ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

অস্ট্রেলিয়ার আইনপ্রণেতার ওপর ‘পরিকল্পিত’ হামলার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির


অস্ট্রেলিয়ার আইনপ্রণেতার ওপর ‘পরিকল্পিত’ হামলার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইন্সকে ওয়াঙ্গারাট্টা শহরে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করা হয়েছে।

এদিকে, পুলিশ সতর্ক করেছে যে, অনলাইনে উগ্রবাদী মতাদর্শের বিস্তার রাজনৈতিক মেরুকরণ বাড়িয়ে সহিংসতার ঝুঁকি তৈরি করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

সোমবার, ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে ২০০ কিলোমিটারেরও বেশি উত্তর-পূর্বে ওয়াঙ্গারাট্টা শহরের কাছে নিজের কার্যালয়ের সামনে গাড়ির ধাক্কায় হেইন্স গুরুতর আহত হন।

পুলিশ বুধবার জানিয়েছে, তিনি মেলবোর্নের একটি হাসপাতালে ‘সংকটাপন্ন, তবে স্থিতিশীল’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের ফলে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে এবং চিকিৎসকেরা অন্য পা রক্ষা করার চেষ্টা করছেন।

এ ঘটনায় ৪৩ বছর বয়সী ব্রেন্ডন নুজেন্টের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং একজন সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগটি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় আইনের আওতাভুক্ত অপরাধ, যা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের শাস্তি বহন করে।

এএফপির ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, বুধবার ওয়াঙ্গারাট্টার আদালতে নুজেন্টকে হাজির করা হয়।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি জামিনের আবেদন করেননি। এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৪ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কর্তৃপক্ষ তদন্ত চলমান থাকায় এ বিষয়ে অনুমান করতে রাজি হননি।

আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে এলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

তবে পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব সূত্র ধরে তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তি সরকারের বিরুদ্ধে উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ সাংবাদিকদের বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার যোগাযোগ ও সম্পৃক্ততা খতিয়ে দেখছি। পাশাপাশি প্রত্যক্ষদর্শী, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে কথা বলছি।’

অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের (এএফপি) কমিশনার ক্রিসি ব্যারেটও অনলাইনে উগ্রবাদী মতামতের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বর্তমানে অপরাধের হুমকির পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ। কেন্দ্রীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে অনলাইনে গালিগালাজ, হুমকিমূলক বক্তব্য এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ক্রমেই বাড়ছে বলে এএফপি নথিভুক্ত করছে।’

আরও পড়ুন: তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক ঢাকায় গ্রেপ্তার

৬৫ বছর বয়সী হেইন্স একজন স্বতন্ত্র আইনপ্রণেতা। সোমবার বিকেলে নিজের গাড়ির পেছনের অংশের কাছে দাঁড়িয়ে থাকার সময় একটি টয়োটা ল্যান্ড ক্রুজার তাকে ধাক্কা দেয়।

ঘটনার পর প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন মহল থেকে তার প্রতি সমর্থন ও সহমর্মিতা জানানো হয়েছে। রাজনীতিতে স্বচ্ছতা বাড়ানো ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে কাজ করায় হেইন্স প্রশংসিত হয়েছেন।

বুধবার এবিসি মেলবোর্ন রেডিওকে তিনি বলেন, ‘এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এক প্রজন্ম আগের তুলনায় বিশ্ব এখন আরও বিপজ্জনক ও বিভক্ত।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, অস্ট্রেলীয়রা চান তাদের নির্বাচিত প্রতিনিধিরা স্বাভাবিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। এমনকি তারা যেন নির্বিঘ্নে নিজেদের গাড়ির পেছন থেকে কোনো জিনিস বের করতেও পারেন।’

আরও পড়ুন: ঝালকাঠিতে যুবক হত্যার প্রধান আসামি শাহজাহান গ্রেফতার

অভিযুক্তের বিরুদ্ধে হামলার অভিযোগের পর অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান মাইক বার্গেসও সতর্ক করে বলেন, ক্ষোভ, অসহিষ্ণুতা ও রাজনৈতিক মেরুকরণের উচ্চমাত্রা সহিংসতা ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি করছে।

হেইন্স ২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি নার্স ও ধাত্রী হিসেবে কাজ করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থানের জন্যও তিনি পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই প্রযুক্তিতে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


এআই প্রযুক্তিতে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় ব্রিটেনের ৪৬১ বছরের সামুদ্রিক ইতিহাস উন্মোচন করেছেন গবেষকেরা। তারা প্রায় এক লাখ পৃষ্ঠার হাতে লেখা ঐতিহাসিক নথি বিশ্লেষণ করে দেশটির বাণিজ্য, নৌপথ ও ইউরোপের সঙ্গে সম্পর্কের নতুন তথ্য আবিষ্কার করেছেন। প্রচলিত পদ্ধতিতে এই কাজ সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগতো।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গবেষকেরা এই প্রকল্প পরিচালনা করেন। ষোড়শ শতকের এলিজাবেথীয় যুগ থেকে অষ্টাদশ শতকের শিল্পবিপ্লবের আগ পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণের মাধ্যমে ইউরোপের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক কিভাবে সাম্রাজ্য বিস্তারে ভূমিকা রেখেছিল, সে বিষয়ে নতুন ধারণা পাওয়া গেছে।

গবেষকেরা ন্যাশনাল আর্কাইভসের কিউ শাখায় সংরক্ষিত চামড়ায় বাঁধানো পার্চমেন্টের বই থেকে তথ্য সংগ্রহ করেন। এআইকে পুরোনো দিনের নাবিক ও ব্যবসায়ীদের হাতের লেখা পড়া এবং শনাক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে কে, কার সঙ্গে, কখন, কোথায় এবং কী পণ্য বাণিজ্য করতেন, তা বিশ্লেষণ করা সম্ভব হয়েছে।

প্রকল্পের প্রধান গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক ক্রেইগ ল্যামবার্ট বলেন, "নথিগুলো থেকে তথ্য সংকলন করা ছিল বিশাল এক কাজ। তবে এআই পুরো প্রক্রিয়াকে অনেক দ্রুত করেছে।"

গবেষণায় দেখা গেছে, ব্রিটিশদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্যের মধ্যে কয়লা ও বিয়ার ছিল। এছাড়া চীন থেকে শিশুদের খেলনা, ভেড়ার অন্ত্র এবং ভেনিস ট্রিকল নামের একটি ভেষজ ওষুধও বাণিজ্য করা হতো। ওই ওষুধকে একসময় প্রায় সব ধরনের রোগের নিরাময় হিসেবে বিবেচনা করা হতো।

গবেষণায় অতীতের সামুদ্রিক বাণিজ্যব্যবস্থা সম্পর্কেও নতুন তথ্য উঠে এসেছে। ইউরোপের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক আগে যতটা গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হতো, গবেষকেরা মনে করেন, বাস্তবে তা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল।

নথি অনুযায়ী, ১৬৯৬ থেকে ১৬৯৭ সালের মধ্যে ইংল্যান্ডের নথিভুক্ত বৈদেশিক বাণিজ্যের মূল্যের প্রায় ৮০ শতাংশই ছিল ইউরোপের বাজারের সঙ্গে সংশ্লিষ্ট। ওই সময় ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার চলছিল।

এআইয়ের সাহায্যে অতীতের হারিয়ে যাওয়া শহর ও বিলুপ্ত বন্দরের সন্ধানও পেয়েছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের পূর্ব ইয়র্কশায়ারের রেভেনসপর্ন, যা একসময় একটি সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্র ছিল। তবে উপকূলীয় ভূমিক্ষয়ের কারণে শহরটি পুরোপুরি উত্তর সাগরে বিলীন হয়ে যায়।

সামুদ্রিক ইতিহাস, বিশ্ব ইতিহাস ও কম্পিউটার বিজ্ঞানের বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রকল্পটি পরিচালিত হয়েছে। গবেষকদের দাবি, দুই শতাব্দীজুড়ে ইংল্যান্ডের বাণিজ্যপথের বিকাশ এবং বিশ্বে এর প্রভাব এত বিস্তারিতভাবে আগে কখনো মানচিত্রে তুলে ধরা হয়নি।

গবেষণার তথ্যের ভিত্তিতে একটি ইন্টারঅ্যাকটিভ মানচিত্রও তৈরি করা হয়েছে। এর সাহায্যে আগ্রহীরা ঐতিহাসিক বাণিজ্যপথ ও সংশ্লিষ্ট তথ্য ঘুরে দেখতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগানে মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রতিবেশীদের মধ্যে তীব্র রাজনৈতিক বিভাজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


মিশিগানে মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রতিবেশীদের মধ্যে তীব্র রাজনৈতিক বিভাজন

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিভাজন ক্রমশ তীব্র হয়ে উঠছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ— এই দুটি বিষয় নিয়ে প্রতিবেশীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মিশিগানের অবসরপ্রাপ্ত গাড়ি কারখানার দুই কর্মী মাইক ও রিচের বাড়ির মধ্যে দূরত্ব মাত্র কয়েক সেকেন্ড। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে রয়েছে ব্যাপক ফারাক।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে নির্ধারণ হবে যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে।

মিশিগানে সিনেট আসনের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন বামপন্থী ডেমোক্র্যাট চিকিৎসক আবদুল এল-সাইয়েদ এবং ট্রাম্পের সমর্থন পাওয়া রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্স। জনমত জরিপে দুই প্রার্থী প্রায় সমান অবস্থানে রয়েছেন।

৬৭ বছর বয়সী মাইক, ক্রাইসলার গাড়ি কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মী, বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ এবং এ যুদ্ধের জন্য করদাতাদের অর্থ ব্যয়ের বিষয়টি তাকে উদ্বিগ্ন করছে।

মাইক মন্তব্য করেন, ‘রিপাবলিকানরা যদি সিনেটের নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে এই লোক (ট্রাম্প) আরও বেপরোয়া হয়ে উঠবেন। তিনি নিজেকে গ্যাংস্টার মনে করেন।’

অন্যদিকে, মাইকের প্রতিবেশী রিচ ডিমিশেলের অবস্থান সম্পূর্ণ বিপরীত। তিনি ইরান ইস্যুতে ডেমোক্র্যাট প্রার্থী এল-সাইয়েদের অবস্থানকে দুর্বল মনে করে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করছেন।

ইতালির পতাকাসংবলিত টুপি পরা রিচ বলেন, ‘আমি প্রার্থনা করছি, আবদুল যেন নির্বাচিত না হন। এমন একজনকে আমি কোনোভাবেই ভোট দেব না।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে তিনি একজন মুসলিম, আর তিনি আমেরিকাকে ঘৃণা করেন। তাকে ওই পদে বসানো মানুষের সবচেয়ে বোকামির কাজ হবে।’

এল-সাইয়েদ, যিনি ইসরাইলের কড়া সমালোচক, ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় হুমকি হিসেবে উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন রিচ। তার আশা, এই অবস্থানের কারণে নির্বাচনে এল-সাইয়েদকে মূল্য দিতে হবে।

তবে ইরানের যুদ্ধ মাইকের পরিবারের জন্যও উদ্বেগের কারণ। মাইকের ছেলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত। ওই অঞ্চলে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন এবং সংঘাতের বিভিন্ন পর্যায়ে ২০ জনের বেশি মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

মাইক বলেন, ‘আমার করের টাকা কোনো অসহায় পরিবারের চিকিৎসার পেছনে ব্যয় হোক, সেটাই আমি চাই। কোনো বখাটের পকেটে যাক, তা চাই না। অথচ এখন আমার টাকা সেখানেই যাচ্ছে। এর খরচ কে বহন করছে? আমি করছি। প্রতিবার মুদি দোকানে গেলে আমাকে এর মূল্য দিতে হয়, প্রতিবার গ্যাস কিনতে গেলেও দিতে হয়।’

নির্বাচন ঘিরে মানুষের মধ্যে কতটা তীব্র আবেগ তৈরি হয়েছে, তা বোঝা যায় মাইকের আচরণেও। বহু বছর ধরে ফোন ধরেন না বলে দাবি করা এই অবসরপ্রাপ্ত কর্মী নিজের পদবি প্রকাশ করতেও রাজি হননি।

‘আমি ট্রাম্পের সমর্থক নই’

৭৮ বছর বয়সী রিচও ক্রাইসলারের সাবেক কর্মী। তার অভিযোগ, ডেমোক্র্যাটরা তার মতো বয়স্ক ভোটারদের অবহেলা করছে এবং তরুণ ও অভিবাসী পরিবারের ভোটারদের বেশি গুরুত্ব দিচ্ছে।

রিচ বলেন, ‘তারা চায় অবৈধ অভিবাসীরা এসে ভোট দিক।’

মিশিগানের এই নির্বাচনী লড়াইয়ে দুই দলই বিপুল অর্থ ব্যয় করছে। অঙ্গরাজ্যজুড়ে স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রতিপক্ষকে আক্রমণ করে আরও কঠোর প্রচারবিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট নেতা ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন করলেও ২০২৪ সালে মিশিগানের ভোটাররা অল্প ব্যবধানে ট্রাম্পকে জয়ী করেছিলেন। ফলে আসন্ন নির্বাচনেও অঙ্গরাজ্যটির ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ওয়ারেন শহরে ভোটারদের সঙ্গে কথা বলতে বাড়ি বাড়ি যাচ্ছেন ৩২ বছর বয়সী মরিস স্টার। তিনি ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) শ্রমিক ইউনিয়নের সদস্য এবং পেশায় বীমা খাতের কর্মী।

ইউনিয়নের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার চালানোর সময় তিনি ধৈর্য ধরে ভোটারদের অভিযোগ শুনছেন। এ সময় আশপাশে অ্যামাজনের ডেলিভারি ড্রোন উড়ছিল, আর বাড়ির মালিকরা নিজেদের উঠোনের পরিচর্যা করছিলেন।

স্টার বলেন, ‘আমরা এই বাড়িতে এবং এর আগের বাড়িতেও যা শুনেছি, তাতে মনে হয়েছে, মানুষ মনে করছে দেশ সঠিক পথে এগোচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘মানুষ প্রশ্ন করছে, তাহলে আমি ভোট দেব কেন? এ কারণেই আমরা মাঠে নেমেছি। আমরা আশা করছি, এসব নির্বাচনী এলাকায় রাজনৈতিক পালাবদল ঘটাতে পারব।’

স্টারের হাতে ছিল মিশিগানের গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাচনী আসনে ইউনিয়ন-সমর্থিত প্রার্থীদের পরিচিতি-সংবলিত প্রচারপত্র। এর মধ্যে সিনেট নির্বাচনও রয়েছে।

তার সঙ্গে প্রচারে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী রব ব্যাংকস জেনারেল মোটরসের একটি বডি শপের টিম লিডার। তিনি ইউনিয়নের সক্রিয় ও অবসরপ্রাপ্ত সদস্যদের তালিকা ধরে ফোন করার প্রস্তুতি নিচ্ছিলেন, যাতে তাদের ইউনিয়ন-সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারে যুক্ত করা যায়। এসব প্রার্থীই ডেমোক্র্যাট দলের।

জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ :

ইরান যুদ্ধের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিও ভোটারদের আলোচনায় বারবার উঠে আসছে।

৮৫ বছর বয়সী সু অ্যাডামস্কি বলেন, ‘প্রতি মাসে যে সামান্য টাকা পাই, তার ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, গ্যাসের দামও বাড়ছে।’

তিনি বলেন, ‘না, পরিস্থিতি কঠিন। এভাবে বলতে পারেন, আমি ট্রাম্পের সমর্থক নই। ১৫ বছর আগেও তাঁকে পছন্দ করতাম না, এখনো করি না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন

বার্সেলোনা পিএসজির বিরুদ্ধে উয়েফার কাছে নালিশ করেছে ব্যানার নিয়ে।

সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এসআরবি-৩ এর মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীসহ সাতজনকে আগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে পাঁচজন সরকারি কর্মচারী।

এছাড়া, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ইসরাইলে পিট হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


হঠাৎ ইসরাইলে পিট হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরাইল সফর করেছেন এবং সেখানে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন থাকা একটি বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হয়।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, গত সোমবার দক্ষিণ ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সফর সম্পর্কে অবগত দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ওই ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন রয়েছে।

বৈঠকে ইরান নিয়ে আলোচনা হয়েছে বলে তিন ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয় বা কোনো সিদ্ধান্তের কথা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সরকার।

এ সফর ইসরাইলের ২৭ অক্টোবরের নির্বাচনের মাত্র আট দিন আগে অনুষ্ঠিত হয়েছে। সফরের এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান। একই সময়ে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

এর আগে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনে নেতানিয়াহু বলেন, দুই মিত্রের কিছু কাজ এখনও বাকি রয়েছে। তিনি ট্রাম্পকে বলেন, ‘ডোনাল্ড, আমাদের একটি কাজ শেষ করতে হবে। আপনি এ কথা বলেছেন, আর আমরা একসঙ্গে তা শেষ করব।’

নতুন হামলার প্রস্তুতি কি?

অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ায় ওয়াশিংটন ও ইসরাইল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়টি বিবেচনা করছে।

তবে নতুন হামলার জন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন তথ্য প্রকাশ্যে আসেনি। সোমবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে আসার অবস্থানে রয়েছে। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটি পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

অন্যদিকে, নেতানিয়াহু এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসরাইলের ২৭ অক্টোবরের নির্বাচনের আগে তিনি আরেকটি বড় ধরনের হামলা চালাতে চান না। ট্রাম্পও বলেছেন, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি ইরানে হামলা চালাবেন না।

দুই নেতার বক্তব্যে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল নিয়ে অনিশ্চয়তা স্পষ্ট হয়েছে। ওয়াশিংটন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে, নাকি সামরিক পদক্ষেপের পথে এগোবে—তা এখনো পরিষ্কার নয়।

কেন বিমানঘাঁটিতে বৈঠক?

ওভদা বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন থাকায় বৈঠকের স্থানটি বিশেষ মনোযোগ পেয়েছে। দীর্ঘপাল্লার সামরিক অভিযানে আকাশে জ্বালানি সরবরাহের সক্ষমতা গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে যুদ্ধবিমান দীর্ঘ সময় উড়তে এবং দূরের লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে পারে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, নেতানিয়াহু বেন গুরিয়ন বিমানবন্দর থেকে হেলিকপ্টারের পরিবর্তে একটি ব্যক্তিগত বিমানে ওভদা বিমানঘাঁটিতে যান। সংবাদমাধ্যমটি বৈঠকটিকে ব্যতিক্রমী দীর্ঘ বলেও উল্লেখ করেছে।

তবে বিমানঘাঁটিতে বৈঠক হওয়া কিংবা সেখানে যুদ্ধবিমান মোতায়েন থাকাই নতুন হামলার অনুমোদন দেওয়া হয়েছে—এমন প্রমাণ নয়।

হেগসেথের এই আকস্মিক ইসরাইল সফর এবং নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে। তবে বৈঠকের উদ্দেশ্য ও ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য না আসা পর্যন্ত ইরানে নতুন হামলার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%