ছি না। অনভিজ্ঞ কাউকে দিয়ে কাজ করালে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই গাছ থাকলেও রস পাওয়া যাচ্ছে না।"
স্থানীয়দের মতে, খেজুর গাছের সঠিক পরিচর্যা এবং নির্ভুলভাবে চাঁছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ভুল হলে গাছ মরে যাওয়ার ঝুঁকি থাকে। তাই দক্ষ লোকের অভাবে অনেকেই ঝুঁকি নিতে চাইছেন না। এর সরাসরি প্রভাব স্থানীয় বাজারে পড়ছে—শীতের শুরুতেই খাঁটি খেজুরের রস ও পাটালি গুড়ের সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তা পাওয়া যাচ্ছে না।
উপজেলার সাতেশ্বর গ্রামের হেলান উদ্দিন -(৭৬) মনে করেন, খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য রক্ষা করতে এবং গ্রামীণ অর্থনীতিতে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করতে প্রশিক্ষণের মাধ্যমে নতুন গাছি তৈরি করা প্রয়োজন। পাশাপাশি খেজুর গাছ রোপণ ও সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করা হলে ভবিষ্যতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন এলাকাবাসী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ করার এবং এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
আজ একটি বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। তিনি জানান, শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে।
বিবৃতিতে ইউনূস বলেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তার মনে হয়েছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। ব্যাংকটি দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।
ইউনূস জানান, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব দরিদ্র নারীই ব্যাংকটির মালিক। ফলে ব্যাংকের ওপর হামলা তাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করে। ব্যাংকটির ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশেও অনুসরণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাঁদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
ইউনূস বলেন, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রচারণার বিষয়ে ইউনূস বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। তিনি নিজে ব্যাংকটির মালিক নন এবং কখনো ছিলেনও না। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
বিবৃতিতে তিনি জানান, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে, যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘ্নে চালু রাখা যায়।
ইউনূস বলেন, হামলার ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। যেখানে যেখানে হামলা হয়েছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে তারা যেন সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখেন।
ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও সরাসরি আঘাত। দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ