ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি

সাগরে ফেলে দেওয়া সাতজন, পালিয়ে ফিরলেন ২৮


সাগরে ফেলে দেওয়া সাতজন, পালিয়ে ফিরলেন ২৮

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে টেকনাফে আটকে রাখা হয়। পরে তাদেরকে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে থাকা একটি ট্রলারে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে প্রত্যেকের কাছে দাবি করা হয় প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ। টাকা দিতে না পারলে নির্যাতন- এমনকি সাগরে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এভাবে ট্রলারে বন্দি ছিলেন ৭২ জন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগীরা প্রতিরোধ গড়ে তোলেন।

দালালচক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর তারা ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে নিজেরাই কক্সবাজার উপকূলে ফিরে আসেন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের দাবি, তাদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছায়। পরে স্থানীয় লোকজন, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় ২৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষ রয়েছেন।

আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য, বাড়ি থেকে ডেকে নেওয়া, কাজের প্রলোভন কিংবা বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের টেকনাফে নিয়ে আটকে রাখা হয়েছিল। পরে বিভিন্ন স্থান থেকে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে তোলা হয়। সেখানে শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা।

উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার পর তাদের একটি ঘরে আটকে রাখা হয়। একপর্যায়ে বুঝতে পারেন, তারা মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।

রিদুয়ান বলেন, আটকে রাখার পর তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন পাহারা দিত। আট থেকে ৯ দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নেওয়া হয় তাদের। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়।

তার ভাষ্য, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

রিদুয়ান জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদে ট্রলারে থাকা যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।

চকরিয়ার এক রাজমিস্ত্রিও কাজের প্রলোভনে টেকনাফে গিয়ে অপহরণের শিকার হন বলে জানান। জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার কথা বলে তাকে একটি বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর দরজা বন্ধ করে দেওয়া হয়। চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে সুপারি বাগানের ভেতরে একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাকে। এ সময় ঠিকমতো খাবার দেওয়া হতো না। কারও সঙ্গে যোগাযোগের সুযোগও ছিল না।

মুক্তার হোসেন নামে আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পান তিনি। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেওয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দি অবস্থায় দেখতে পান।

উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন। শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে তারা নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে বসিয়ে রাখেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছ জানান, দালালচক্রের সদস্যদের অতিরিক্ত মারধরের প্রতিবাদ জানালে ট্রলারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায়। দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

স্বজনদের কাছে মুক্তিপণ দাবি

সাগরে বন্দি থাকা ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও মুক্তিপণের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর স্বজনদের ফোন করে টাকা দাবি করা হয়। টাকা না দিলে হত্যা কিংবা অন্য দালালদের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন স্বজনরা। তাদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানতে চাওয়া হয়, ছেলের খবর পেয়েছেন কি না। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে ছেলে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড শুমারি শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান সমাজসেবা অধিদফতরের

সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

আরেক অভিভাবক আবু তাহের জানান, তার ছেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।

উদ্ধার হওয়া ব্যক্তি ও তাদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত। প্রথমে পরিচিতজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ আদায় করা হয়।

ভুক্তভোগী ও তাদের স্বজনেরা অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: কৃষি গবেষণায় বরাদ্দ বাড়াচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছিল। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী: বীর মুক্তিযোদ্ধারা আমাদের গৌরব, তাদের অবদান অনন্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


প্রধানমন্ত্রী: বীর মুক্তিযোদ্ধারা আমাদের গৌরব, তাদের অবদান অনন্য

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, মুক্তিযুদ্ধের বীর সেনানিদের প্রতি সম্মান জানানো রাষ্ট্রের কর্তব্য।

তিনি শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক—যারা এই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে তা অর্জন করা হয়ে ওঠে না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য, অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমি সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আহত সব মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা।’

সরকারপ্রধান বলেন, ‘ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সম্মানী এবং সংবর্ধনা পেলেন, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। আপনাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করছে।’

মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব এবং সাফল্য আন্দোলিত করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য উপবৃত্তির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য উপবৃত্তির ঘোষণা

সরকার দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সকল ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর অথবা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর জন্য প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। অন্যদিকে, ছাত্রদের জন্য বিদ্যমান পদ্ধতিতে উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। এ জন্য যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত যেসব ছাত্রীর নাম সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই।

তবে উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের বা তাদের অভিভাবকদের নামে হিসাব খুলতে হবে। শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।

বাবা অথবা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে কিংবা নতুন হিসাব খুললে সেই হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবককে আবেদনপত্রে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।

বাবা-মা কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে যাকে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে উপবৃত্তির অর্থ নিতে পারবে।

এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন এবং তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

নির্দেশনায় উদাহরণ দিয়ে বলা হয়েছে, বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম নিবন্ধন করা হলে ওই বাবার জাতীয় পরিচয়পত্র দিয়েই তার নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। এ পদ্ধতির ব্যত্যয় হলে জিটুপি ব্যবস্থায় উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

এ ছাড়া কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে উল্লেখিত আপন ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানির কেউ না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। তথ্য এন্ট্রির সময় ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএসে আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।

স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নামেই খুলতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে সংশ্লিষ্ট হিসাব হালনাগাদ করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া ইআইআইএন নম্বরধারী শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

নির্দেশনায় সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করা এবং এ-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাচসাস নির্বাচনে দফতর সম্পাদক হলেন মহিব আল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


বাচসাস নির্বাচনে দফতর সম্পাদক হলেন মহিব আল হাসান

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ দ্বিবার্ষিক নির্বাচনে দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের সাংবাদিক মহিব আল হাসান, যিনি ২২৬ ভোট পেয়ে এই পদে জয়লাভ করেন। তিনি আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার প্রতিদ্বন্দ্বী রিয়েল তন্ময় ২০৩ ভোট পেয়েছেন। মহিব আল হাসান ২৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ২০টি পদ ছিল, যার মধ্যে ১৭টিতে জয়লাভ করেছে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ। বাকি তিনটি পদে জয়ী হয়েছে প্রতিদ্বন্দ্বী দর্পণ-তেপান্তর পরিষদ। ফলাফলে পরিষদের সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাচসাসের এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ ছিল মুখর। ভোটগ্রহণ দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন, যার মধ্যে ৪৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

চলচ্চিত্র সাংবাদিকদের অংশগ্রহণ এবং দুই পরিষদের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল। নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।

নবনির্বাচিত এই কমিটি ২০২৮ সাল পর্যন্ত বাচসাসের দায়িত্ব পালন করবে। নতুন কমিটির কাছে সদস্যদের প্রত্যাশা হলো চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দেশের চলচ্চিত্র সাংবাদিকতার বিকাশে কার্যকর ভূমিকা রাখা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : আজ সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উদযাপিত হচ্ছে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে।

দিবসের কর্মসূচি শুরু হয় দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন দিবসটি উপলক্ষে। আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া, তিন বাহিনীর প্রধানদের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এ সময় তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করবেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আজ সন্ধ্যা ৬টায় দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সংবর্ধনায় সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো আজ বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য নিকটবর্তী ঘাটে নোঙর করে রাখা হবে।

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে গতকাল শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে সম্প্রচার করা হবে।

দিবসটি উপলক্ষে আজ দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এ ছাড়া সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%