প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিণ। একসময় তাঁরা একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছিলেন। তবে ব্যক্তিগত মনোমালিন্য ও বিতর্কের কারণে দীর্ঘ সময় ধরে এই দুই অভিনয়শিল্পীকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে প্রায় তিন বছর পর আবারও তাঁরা পর্দায় ফিরছেন।
‘প্রাণ সখিয়া’ নামের একটি নতুন নাটকে জুটি বেঁধেছেন তাঁরা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সম্প্রতি ঢাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী নতুন ইংরেজি বছরের শুরুতে সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
জোভান ও ফারিণের একসঙ্গে ফেরার খবরটি বিশেষভাবে আলোচনায় এসেছে তাঁদের অতীতের দূরত্বের কারণে। ২০২৩ সালে ‘জানেমান তুই আমার’ নাটকের শুটিং চলাকালীন তাঁদের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত ঘটে। সে সময় ফারিণের বিরুদ্ধে শুটিংয়ের সময়সূচি ও পেশাদারিত্ব নিয়ে অভিযোগ তুলেছিলেন জোভান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যায়। পরে নির্মাতার উদ্যোগে সেই বিরোধের সমাধান হলেও তাঁদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
নতুন নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিণ জানান, নাটকের মাধ্যমেই তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। দীর্ঘদিন পর ছোট পর্দার জন্য কাজ করতে পেরে তিনি আনন্দিত। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাজের প্রতি আস্থা এবং স্বাচ্ছন্দ্য থেকেই নাটকটিতে যুক্ত হয়েছেন তিনি। জোভানের সঙ্গে আবারও অভিনয়ের অভিজ্ঞতাকেও দারুণ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, এর আগে ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘টুইন ট্রাবল’, ‘জানেমান তুই আমার’, ‘নতুন ঠিকানা’ ও ‘চাওয়া পাওয়ার ওপারে’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জোভান ও ফারিণ। তাঁদের নতুন এই জুটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন