সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৯ পি.এম
রাজধানীর হাতিরঝিল বাগিচারটেকে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন সানাউল্লাহ গনি ওরেফে বাবু (২৬) নামে এক অটোচালক। একই ঘটনায় চাপাতির আঘাতে আহত হয়েছেন শরিফ (২৮) নামে আরও এক অটোচালক।
এ ঘটনা ঘটে সোমবার (২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত বাবু ও তার সাথে থাকা পরিচিতরা জানিয়েছেন, তিনি বাগিচারটেকে একটি গলির রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন স্থানীয় সুজন গ্রুপের হাসিব, নুরু, হাসানসহ ১০-১২ জন মিলে আগ্নেয়াস্ত্র ও চাপাতি দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় বাবুর বুকের বাম পাশে একটি গুলি লাগে এবং তার ডান হাতের তালু ও ডান পায়ের পাতায় আঘাত লাগে।
আহত বাবু বলেন, তিনি দীর্ঘদিন কাতারে ছিলেন এবং দেড় মাস আগে দেশে ফিরে অটোরিকশা চালানো শুরু করেন। হামলাকারীদের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। হামলার সময় তার কাছ থেকে ২৬ হাজার টাকা ও ফোন ছিনিয়ে নেয়া হয়। একই ঘটনায় শরিফের ডান পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করা হয়।
আহত বাবুর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়, তার বাবার নাম আব্দুল বারেক। শরিফের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়, তার বাবার নাম বেল্লাল হোসেন। দুজনই বাগিচারটেক কাদেরের রিকশার গ্যারেজে থাকেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনস্পেক্টর মো. হাবিবুর রহমান জানিয়েছেন, আহত দুজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন তাদের দুলাভাই। প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি, যা ৫০০ রুপির নোট দিয়ে তৈরি করা হয়েছিল। প্রায় ১০০ ফুট লম্বা এই মালাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের মথুরায় ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার মথুরার নাগলা ফাউদা গ্রামে বিয়ের শোভাযাত্রার সময় প্রাশান্ত সিং ও কানহা রাঘব নামের দুই চাচাতো ভাইকে এই উপহার প্রদান করা হয়। তাদের দুলাভাই যোগেশ কুমার ঠাকুর রাজস্থানের কামা এলাকার নানদোলি গ্রামের বাসিন্দা।
প্রতিটি মালা ৫০০ রুপির নোট দিয়ে তৈরি করা হয়েছিল। আকারের কারণে মালাগুলো বহন ও সামলাতে কয়েকজনের সহায়তা প্রয়োজন হয়। পরে দুই বরকে একটি ভবনের ছাদে দাঁড় করিয়ে তাদের গলায় সেই মালা পরিয়ে দেয়া হয়। এরপর মথুরার গোবর্ধন এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়।
প্রাশান্ত ও কানহা ভারতীয় কিষান ইউনিয়নের (ভানু) সঙ্গে যুক্ত কৃষক নেতা মহাবীর স্বামীর ভাতিজা। তাদের পরিবারের সদস্যরা মার্বেল ও পাথরের শোরুমের ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিনব এই উপহারের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দক্ষিণ সুদানের অস্থিতিশীল ওয়ারাপ অঙ্গরাজ্যে বিরোধী পক্ষের সশস্ত্র বাহিনীর হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে সাত শিশু ও ছয় নারী অন্তর্ভুক্ত। স্থানীয় প্রশাসন রোববার রাতে এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়ারাপ অঙ্গরাজ্যের ‘বোল বোল বোমা’ এলাকায় এই হামলা সংঘটিত হয়। নিহতদের মধ্যে সাধারণ গ্রামবাসী ও পশুপালকরা রয়েছেন। হামলার সময় এসপিএলএ-আইও (SPLA-IO) পোশাক পরা চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, রোববার সন্ধ্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হচ্ছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সম্প্রতি ওই অঞ্চলে আন্তঃসম্প্রদায় সংঘাত ও সশস্ত্র সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ওয়ারাপ অঙ্গরাজ্যের মাকুয়াচ শহরের একটি বাজারে সংঘর্ষে ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন। এছাড়া, গত মাসে ওয়ারাপ ও ইউনিটি অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকায় আন্তঃগোষ্ঠী সহিংসতায় অন্তত ৭২ জন প্রাণ হারিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানে প্রতিশোধমূলক হামলা, গবাদি পশু লুট এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে, যা অবৈধ অস্ত্রের সহজলভ্যতায় আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে প্রেসিডেন্ট সালভা কিইরের অনুগত বাহিনী এবং রিয়েক মাচারের অনুগত বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে চার লাখের বেশি মানুষ নিহত হন। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ নতুন করে বাড়িয়ে দিয়েছে, যা দেশটির বিস্তীর্ণ অঞ্চলে চরম মানবিক সংকট সৃষ্টি করেছে। সূত্র: নিউজ অব বাহরাইন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ