ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, তিন মাসের কারাদণ্ড


খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, তিন মাসের কারাদণ্ড

খুলনা, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার ডুমুরিয়ায় প্রায় তিন মণ ঘোড়ার মাংসসহ আনিসুর রহমান, যিনি পলাশ মাহমুদ নামেও পরিচিত (৪০), নামে এক বিক্রেতাকে এসআরবি-৬ আটক করেছে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। পাশাপাশি একটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকার সাউথ বেঙ্গল ক্যাটল ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

এসআরবি জানায়, অভিযানের সময় পলাশের সহযোগীরা পালিয়ে যায়।

এসআরবি-৬ অধীনস্থ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ বাসসকে জানান, চক্রটি ঘোড়া জবাই করে গরু বা খাসির মাংস হিসেবে বিভিন্ন স্থানে ও হোটেলে বিক্রি করতো বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ অন্তত ১৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির কথা স্বীকার করেছেন, র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে পলাশকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল কবির বাসসকে জানান, জব্দ করা ঘোড়ার মাংস অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করা হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

পরে মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। জীবিত ঘোড়াটি স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী শেখের জিম্মায় দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ দিবসে বহুপাক্ষিকতা ও সংস্কারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


জাতিসংঘ দিবসে বহুপাক্ষিকতা ও সংস্কারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের অর্থবহ সংস্কারকে সমর্থন করে।

জাতিসংঘ দিবস উপলক্ষে আজ দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচিত হওয়া বহুপাক্ষিক কর্মকাণ্ডে সরকারের নতুন করে সক্রিয় হওয়ার অঙ্গীকারের প্রতিফলন।

হুমায়ুন কবির উল্লেখ করেন, বাংলাদেশ আরও প্রতিনিধিত্বমূলক, স্বচ্ছ ও কার্যকর জাতিসংঘ প্রতিষ্ঠার পক্ষে। সমসাময়িক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ব সংস্থাটিকে কার্যকর ভূমিকা পালনে সক্ষম করতে নিরাপত্তা পরিষদের অর্থবহ সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপকে বাংলাদেশ সমর্থন করে।

তিনি বলেন, ‘ভূরাজনৈতিক উত্তেজনা, সশস্ত্র সংঘাত, মানবিক সংকট ও ক্রমবর্ধমান বৈষম্যের এ সময়ে বহুপাক্ষিকতা শুধু একটি বিকল্প নয়, বরং এটি অপরিহার্য।’

তিনি সংলাপ, বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা পুনর্ব্যক্ত করার আহ্বান জানান।

বিশ্বশান্তিতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব বাস্তব কর্মকাণ্ড ও সংহতির ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন স্থানে চ্যালেঞ্জিং পরিবেশে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শান্তিরক্ষা কার্যক্রম এবং শান্তি ও নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, টেকসই উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, লিঙ্গসমতা ও মানবিক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব বিস্তৃত।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়ে চলেছে উল্লেখ করে তিনি তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন কামনা করেন।

তিনি বলেন, টেকসই উন্নয়নের ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার পাশাপাশি উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

জাতিসংঘ ও এর সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ দিবস অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ সনদের স্থায়ী প্রাসঙ্গিকতা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করে আস্থা পুনরুদ্ধার করি, বিভেদ দূর করি এবং এমন একটি বিশ্ব গড়ে তুলি, যেখানে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধি সবার মধ্যে ভাগাভাগি হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সীমান্তে ৫০ বোতল মাদকসহ ২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


শেরপুরে সীমান্তে ৫০ বোতল মাদকসহ ২ জন আটক

শেরপুর, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার ঝিনাইগাতী সীমান্ত এলাকার একটি অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতদের মধ্যে একজন হলেন, ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের মৃত হফুর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮), এবং অপরজন হলেন কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।

বিজিবি জানিয়েছে, ঝিনাইগাতী উপজেলার জামতলা কলোনি এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে ৫০ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বাসসকে জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দু’জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে জানিয়েছেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর আজ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সোনামসজিদ স্থলবন্দরে শুরু হয়েছে।

আজ শনিবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যিক আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন জেলার সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনামূল হক পলাশ পেলেন সেরা লেখক সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


এনামূল হক পলাশ পেলেন সেরা লেখক সম্মাননা

নেত্রকোণা, ২৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত একটি দিনব্যাপী বাবুই শিশুসাহিত্য উৎসবে ‘পাখপাখালির ছড়া’ শিরোনামের গ্রন্থের জন্য সেরা লেখক সম্মাননা অর্জন করেছেন নেত্রকোণার কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ।

আজ শনিবার সকালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ ফিতা কেটে এবং জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে রাজধানী ঢাকার শিশু একাডেমিতে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর ‘শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা’ বিষয়ক একটি প্রবন্ধ পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শিশুসাহিত্য উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবুর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা।

কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী এবং শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।

সারাদেশ থেকে আগত তিন শতাধিক শিশুসাহিত্যিকের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, কবিতা পাঠের আসর, লেখকদের তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী এবং জাতীয় পত্রিকার শিশু সাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে লেখকদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়।

দিনশেষে আয়োজিত সম্মাননা প্রদান পর্বে ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ তুলে দেওয়া হয়।

এতে ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য অন্যান্যদের সঙ্গে সম্মাননা অর্জন করেন নেত্রকোণার সাহিত্যিক এনামূল হক পলাশ।

সম্মাননাপ্রাপ্ত লেখকদের অনুভূতি প্রকাশ এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%