সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:১০ পি.এম
দক্ষিণ সুদানের অস্থিতিশীল ওয়ারাপ অঙ্গরাজ্যে বিরোধী পক্ষের সশস্ত্র বাহিনীর হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে সাত শিশু ও ছয় নারী অন্তর্ভুক্ত। স্থানীয় প্রশাসন রোববার রাতে এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়ারাপ অঙ্গরাজ্যের ‘বোল বোল বোমা’ এলাকায় এই হামলা সংঘটিত হয়। নিহতদের মধ্যে সাধারণ গ্রামবাসী ও পশুপালকরা রয়েছেন। হামলার সময় এসপিএলএ-আইও (SPLA-IO) পোশাক পরা চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, রোববার সন্ধ্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হচ্ছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সম্প্রতি ওই অঞ্চলে আন্তঃসম্প্রদায় সংঘাত ও সশস্ত্র সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ওয়ারাপ অঙ্গরাজ্যের মাকুয়াচ শহরের একটি বাজারে সংঘর্ষে ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন। এছাড়া, গত মাসে ওয়ারাপ ও ইউনিটি অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকায় আন্তঃগোষ্ঠী সহিংসতায় অন্তত ৭২ জন প্রাণ হারিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানে প্রতিশোধমূলক হামলা, গবাদি পশু লুট এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে, যা অবৈধ অস্ত্রের সহজলভ্যতায় আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে প্রেসিডেন্ট সালভা কিইরের অনুগত বাহিনী এবং রিয়েক মাচারের অনুগত বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে চার লাখের বেশি মানুষ নিহত হন। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ নতুন করে বাড়িয়ে দিয়েছে, যা দেশটির বিস্তীর্ণ অঞ্চলে চরম মানবিক সংকট সৃষ্টি করেছে। সূত্র: নিউজ অব বাহরাইন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ