মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৫:৪৫ পি.এম
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জনপ্রিয় সৈকতগুলোর অগভীর পানিতে একসঙ্গে দেখা মিলেছে ডজন ডজন বিরল স্ক্যালপড হ্যামারহেড হাঙরের। এই হাঙরগুলো এক থেকে দুই বছর বয়সী এবং উপকূলীয় নিরাপত্তা পর্যবেক্ষণে পরিচালিত ড্রোনের ক্যামেরায় তাদের বিচরণ ধরা পড়েছে। গবেষকদের মতে, বিপন্ন এই প্রজাতির হাঙরদের জন্য উপকূলীয় অঞ্চল গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হতে পারে।
দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের বার্লি বিচে একসঙ্গে প্রায় ৮০টি হ্যামারহেড হাঙর দেখা গেছে। অন্যদিকে, সানশাইন কোস্টের নুসা মেইন বিচে সবচেয়ে বড় দলে আনুমানিক ১০০টি হাঙরের উপস্থিতি রেকর্ড করা হয়েছে।
কুইন্সল্যান্ডের ‘শার্কস্মার্ট’ কর্মসূচির আওতায় পরিচালিত ড্রোনের ফুটেজ বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালনা করেন ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট ও কুইন্সল্যান্ডের প্রাথমিক শিল্প বিভাগের গবেষকরা। গবেষণাটির নেতৃত্বে ছিলেন ম্যাডিসন ক্রস।
গবেষণায় ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নয়টি সৈকতে পরিচালিত ২০ হাজার ৯১১টি ড্রোন ফ্লাইটের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে ৮৪টি পৃথক ঘটনায় হাঙরের উপস্থিতি শনাক্ত করা হয়, যা সব মিলিয়ে প্রায় ২ হাজার ৬৯৬টি হাঙর দেখার সমান। তবে একই হাঙর একাধিকবার ক্যামেরায় ধরা পড়ে থাকতে পারে।
বিশ্লেষণে দেখা গেছে, হাঙরের বড় দলগুলো সাধারণত অস্ট্রেলিয়ার শরৎ ও শীতের শুরুর দিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে বেশি দেখা যায়। এসব হাঙরের গড় দৈর্ঘ্য প্রায় ১ দশমিক ০৯ মিটার বা ৩ দশমিক ৬ ফুট। বয়স আনুমানিক এক থেকে দুই বছর।
গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তর স্ট্র্যাডব্রোক দ্বীপের কাছাকাছি বড় হাঙরগুলো তুলনামূলকভাবে সরল পথে চলাচল করে। বিপরীতে, বার্লি ও নুসা বিচের অপ্রাপ্তবয়স্ক হাঙরগুলো নির্দিষ্ট ছোট এলাকায় ঘোরাফেরা করে।
তবে হাঙরগুলো কেন উপকূলের এত কাছে দলবদ্ধ হয়, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। গবেষকদের ধারণা, এসব এলাকায় খাবারের পর্যাপ্ত জোগান ও তুলনামূলক নিরাপদ পরিবেশ থাকায় ছোট হাঙরগুলো এখানে অবস্থান করে। কাছাকাছি প্রবালপ্রাচীর ও পাথুরে অঞ্চল শিকারের সন্ধান পেতে সহায়তা করতে পারে। একই সঙ্গে দলবদ্ধভাবে চলাচল বড় শিকারি প্রাণীর আক্রমণ এড়ানোর সুযোগ তৈরি করতে পারে।
এদিকে, কুইন্সল্যান্ডের হাঙর নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বার্লি বিচে হাঙর-জাল এবং নুসা বিচে ড্রামলাইন ব্যবহার করা হয়। সরকারি হিসাব অনুযায়ী, ২০০১ থেকে ২০২৪ সালের মধ্যে এসব ব্যবস্থায় ৬৭৫টি স্ক্যালপড হ্যামারহেড হাঙর ধরা পড়ে। এর মধ্যে ৬৬৫টির মৃত্যু হয়।
গবেষণায় আরও দেখা গেছে, মার্চ থেকে জুন মাসে ড্রোনে হাঙরের উপস্থিতি বেশি শনাক্ত হলেও মাছ ধরার জালে সেগুলো বেশি ধরা পড়ে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। বিজ্ঞানীদের ধারণা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হাঙরগুলো সুরক্ষিত উপকূলীয় এলাকা ছেড়ে উন্মুক্ত সমুদ্রে যাওয়ার সময় জালে আটকে পড়তে পারে।
গবেষকদের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, স্নরকেলার বা প্যাডেলবোর্ডাররা কাছাকাছি এলে হাঙরের দল সাময়িকভাবে ছড়িয়ে পড়ে। এ কারণে হাঙরগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত না করা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।
বিপন্ন এই প্রজাতির হাঙর সংরক্ষণে তাদের চলাচলের দীর্ঘমেয়াদি গতিপথ অনুসরণ করতে অ্যাকোস্টিক ট্যাগ ব্যবহারের ওপরও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, এ ধরনের পর্যবেক্ষণ হাঙরগুলোর আবাসস্থল, চলাচলের ধরন এবং সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করতে সহায়তা করতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। আফজাল হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
এদিকে, ওই কর্মকর্তার বিরুদ্ধে সমিতির টাকা ভাগ চাওয়ার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে অফিস সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন কর্মকর্তা আফজাল হোসেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর গ্রামের উত্তর বীরনগর সততা মহিলা উন্নয়ন সমিতিকে ২২ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। পরদিন মঙ্গলবার সকালে, সমিতির সদস্যদের সঙ্গে কথা বলতে বীরনগর গ্রামে যান মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন। সেখানে সমিতির টাকা ভাগাভাগি নিয়ে তার সঙ্গে সদস্যদের মতবিরোধ সৃষ্টি হয়। পরে অফিসে ফিরে এ বিষয়ে অফিস সহকারী সাইফুল ইসলামের সঙ্গে আলোচনা করতে গেলে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন অভিযোগ করেন, কয়েক মাস আগে ২১ জন নারীকে ২৫ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। তিনি জানতে পারেন, অফিস সহকারী সাইফুল ইসলাম ওই নারীদের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা নিয়েছেন। বিষয়টি নিয়ে সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আফজাল হোসেন বলেন, সাইফুল নিয়মিত অফিসে আসেন না এবং দাপ্তরিক কাজে সহযোগিতা করেন না। তিনি বিভিন্ন ব্যক্তিদের অফিসে এনে ঋণ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন। সম্প্রতি ঋণ দেওয়ার কথা বলে কয়েকজন নারীর কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়ার বিষয়টি জানার পর, বীরনগরে গিয়ে বিষয়টি জানার পর অফিসে ফিরে আসলে তিনি আমার ওপর চড়াও হন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি।
অন্যদিকে, অফিস সহকারী সাইফুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সমিতিকে চেক দেওয়া কিংবা টাকা উত্তোলনের বিষয়ে তিনি কিছুই জানেন না। সমিতির সদস্যরা সুনামগঞ্জ থেকে চেক নিয়ে টাকা উত্তোলন করে বাড়ি ফিরেছেন। ওই টাকা থেকে কোনো কর্মকর্তাকে ভাগ দেওয়ার বিষয়েও তিনি অবগত নন।
সাইফুল ইসলাম বলেন, বীরনগর গ্রামের কয়েকজন বাসিন্দার কাছ থেকে কর্মকর্তা আফজাল হোসেনের সঙ্গে তাদের বিরোধের বিষয়টি জানতে পারি। পরে অফিসে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে আসেন। তাঁকে ফেরানোর চেষ্টা করলে তিনি টেবিলের ওপর পড়ে আঘাত পান। এরপর অফিস থেকে বেরিয়ে যান। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
এদিকে, উত্তর বীরনগর সততা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি শাহিমা বেগম ও সম্পাদক করবুল নেছা অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে আফজাল হোসেন তাদের গ্রামে গিয়ে সমিতির টাকার ভাগ চান। তাদের দাবি, সমিতির টাকা উত্তোলনের পর তিন ভাগে ভাগ করতে হয়। এক ভাগ সভাপতি, এক ভাগ সম্পাদক এবং আরেক ভাগ অফিসের জন্য। তবে তারা সমান ভাগ দিতে রাজি না হওয়ায় কর্মকর্তা উত্তেজিত হয়ে সেখান থেকে চলে যান।
অন্যদিকে, সুনামগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এজেএম রেজাউল আলম বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। অফিস সহকারীকে কয়েকবার কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী জানান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাকে ঘটনাটি জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন। বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের ১২ দিনে প্রবাসীরা ১২৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের মাসের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে প্রায় ১১ কোটি ডলার বা ৯ দশমিক ২ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে ৯৭৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।
এর আগে সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে।
এবং চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরবর্তী মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনকে আরো আনন্দময় করতে নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার ব্যবহার করা যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে খুব সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব। এজন্য আলাদা করে ডিজাইন করার প্রয়োজন নেই।
চলুন, নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করে হোয়াটসঅ্যাপে যুক্ত করার পদ্ধতি সম্পর্কে জানি।
যেভাবে তৈরি করবেন স্টিকার
প্রথমে মোবাইল ফোনের যেকোনো একটি ব্রাউজার খুলে ‘প্রিয় টপিক’ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সার্চ অপশনে গিয়ে ‘DIY’ লিখে সার্চ করতে হবে। সার্চের ফলাফলে প্রথম পোস্টটি খুললে পৃষ্ঠার একেবারে নিচের দিকে ‘কপি প্রম্পট’ অপশনটি পাওয়া যাবে। সেখানে ক্লিক করে প্রম্পটটি কপি করতে হবে।
এরপর চ্যাটজিপিটিতে প্রবেশ করে প্লাস (+) আইকনে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘প্লাগইনস’ অপশনে গিয়ে ‘ক্রিয়েট ইমেজ’ নির্বাচন করতে হবে।
স্টিকার অপশন নির্বাচন
‘ক্রিয়েট ইমেজ’ অপশনে প্রবেশ করার পর প্রথমে ‘স্টিকার’ নির্বাচন করতে হবে। এরপর ‘ফটো’ অপশনে ক্লিক করে ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবিটি বেছে নিতে হবে। এই পর্যায়ে আগে কপি করা প্রম্পটটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে।
ছবি থেকে স্টিকার তৈরি
ছবি নির্বাচন ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর ‘জেনারেট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই এআইয়ের সহায়তায় নির্বাচিত ছবি থেকে স্টিকার তৈরি হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপে যুক্ত করার নিয়ম
স্টিকার তৈরি হয়ে গেলে ছবির ওপরে থাকা ‘অ্যাড টু চ্যাট অ্যাপস’ অপশনে যেতে হবে। এরপর ‘অ্যাড টু হোয়াটসঅ্যাপ’ নির্বাচন করে ‘অ্যাড টু ইয়োর স্টিকারস’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই স্টিকারটি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে।
সবশেষে হোয়াটসঅ্যাপ খুলে যেকোনো একটি চ্যাটে প্রবেশ করতে হবে। চ্যাট বক্সের পাশে থাকা স্টিকার আইকনে ক্লিক করলে তৈরি করা স্টিকারটি পাওয়া যাবে। এরপর বন্ধু কিংবা পরিচিতজনদের সঙ্গে কথোপকথনে সহজেই ব্যবহার করা যাবে নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
একসময় মানুষের প্রিয়জনের সঙ্গে দূরবর্তী যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের অপেক্ষায় থাকা অবস্থায়, খামের ভাঁজে লুকিয়ে থাকত প্রিয় মানুষের হাতের লেখা অজানা অনেক কথা। চিঠি ছিল দীর্ঘ অপেক্ষায় অনুভূতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে বর্তমানে সময়ের পরিবর্তন ঘটেছে, মুহূর্তেই পৌঁছে যাচ্ছে বার্তা। কিন্তু হারিয়ে গেছে সন্তানের থেকে মায়ের, প্রেমিক থেকে প্রেমিকার চিঠি পাওয়ার সেই চিরচেনা অপেক্ষা।
হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে দিনব্যাপী চিঠি উৎসব ও স্টাম্প প্রদর্শনী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে দিনব্যাপী এমন একটি ব্যতিক্রমি আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা চিঠি বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। কলম হাতে নিয়ে কেউ চিঠি লিখছেন মাকে, কেউ প্রিয়জনকে, কেউবা প্রাক্তনকে, প্রকাশ করেছেন মনের গোপন অনুভূতি।
চিঠি উৎসবে এসে সময়ের চাকায় পেছনে ফিরে যাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিমা ইসলাম। মাকে চিঠি লিখতে গিয়ে তার মনে হয়েছে, তিনি ফিরে গেছেন নব্বইয়ের দশকে। সেই সময়ে প্রিয়জনের চিঠির অপেক্ষায় থাকতে হত মানুষকে, আর একটি চিঠি হাতে পেলেই আনন্দে মন ভরে উঠত।
ফাহিমা বলেন, "বর্তমানে আমরা আধুনিক যুগে বাস করছি, যেখানে চিঠি লেখার প্রচলন প্রায় হারিয়ে গেছে। আজকের আয়োজনে মাকে চিঠি লিখে মনে হচ্ছে, যেন নব্বইয়ের দশকে ফিরে গেছি। আগের দিনে মানুষ চিঠি লিখত, প্রিয়জনের চিঠির অপেক্ষায় থাকত এবং আবেগঘন মুহূর্তগুলো ভাগ করে নিত। আজ চিঠি লিখে মায়ের সঙ্গে সেই সময়ের আবেগ অনুভব করতে পারছি।"
তিনি আরও বলেন, "কেউ বাবা-মাকে, কেউবা প্রিয়জনকে চিঠি লিখছেন। সব মিলিয়ে এটি একটি সুন্দর মুহূর্ত। আমি মনে করি, এই সংস্কৃতি ফিরে আসা উচিত। অন্তত এ ধরনের দিবস উপলক্ষে হলেও চিঠি লেখার প্রচলন ফিরিয়ে আনা প্রয়োজন।"
শুধু স্মৃতির কাছে ফিরে যাওয়া নয়, চিঠি উৎসব অনেকের কাছে হয়ে উঠেছে মনের অব্যক্ত কথাগুলো প্রকাশের উপলক্ষ। মুখে বলা হয়ে ওঠেনি, এমন অনেক অনুভূতিই জায়গা করে নিচ্ছে কাগজের পাতায়। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুস সবুরের কাছে চিঠি লেখা তেমনই এক অনুভূতির প্রকাশ।
আব্দুস সবুর বলেন, "চিঠি লিখতে পেরে নিজের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো প্রকাশ করতে পারছি, যা কখনো প্রকাশ করা হয়নি। চিঠি লেখার সংস্কৃতি আমাদের ঐতিহ্য। প্রিয়জন বা মনের মানুষের কাছে চিরকুট লিখে অনুভূতি প্রকাশের আলাদা আনন্দ রয়েছে। তাই চিঠি লেখার সংস্কৃতি আমাদের ধরে রাখা উচিত।"
শিক্ষার্থীদের এমন আবেগ ও আগ্রহের মধ্য দিয়ে চিঠি উৎসব যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে, প্রযুক্তির দ্রুতগতির যোগাযোগের বাইরেও অনুভূতি প্রকাশের নিজস্ব একটি জগৎ রয়েছে। যেখানে একটি চিঠি শুধু কয়েকটি বাক্যের সমষ্টি নয়; বরং তা হয়ে উঠতে পারে স্মৃতি, ভালোবাসা, অপেক্ষা আর না-বলা কথার একান্ত আশ্রয়।
আয়োজনটির উদ্দেশ্যও মূলত নতুন প্রজন্মকে সেই অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল আল মাহমুদ বলেন, "একসময় মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ডাকবিভাগ। সময়ের পরিবর্তনে চিঠি লেখার জায়গা দখল করে নিয়েছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম। চিঠি পাওয়া, খুলে পড়া, জমিয়ে রাখা এবং মাঝেমধ্যে আবার পড়ার যে আনন্দ, তা এখন অনেকটাই হারিয়ে গেছে।"
তিনি বলেন, "আমরা চাই, মানুষ আবার সেই আনন্দ ও আবেগের জায়গায় ফিরে আসুক। চিঠি লেখার মধ্যে যে আনন্দ রয়েছে, তার সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই আমাদের এ আয়োজন। আজ শিক্ষার্থীরা আসছেন, ঘুরছেন ও চিঠি লিখছেন। ডাকবিভাগ চিঠিগুলো সংগ্রহ করে প্রাপকের কাছে পৌঁছে দেবে। যারা চিঠি লিখতে চান, তারা বিনামূল্যে প্রিয়জন বা পছন্দের মানুষের কাছে চিঠি পাঠাতে পারবেন।"
আল মাহমুদ মনে করেন, বিজ্ঞানের অগ্রগতির ফলে মুঠোফোনেই এখন মানুষ সহজে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারছে। এতে চিঠি লেখার প্রয়োজনীয়তা কমে গেলেও এর আবেগময় দিকটি নতুন প্রজন্মের অনেকের কাছেই অজানা রয়ে গেছে। সেই আনন্দের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
চিঠি উৎসবের পাশাপাশি আয়োজন করা হয়েছে ডাকটিকিট প্রদর্শনী। সেখানে বাংলাদেশের ডাকটিকিটের ইতিহাস, ডাকবিভাগের চিঠি প্রকাশের ইতিহাস এবং সংগৃহীত চিঠির ঐতিহাসিক নিদর্শন তুলে ধরা হয়েছে। প্রদর্শনী ঘুরে শিক্ষার্থীরা ডাকটিকিট ও চিঠির ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
আয়োজন সম্পর্কে রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল বলেন, "এ ছাড়া ডাকটিকিট প্রদর্শনীতে বাংলাদেশের ডাকটিকিটের ইতিহাস জানার সুযোগ রয়েছে। এখানে ডাকবিভাগের চিঠি প্রকাশের ইতিহাস ও সংগৃহীত চিঠির ঐতিহাসিক নিদর্শন তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা প্রদর্শনী ঘুরে ডাকটিকিট ও চিঠির ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।"
বর্তমানে চিঠির ব্যবহার কমে এলেও মানুষের অনুভূতি প্রকাশের প্রয়োজন ফুরিয়ে যায়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিঠি উৎসব নব্বই দশকে চিঠি লেখার সেই অনুভূতিকেই নতুন করে সামনে এনেছে। কাগজ-কলমে লেখা চিঠিতে শিক্ষার্থীরা খুঁজছেন পুরোনো দিনের স্মৃতি। হয়তো চিঠি পৌঁছাতে ডিজিটাল বার্তার চেয়ে বেশি সময় লাগবে, কিন্তু চিঠির প্রতিটি শব্দে থেকে যাবে লেখকের আন্তরিকতা আর ভালোবাসার ছাপ। চিঠি উৎসবটি যেন হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ