প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা কয়েক দিনের থেমে থেমে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সিলেটের জনজীবন বর্তমানে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে চলা মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নিচু জায়গাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষ, শ্রমজীবী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এছাড়া, মাঠের আমন ধান ও আগাম শীতকালীন ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, টানা বর্ষণের ফলে গ্রামীণ কাঁচা ও আধাপাকা সড়কগুলো কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। অনেক স্থানে পানি জমে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। শহরের নিচু সড়ক ও অলিগলিতে পানি জমে যাওয়ায় স্বাভাবিক বেচাকেনা ও দৈনন্দিন কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে।
বৃষ্টির কারণে দিনমজুর, নির্মাণশ্রমিক ও ভ্যান-রিকশাচালকদের কাজ কমে যাওয়ায় নিম্নআয়ের মানুষের আয়-রোজগারে প্রভাব পড়েছে।
অন্যদিকে, এই টানা বৃষ্টি জেলার কৃষি খাতে বড় ধরনের দুশ্চিন্তা সৃষ্টি করেছে। বর্তমানে মাঠের আমন ধান পাকার শেষ পর্যায়ে রয়েছে এবং অনেক এলাকায় কাটার প্রস্তুতি চলছে। বৃষ্টির পানিতে জমিতে পানি জমে যাওয়ায় ধানের গাছ হেলে পড়া ও শিষ নুইয়ে পড়ার আশঙ্কা করছেন চাষিরা।
এছাড়া, আগাম শীতকালীন সবজি যেমন—শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লালশাক ও পালং ক্ষেতে জলাবদ্ধতা দেখা দিলে চারা ও গাছ পচে গিয়ে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অফিস জানায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সিলেটের বিভিন্ন অঞ্চলে ১ লাখ ৪৬ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষি বিভাগ জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে।
এ বছর সিলেট জেলায় আমন মৌসুমে ৪ লাখ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পাশাপাশি চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলায় ৩৮ হাজার ৮৭০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, সারা বছরের পরিশ্রমে ফসল ঘরে তোলার মুখে এমন বৃষ্টিতে তারা বড় ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন। জমিতে দীর্ঘক্ষণ পানি জমে থাকলে ধান কাটা ও মাড়াই কাজে বিলম্ব হবে এবং উৎপাদনও কমে যেতে পারে।
সিলেট দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের কৃষক শফিক আহমদ শফি বলেন, "জমিতে পাকা ধান কাটতে ৬ জন শ্রমিক লাগিয়ে ছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আজ তাদেরকে অবসর সময় কাটাতে হচ্ছে। বৃষ্টি চলমান থাকলে পাকা ধান মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে।"
কৃষি সংশ্লিষ্টদের মতে, টানা মেঘলা আবহাওয়া ও অতিরিক্ত আর্দ্রতার কারণে ফসলে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বাড়ার ঝুঁকি থাকে। তাই ক্ষেত থেকে দ্রুত অতিরিক্ত পানি বের করে দেওয়ার ব্যবস্থা রাখা জরুরি। বৃষ্টি আরও কয়েক দিন স্থায়ী হলে জনদুর্ভোগ আরও বাড়ার পাশাপাশি জেলার কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ শামসুজ্জামান বলেন, "টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে জেলার কিছু এলাকায় আমন ধান এবং আগাম শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই; জমিতে যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে জন্য কৃষকদের দ্রুত নালা কেটে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। পাকা ও আধা-পাকা ধান হেলে পড়লে বা জমিতে পানি জমলে ছত্রাকজনিত রোগ ও শিষ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে—এ বিষয়ে আমরা মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ ও কারিগরি সহায়তায় নিয়ে পাশে রয়েছি।
আবহাওয়া স্বাভাবিক হলে এবং দ্রুত পানি সরানো গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন