ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

৯৪ বছর পর কানসাসে সিনেট আসন পেলেন ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিল্টন


৯৪ বছর পর কানসাসে সিনেট আসন পেলেন ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিল্টন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে কানসাস অঙ্গরাজ্যের সিনেটে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন বিজয়ী হয়েছেন। তিনি রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর রজার মার্শালকে পরাজিত করে ৯৪ বছর পর প্রথম ডেমোক্র্যাট হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, ৯৩ শতাংশ ভোট গণনা শেষে অ্যাডাম হ্যামিল্টন ৫ লাখ ৫৩ হাজার ২৩টি ভোট পেয়েছেন, যা ৫১ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে রজার মার্শাল ৪ লাখ ৯১ হাজার ৮২২টি ভোট পেয়েছেন, যা ৪৫ দশমিক ৫৬ শতাংশ। এপি অ্যাডাম হ্যামিল্টনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।

৬২ বছর বয়সী অ্যাডাম হ্যামিল্টন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইউনাইটেড মেথডিস্ট গির্জার যাজক। তিনি খ্রিষ্টধর্ম ও ধর্মতত্ত্ব নিয়ে ৩০টির বেশি বই রচনা করেছেন। নির্বাচনী প্রচারে তিনি জীবনযাত্রার ব্যয় কমানো এবং দুই দলের মধ্যে সহযোগিতার ওপর জোর দিয়েছেন। হ্যামিল্টন নিজেকে স্বাধীন চিন্তাধারার ডেমোক্র্যাট হিসেবে পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন: ‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, চীনের বিপাকে ছবি

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী মার্শালের প্রতি সমর্থন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স কানসাসে গিয়ে মার্শালের পক্ষে প্রচার চালান। তবে তাদের সমর্থনও মার্শালের জয় নিশ্চিত করতে পারেনি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কানসাসে ১৬ শতাংশের বেশি ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। এমন একটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীর এই জয় দলটির জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনি জটিলতায় নোরা ফাতেহি, আদালতে হাজিরা না দেওয়ায় নতুন সমন জারি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


আইনি জটিলতায় নোরা ফাতেহি, আদালতে হাজিরা না দেওয়ায় নতুন সমন জারি

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ২০০ কোটি রুপির চাঁদাবাজির মামলায় নতুন আইনি জটিলতায় পড়েছেন। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নির্ধারিত দিনে হাজির না হওয়ায় তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। এই ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে নতুন সমন জারি করা হয়েছে। আদালত আগামী ৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।

নোরাকে ২ নভেম্বর আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে আলোচিত এই মামলায়। তবে তিনি ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে আদালতে হাজির হতে পারেননি। নোরার আইনজীবীরা জানান, অল্প সময়ের নোটিশে সমন পাওয়ার পাশাপাশি আগে থেকে নির্ধারিত পেশাগত চুক্তির কারণে হাজিরা দেওয়া সম্ভব হয়নি। এই কারণে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত বিষয়টি গ্রহণ করেনি।

অন্যদিকে, নোরার আইনজীবীরা দাবি করেছেন যে, এই মামলায় অভিনেত্রী কোনো অভিযুক্ত নন। বরং তাকে তদন্তে সহযোগিতার জন্য সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। তাদের বক্তব্য হলো, নোরা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন এবং তিনি তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।

তদন্তে জানা গেছে, সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পলের সঙ্গে নোরার যোগাযোগ ছিল। জিজ্ঞাসাবাদে অভিনেত্রী জানিয়েছিলেন, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার বিনিময়ে তাকে নগদ অর্থের পরিবর্তে বিএমডব্লিউ গাড়ি, গুচির ব্যাগসহ দামি উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন এবং পরে সন্দেহ তৈরি হওয়ায় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এদিকে, কারাগার থেকে লেখা এক চিঠিতে সুকেশ নোরাকে নিয়ে পাল্টা অভিযোগ তুলেছেন। তার দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন। এমনকি জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন বলেও দাবি করেন সুকেশ। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।

উল্লেখ্য, কারাগারে বন্দি থাকা অবস্থায় দুই ব্যবসায়ী শিবিন্দার সিং ও মলবিন্দার সিংয়ের স্ত্রীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। এই অর্থ দিয়ে কেনা দামি উপহার বলিউডের নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ কয়েকজন তারকাকে দেওয়ার অভিযোগ উঠেছে। আগামী ৬ নভেম্বর আদালতে নোরার উপস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেমায়েতপুরে দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


হেমায়েতপুরে দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর, ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এই ঘটনা বুধবার (৪ নভেম্বর) সকালে ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় এক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে হেমায়েতপুরের কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে পুলিশ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এর ফলে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে পুরো হেমায়েতপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীও আহত হন।

পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। তবে মহাসড়কে যান চলাচল শুরু হলেও এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগে রাফিনিয়ার জোড়া গোলে ৩-০ জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগে রাফিনিয়ার জোড়া গোলে ৩-০ জয়

চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডে পিএসজির কাছে হেরে বার্সেলোনার মনোবলে বড় ধাক্কা লেগেছিল। তবে পরবর্তী ম্যাচে কাতালানরা ঘুরে দাঁড়িয়েছে। স্বাগতিকরা অ্যাস্টোন ভিলাকে নিজেদের মাঠে রীতিমতো বিধ্বস্ত করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে পরাজিত করেছে। ম্যাচের শুরুতেই লামিনে ইয়ামালের গোলের পর দ্বিতীয়ার্ধে ইউরোপের সবচেয়ে সফল গোলদাতা রাফিনিয়া জোড়া গোল করেন।

এদিন সপ্তম মিনিটে সফরকারীরা নিজেদের ভুলের কারণে গোল খায়। গোল কিক থেকে মারাত্মক ভুল করে জোয়াও গোমেস সরাসরি ইয়ামালকে পাস দেন, এবং ১২ গজ দূর থেকে ইয়ামাল কোনাকুনি শটে গোল করেন।

ভিলা কয়েক মিনিটের মধ্যে সমতা ফেরানোর খুব কাছে ছিল। দুটি কর্নার থেকে বার্সার এলেমেলো রক্ষণভাগের সুযোগ নিয়ে তারা গোল করতে পারতো। প্রথমে ম্যাটি ক্যাশের দূরের পোস্ট থেকে নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে যায়।

পরের কর্নারে গোমেস ভেবেছিলেন, তিনি হয়তো তার ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। কিন্তু শেষ মুহূর্তে জোয়াও কানসেলো তার শটটি দারুণভাবে ব্লক করেন। ভিলা আত্মবিশ্বাস ফিরে পায় এবং বার্সার অর্ধে আক্রমণ শুরু করে।

১৯তম মিনিটে তারা সমতা ফেরানোর খুব কাছে পৌঁছায়। নিকোলাস জ্যাকসন ডানপ্রান্ত দিয়ে এগিয়ে বল বাড়ান। জোহান মানজাম্বি গোলবারের পাশ দিয়ে বল মারেন। জ্যাকসনকে আবারও হতাশ হতে হয়। তাকে শুধু জোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেই হতো।

কিন্তু বার্সা কিপার এগিয়ে এসে পা দিয়ে ট্যাকল করে বল বিপদমুক্ত করেন। মানজাম্বি বক্সে ঢুকলে আবারও ভিলা হুমকি তৈরি করে, কিন্তু গার্সিয়া তা রুখে দেন। এত এত সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে অতিথি দলকে।

৫২তম মিনিটে বার্সা ব্যবধান দ্বিগুণ করে। ফারমিন লোপেজ বক্সের প্রান্তে রাফিনিয়াকে বল দেন এবং তার শট পাউ তোরেসের গোড়ালিতে লেগে দিক পাল্টে গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়।

১২ মিনিট পর আসে তৃতীয় গোল। কানসেলো জন ম্যাকগিনকে কাটিয়ে রাফিনিয়াকে বল দেন, ছয় গজ দূর থেকে গোল করতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে তার গোল সংখ্যা ১৯।

লিওন গোরেৎকার একটি চমৎকার হেড গোলপোস্টে লাগলে ভিলার স্কোরশিটে নাম লেখা হয়নি। পরে বোবাকার কামারাকে ভুল পাস দিয়ে বিপদে পড়েন ভিলা গোলরক্ষক জিওন সুজুকি। ফিরতি শটে ফারমিনকে রুখে দেন তিনি।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ কিশোর গোলদাতা ইয়ামাল পরে দুটি শট নিলেও গোলবারের পাশ দিয়ে মারেন।

চার ম্যাচে ভিলার সমান ৯ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে বার্সা। শীর্ষ দল পিএসজির (১২) চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা মন্ত্রীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


চীনা মন্ত্রীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশে সফররত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি বুধবার (৪ নভেম্বর) সকালে, সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনের আন্তর্জাতিক মন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং দলের যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন। ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%