ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ


গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলন ষষ্ঠ দিনে প্রবাহিত হচ্ছে। বুধবার সকালে মহানগরীর বড়বাড়ী এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় সংঘর্ষের ঘটনা শুরু হয়। শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এদিকে গাজীপুর মহানগরীর হারিকেন, ভোগড়া বাইপাস, বাসন ও কোনাবাড়ী এলাকাতেও শ্রমিকদের বিচ্ছিন্ন বিক্ষোভ, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন: বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

অন্যদিকে, আন্দোলনের শুরু থেকে রাজধানীর প্রবেশমুখ শিল্পনগরী টঙ্গীতে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। সেখানে বড় ধরনের কোনো আন্দোলন বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান ও টহল জোরদার করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম-সেবা।

আরও পড়ুন: তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণী দিশা আবারও রিমান্ডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউ মেক্সিকোর ডেব হাল্যান্ড প্রথম আদিবাসী নারী গভর্নর নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


নিউ মেক্সিকোর ডেব হাল্যান্ড প্রথম আদিবাসী নারী গভর্নর নির্বাচিত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ডেব হাল্যান্ড। এই নির্বাচনের মাধ্যমে তিনি দেশের ইতিহাসে প্রথম আদিবাসী নারী গভর্নর হওয়ার একটি গুরুত্বপূর্ণ রেকর্ড স্থাপন করেছেন।

বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পূর্বাভাস অনুযায়ী, ভোট গণনার ৯৮ শতাংশ সম্পন্ন হওয়ার পর দেখা যায়, ডেব হাল্যান্ড ৫৭ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়েছেন, যা ৪ লাখ ১২ হাজার ৮৩৪ ভোটের সমান। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও সাবেক মেয়র গ্রেগরি ডি. হাল ৪২ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়েছেন, অর্থাৎ ৩ লাখ ৮ হাজার ৩১৫ ভোট।

ডেব হাল্যান্ড ২০১৮ সালে লেগুনা পুয়েবলো জনগোষ্ঠীর একজন সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হয়ে প্রথম দুই আদিবাসী নারীর একজন হন। পরে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদে কাজ করার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী মন্ত্রিসভার সদস্য হওয়ার ইতিহাসও গড়েছেন।

সূত্র: স্ক্রাইপস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন। ট্রাম্পের অভিযোগ, এই সংবাদমাধ্যমটি ডেমোক্র্যাট নেতাদের নিয়মিত টেলিভিশনে উপস্থিতির সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী অবস্থানকে দুর্বল করেছে। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার (৪ নভেম্বর) তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয়গুলোকে প্রচারের সুযোগ দিয়েছে।’

পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন, কেন ফক্স নিউজ ডি ব্লাসিওকে সম্প্রচারে আমন্ত্রণ জানিয়েছে এবং দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগ দিয়েছে? ট্রাম্প দাবি করেন, মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ডি ব্লাসিওর ভাবমূর্তি ছিল প্রশ্নবিদ্ধ।

ফক্স নিউজের বিভিন্ন উপস্থাপক ও সম্পাদকীয় সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন ট্রাম্প নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়ে। যখন তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সংবাদমাধ্যমটির কিছু বিশ্লেষক ও উপস্থাপকের মতপার্থক্য তৈরি হয়েছে, তখন তিনি প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে দলটি। এর ফলে কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণ কমে যেতে পারে। এতে তার আইন প্রণয়ন ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন বাধা তৈরি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিফের বান্ধবী জেরিকার রিমান্ড ৩ দিন বাড়াল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


তাহসিফের বান্ধবী জেরিকার রিমান্ড ৩ দিন বাড়াল আদালত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে, পুলিশ তাকে ৪ দিনের রিমান্ডে নেয়।

বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।

৪ দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন জেরিকা তাসনিম দিশা। ঘটনার পূর্বে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ এ গিয়েছিলেন। মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে দিশাকে একটি মোটরসাইকেল গ্যারেজে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে।

এছাড়া, ভিকটিম তাহসিফের সঙ্গে দিশা রেস্টুরেন্টে অবস্থানসহ মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছিলেন। নিহত তাহসিফের মোবাইল কললিস্ট (সিডিআর) পর্যালোচনায় দেখা যায়, ঘটনার পূর্বে দিশার সঙ্গে তাহসিফের একাধিকবার ফোনালাপ হয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, প্রাথমিকভাবে তাহসিফ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্যান্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেফতার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অপর আসামি দীপের দেয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য ক্রস-চেক (মুখোমুখি যাচাই) করার জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় ৩০ অক্টোবর রাতে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে, এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর আমার ছেলে কে এম তাহসিফ সাউরি আনুমানিক সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বাইরে যায়। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে সে জানায়, কিছুক্ষণের মধ্যে ফিরবে। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েজ মেসেজ পাঠায়, ‘রওনা দিয়েছি, আসছি’। কিন্তু রাত পেরিয়ে পরের দিন বিকেল হলেও সে ফিরে আসেনি।

২৮ অক্টোবর বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোনের মাধ্যমে আমাকে জানায়, রাজারবাড়ি ঘাট উত্তরখান এলাকাতে তুরাগ নদ থেকে আমার সন্তানের মরদেহ উদ্ধার হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌপুলিশ আমার কাছে আমার সন্তানের মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় রীতি সম্পন্ন করে ২৯ অক্টোবর বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশনা প্রদান করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা প্রয়োজন।

বিশেষ কোনো ক্ষেত্র ব্যতীত, এই আদেশটি শুধুমাত্র প্রবিধি-৪ এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির জন্য প্রযোজ্য হবে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বোর্ডের পূর্ববর্তী নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%