প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ২০০ কোটি রুপির চাঁদাবাজির মামলায় নতুন আইনি জটিলতায় পড়েছেন। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নির্ধারিত দিনে হাজির না হওয়ায় তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। এই ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে নতুন সমন জারি করা হয়েছে। আদালত আগামী ৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।
নোরাকে ২ নভেম্বর আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে আলোচিত এই মামলায়। তবে তিনি ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে আদালতে হাজির হতে পারেননি। নোরার আইনজীবীরা জানান, অল্প সময়ের নোটিশে সমন পাওয়ার পাশাপাশি আগে থেকে নির্ধারিত পেশাগত চুক্তির কারণে হাজিরা দেওয়া সম্ভব হয়নি। এই কারণে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত বিষয়টি গ্রহণ করেনি।
অন্যদিকে, নোরার আইনজীবীরা দাবি করেছেন যে, এই মামলায় অভিনেত্রী কোনো অভিযুক্ত নন। বরং তাকে তদন্তে সহযোগিতার জন্য সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। তাদের বক্তব্য হলো, নোরা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন এবং তিনি তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।
তদন্তে জানা গেছে, সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পলের সঙ্গে নোরার যোগাযোগ ছিল। জিজ্ঞাসাবাদে অভিনেত্রী জানিয়েছিলেন, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার বিনিময়ে তাকে নগদ অর্থের পরিবর্তে বিএমডব্লিউ গাড়ি, গুচির ব্যাগসহ দামি উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন এবং পরে সন্দেহ তৈরি হওয়ায় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এদিকে, কারাগার থেকে লেখা এক চিঠিতে সুকেশ নোরাকে নিয়ে পাল্টা অভিযোগ তুলেছেন। তার দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন। এমনকি জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন বলেও দাবি করেন সুকেশ। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।
উল্লেখ্য, কারাগারে বন্দি থাকা অবস্থায় দুই ব্যবসায়ী শিবিন্দার সিং ও মলবিন্দার সিংয়ের স্ত্রীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। এই অর্থ দিয়ে কেনা দামি উপহার বলিউডের নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ কয়েকজন তারকাকে দেওয়ার অভিযোগ উঠেছে। আগামী ৬ নভেম্বর আদালতে নোরার উপস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন