ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বিবাদে জড়ালেন ‘ইন্ডিয়ান আইডল’-এর দুই বিজয়ী অভিজিৎ ও ঋষি


বিবাদে জড়ালেন ‘ইন্ডিয়ান আইডল’-এর দুই বিজয়ী অভিজিৎ ও ঋষি

‘ইন্ডিয়ান আইডল’-এর দুই ভিন্ন সিজনের বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত এবং ঋষি সিং সম্প্রতি রিয়েলিটি শো-এর মঞ্চে প্রবল বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। নতুন শুরু হওয়া রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল লেজেন্ডস রিটার্ন'-এর মঞ্চে তাদের এই বিবাদ ঘটে, যা উপস্থিত বিচারক হিমেশ রেশমিয়া এবং অতিথি কারিশমা কাপুরসহ সকলকে হতবাক করে দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, 'ইন্ডিয়ান আইডল লেজেন্ডস রিটার্ন'-এর বিশেষ সিজনের নতুন নিয়ম অনুযায়ী, বিচারকদের পাশাপাশি প্রতিযোগীরাও একে অপরের পারফরম্যান্সের মূল্যায়ন করতে এবং নম্বর (স্কোর) দিতে সক্ষম হচ্ছেন। এই নিয়মের ভিত্তিতে অভিজিৎ ও ঋষির মধ্যে বিতর্কের সূচনা হয়। বিশেষ করে ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজনের বিজয়ী ঋষির মন্তব্য অনুষ্ঠানের পরিবেশকে বার বার উত্তপ্ত করে তুলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ঝলকে দেখা যাচ্ছে, একটি গানে ঋষিকে কম নম্বর দেন অভিজিৎ। শুধু তাই নয়, ঋষির গানের ধরন নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অভিজিৎ জানান, গানের মধ্যে কখনও যন্ত্রণা ফুটিয়ে তুলতে হয়, আবার কখনও প্রকাশ করতে হয় আগ্রাসন। কিন্তু ঋষির গানে সেই আবেগের প্রকাশ তার কাছে পছন্দ হয়নি। অভিজিতের ভাষায়, "মনে হচ্ছিলো যেন কেউ নিজের প্রেমিকার গলা টিপে ধরছে!"

আরও পড়ুন: প্যারিস জ্যাকসন বাবার সম্পদ থেকে ৬০০ মিলিয়ন ডলার দাবি করে আদালতে মামলা

এই মন্তব্যে ঋষি রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি পাল্টা অভিজিৎকে বলেন, "গান ভালো না লাগলে সরাসরি সেটুকুই বলা যেত, এতো আজেবাজে কথা শোনানোর কোনো প্রয়োজন ছিল না।"

বাগ্‌বিতণ্ডা এখানেই শেষ হয়নি। ঋষির এমন জবাবে অভিজিৎ তাকে কটাক্ষ করে বলেন, "ঋষির নতুন কিছু ‘শেখার ইচ্ছেটাই’ আর নেই।"

ঋষি চরম আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে ঘোষণা করেন— তার বিশ্বাস, উপস্থিত অন্য সব গায়কের তুলনায় তার গান অনেক বেশি ভালো।

এদিকে দুই প্রতিযোগীর এই তর্ক দেখে বিচারক হিমেশ রেশমিয়া মন্তব্য করেন, "বিষয়টি বেশ গুরুতর হয়ে উঠছে এবং গানের চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে অকারণ জলঘোলা করা হচ্ছে।"

আরও পড়ুন: নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি বোধ করেন শবনম ফারিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার প্রোমো আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশ ঋষির এই স্পষ্টভাষী রূপ ও আত্মবিশ্বাসকে সমর্থন করলেও, বড় একটি অংশ সিনিয়র শিল্পীর প্রতি তার এই আচরণকে ‘অহংকার’ বলে তীব্র সমালোচনা করেছেন।

অনেক নেটিজেন আবার পুরো বিষয়টি টিআরপি (TRP) বাড়ানোর জন্য অনুষ্ঠানের "স্ক্রিপ্টেড" বা ‘পূর্বপরিকল্পিত নাটক’ বলেও মন্তব্য করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি অনুসন্ধান খাতে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান হুমায়ুন কবিরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


জ্বালানি অনুসন্ধান খাতে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান হুমায়ুন কবিরের

অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ব্রুনাইয়ের অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে একটি বৈঠক করেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকের সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথা তুলে ধরেন।

এছাড়া, তিনি ব্রুনাইকে সরকার-টু-সরকার (জি-টু-জি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় জ্বালানি অনুসন্ধান খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানান।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের ইসলামী ব্যাংকিং খাতে বিনিয়োগের জন্যও আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটরা সিনেটে নিয়ন্ত্রণ নিশ্চিত করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ এম


ডেমোক্র্যাটরা সিনেটে নিয়ন্ত্রণ নিশ্চিত করল

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটে নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ তথ্য অনুসারে, বিরোধীরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫১টি আসন জয় নিশ্চিত করেছে। বর্তমানে তারা দুইটি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে, রিপাবলিকান পার্টি ৩৯টি আসনে জয় নিশ্চিত করেছে এবং ৬টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবারের নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে নাটকীয় জয় অর্জন করেছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকানদের দখলে থাকা একটি আসনে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ। তিনি প্রয়াত দীর্ঘদিনের সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন ডারলিন গ্রাহামকে পরাজিত করেন। অঙ্গরাজ্যটিতে সর্বশেষ ১৯৯৮ সালে কোনো ডেমোক্র্যাট সিনেট নির্বাচনে জয় লাভ করেছিলেন।

এছাড়া, নর্থ ক্যারোলাইনাতেও সিনেটের একটি আসন হারিয়েছে রিপাবলিকানরা। সেখানে সাবেক গভর্নর ও ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসেও বড় চমক দেখিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। তিনি অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে পরাজিত করে জয় লাভ করেছেন। টেক্সাসে সর্বশেষ ১৯৯৪ সালে কোনো ডেমোক্র্যাট অঙ্গরাজ্যব্যাপী নির্বাচনে জয় পেয়েছিলেন।

এছাড়া, ওহাইওতে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর জন হাসটেডকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেছেন ডেমোক্র্যাট শেরড ব্রাউন। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট যাজক অ্যাডাম হ্যামিল্টন।

বর্তমান ১১৯তম কংগ্রেসের ১০০ সদস্যের সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি। অন্যদিকে, ডেমোক্র্যাটদের ছিল ৪৫টি আসন। তাদের সঙ্গে জোটে ছিলেন দুজন স্বতন্ত্র সিনেটর।

মঙ্গলবারের নির্বাচনের ফলাফলের মাধ্যমে ওয়াশিংটনে রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণের অবসান ঘটতে যাচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্ট—এই তিন ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল দলটি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই অবস্থাকে ‘ট্রাইফেক্টা’ বলা হয়ে থাকে।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের তুলনায় সিনেটের নিয়ন্ত্রণ পরিবর্তন করা কঠিন হবে বলে ধারণা করা হয়েছিল। কারণ, এবারে সিনেটে তুলনামূলকভাবে কমসংখ্যক আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবলারের মৃত্যু, শাস্তির মুখোমুখি হতে পারে দায়ী গোলরক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ এম


ফুটবলারের মৃত্যু, শাস্তির মুখোমুখি হতে পারে দায়ী গোলরক্ষক

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের ফলে টেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার হেসুস দে মিগেলের মৃত্যু ঘটেছে, যা নিয়ে তদন্ত শুরু করেছে স্পেনের কর্তৃপক্ষ। গত সোমবার (২ নভেম্বর) ম্যাচ চলাকালে গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ক্রীড়া-সংক্রান্ত শাস্তির পাশাপাশি ফৌজদারি মামলা হতে পারে ইকুয়েটোরিয়াল গিনির এই গোলরক্ষকের বিরুদ্ধে।

এল পাইস–এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনিচ্ছাকৃত হত্যার সম্ভাব্য অভিযোগে তদন্ত শুরু করেছে স্পেনের জাতীয় পুলিশ। ক্যানারি দ্বীপপুঞ্জের হাইকোর্ট জানিয়েছে, অস্বাভাবিক কারণে কোনো ব্যক্তির মৃত্যু হলে আনুষ্ঠানিক তদন্ত করা বাধ্যতামূলক। তবে এর মানে এই নয় যে সংশ্লিষ্ট ফুটবলারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে।

স্পেনের দণ্ডবিধির ১৪২ নম্বর ধারা অনুযায়ী, গুরুতর অবহেলার কারণে অনিচ্ছাকৃত মৃত্যুর ঘটনায় এক থেকে চার বছরের কারাদণ্ড হতে পারে। তুলনামূলক কম গুরুতর অবহেলার ক্ষেত্রে তিন থেকে ১৮ মাসের শাস্তির বিধান রয়েছে।

তবে তদন্ত শুরু হওয়া মানেই গোলরক্ষককে অভিযুক্ত করা হবে কিংবা দোষী সাব্যস্ত করা হবে, এমন নয়। ফৌজদারি দায় নির্ধারণের জন্য প্রমাণ করতে হবে যে তার আচরণে আইনগতভাবে প্রাসঙ্গিক অবহেলা ছিল এবং সেই পরিণতি আগে থেকে অনুমান করা ও এড়ানো সম্ভব ছিল কি না।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এই ঘটনার পরিণতি কী হতে পারে, তা এখনই অনুমান করা কঠিন। কারণ স্পেনে কোনো সংস্পর্শভিত্তিক খেলায় দুর্ঘটনাজনিত সংঘর্ষের কারণে একজন ফুটবলারের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার নজির নেই।

কী শাস্তি হতে পারে গোলরক্ষক ওওনোর?

ক্রীড়াগত শাস্তির ক্ষেত্রে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১০২ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, খেলা চলাকালে সহিংস আচরণের কারণে গুরুতর চোটের ঘটনা ঘটলে চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে।

ওই ম্যাচে গোলরক্ষক ওওনো লাল কার্ড দেখেছিলেন। ফলে তার বিরুদ্ধে এই ধারায় ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়নের ওপর।

স্প্যানিশ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা বিশেষজ্ঞদের মতে, ঘটনার ভয়াবহ পরিণতির কারণে ২৫ বছর বয়সী এই গোলরক্ষক সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন। তবে প্রতিপক্ষের মৃত্যুর জন্য স্বয়ংক্রিয়ভাবে কোনো নির্দিষ্ট শাস্তির বিধান নেই। ঘটনার প্রকৃত পরিস্থিতি ও গোলরক্ষকের ভূমিকা বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে।

গোলরক্ষকের সম্ভাব্য শাস্তি নিয়ে আইনজীবীর বক্তব্য?

ক্রীড়া আইন বিশেষজ্ঞ মারিয়ানা গালভান ‘এস্তুডিও ফুটবল’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওওনোর সম্ভাব্য শাস্তি নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, ‘এখানে তদন্তের তিনটি দিক রয়েছে, ক্রীড়াগত, ফৌজদারি এবং শ্রম আইনসংক্রান্ত। এর মধ্যে ফৌজদারি বিষয়টিই সবচেয়ে গুরুতর। ওওনোর পক্ষে একটি বিষয় রয়েছে, সেটি হলো সংঘর্ষের সময় বলটি খেলার মধ্যে ছিল। তবে এখনই এটিকে দুর্ঘটনা বলা যাচ্ছে না। গোলরক্ষকের কর্মকাণ্ড এবং ক্রীড়াগত দিকটি খতিয়ে দেখা প্রয়োজন। ময়নাতদন্তের প্রতিবেদন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, তদন্ত শুরু হয়েছে এবং নিজের বক্তব্য তুলে ধরতে গোলরক্ষককে আদালতে হাজির হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের মৃত্যুর কোনো পূর্ববর্তী নজির নেই। এমন পরিস্থিতিতে আইএফএবের (আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এবং এ ধরনের ঘটনার শাস্তি আরও কঠোর করা উচিত। ফুটবলাররা অনেক সময় পর্যাপ্ত সুরক্ষা পান না। মাথায় আঘাত একজন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিতে পারে, আর এই ঘটনায় তা কেড়ে নিয়েছে একটি জীবন।’

গালভান আরও ব্যাখ্যা করেন, ‘ফৌজদারি আইনে যেটিকে আমরা অবহেলা বলি, ফুটবলের ক্ষেত্রে সেটিকে বেপরোয়া আচরণ হিসেবে বিবেচনা করা হয়, তা সামান্য হোক কিংবা গুরুতর। ক্যানারি দ্বীপপুঞ্জের একজন বিচারক ঘটনাটিকে সামান্য বেপরোয়া আচরণ হিসেবে দেখতে পারেন, কারণ তার বিবেচনায় এটি খেলার স্বাভাবিক পরিস্থিতির মধ্যেই ঘটেছে। প্রকৃতপক্ষে মৃত্যুর কারণ কী ছিল, তা নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ওপরই ক্রীড়াগত শাস্তি এবং পরবর্তী নৈতিক মূল্যায়ন নির্ভর করবে।’

যেভাবে ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা:

হেলিওদোরো রদ্রিগেজ লোপেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৯৭তম মিনিটে ঘটে এই দুর্ঘটনা। বলের দখল নিতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসেন ওওনো। এ সময় টেনেরিফের স্ট্রাইকার দে মিগেলের সঙ্গে তার ভয়াবহ সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মাঠেই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় দে মিগেলের। চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে তার হৃদ্‌স্পন্দন ফিরিয়ে আনতে সক্ষম হন। কিন্তু পরদিন সকালে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই ফুটবলার।

ঘটনার পর রেফারি ওওনোকে লাল কার্ড দেখান এবং ম্যাচটি স্থগিত ঘোষণা করেন।

এদিকে পুরো ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ২৫ বছর বয়সী ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক। দিয়ারি ডি'আন্দোরার প্রতিবেদন অনুযায়ী, সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে রাত কাটানোর সময় কেঁদেছেন এবং প্রার্থনা করেছেন তিনি। দে মিগেলের শারীরিক অবস্থার খবর পাওয়ার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিলেন।

এ ছাড়া স্পোর্ত জানিয়েছে, নিহত ফুটবলারের পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ওওনো।

মর্মান্তিক এই ঘটনার পর এখন তদন্ত ও শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে স্প্যানিশ ফুটবল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ এম


মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছেন।

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত। আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। আশা করি, একসঙ্গে কাজ করার কোনো পথ বের করতে পারব।"

ট্রাম্প রিপাবলিকানদের নির্বাচনে পরাজয়ের জন্য নিজের নাম ব্যালটে না থাকার বিষয়টিকে দায়ী করেছেন। তিনি মনে করেন, দলের প্রার্থীরা প্রত্যাশিত ফল পাননি কারণ তিনি নিজে প্রার্থী ছিলেন না।

ট্রাম্প মন্তব্য করেন, "ব্যালটে আমি ছিলাম না। যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম!"

তিনি নির্বাচনে সমর্থন দেওয়া পরাজিত প্রার্থীদের নিয়ে কোনো অনুশোচনা প্রকাশ করেননি। তবে সাউথ ক্যারোলাইনার প্রার্থী ডারলিন গ্রাহামের পরাজয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। ট্রাম্প বলেন, "দেখলাম ডারলিন হেরে গেছেন। বাহ, এটা তো অবিশ্বাস্য!"

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে কংগ্রেসের দুই কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদ; দুটির নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হলো প্রতিনিধি পরিষদ। সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে এই কক্ষে উত্থাপন ও আলোচনা করা হয়, পরে তা সিনেটে পাঠানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%