প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হেমন্তের আগমনের সময় গ্রামীণ জনপদে যখন খেজুরের রস সংগ্রহের জন্য ব্যস্ততা বৃদ্ধি পায়, তখন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ভিন্ন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে যথেষ্ট সংখ্যক খেজুর গাছ থাকলেও দক্ষ গাছির অভাবের কারণে সময়মতো রস সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এর ফলে, একদিকে গাছগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, অন্যদিকে শীতের শুরুতেই ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুরের রস ও গুড় থেকে স্থানীয় বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে দেখা গেছে, সড়কের পাশে, জমির আইলে এবং বাড়ির আঙিনায় শত শত খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে। মৌসুমের শুরুতে গাছ চেঁছে রস সংগ্রহের প্রস্তুতির কথা থাকলেও অধিকাংশ গাছ এখনো অযত্ন-অবহেলায় পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা ও গাছ মালিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, এক সময় মনোহরগঞ্জে বেশ কিছু অভিজ্ঞ ও দক্ষ গাছি ছিলেন, যারা শীত মৌসুমে নিয়মিত রস সংগ্রহ করে গুড় তৈরি করতেন। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় এবং পুরনো গাছিদের অনেকেই বয়সের কারণে বা পেশা পরিবর্তনের ফলে কাজ ছেড়ে দেওয়ায় তীব্র সংকট সৃষ্টি হয়েছে। অনেক সময় বাইরের জেলা থেকে গাছি আনার চেষ্টা করা হলেও খরচের হিসাব এবং যাতায়াত ব্যবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না।
উপজেলার বানঘর গ্রামের শহীদুল ইসলাম নামের একজন গাছ মালিক হতাশা প্রকাশ করে বলেন, "বাড়িতে বেশ কয়েকটি ভালো খেজুর গাছ রয়েছে। কিন্তু গাছ ছাঁচা বা রস নামানোর জন্য দক্ষ লোক পাচ্ছি না। অনভিজ্ঞ কাউকে দিয়ে কাজ করালে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই গাছ থাকলেও রস পাওয়া যাচ্ছে না।"
স্থানীয়দের মতে, খেজুর গাছের সঠিক পরিচর্যা এবং নির্ভুলভাবে চাঁছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ভুল হলে গাছ মরে যাওয়ার ঝুঁকি থাকে। তাই দক্ষ লোকের অভাবে অনেকেই ঝুঁকি নিতে চাইছেন না। এর সরাসরি প্রভাব স্থানীয় বাজারে পড়ছে—শীতের শুরুতেই খাঁটি খেজুরের রস ও পাটালি গুড়ের সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তা পাওয়া যাচ্ছে না।
উপজেলার সাতেশ্বর গ্রামের হেলান উদ্দিন -(৭৬) মনে করেন, খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য রক্ষা করতে এবং গ্রামীণ অর্থনীতিতে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করতে প্রশিক্ষণের মাধ্যমে নতুন গাছি তৈরি করা প্রয়োজন। পাশাপাশি খেজুর গাছ রোপণ ও সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করা হলে ভবিষ্যতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন