১০:২৭ পি.এম
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী একটি নতুন বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। সেলাঙ্গর রাজ্যের ইউএসজে ২৩ এবং ক্লাংয়ের কমপ্লেক্স পাসার বেসার মেরু এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়েছে। এই অভিযানের ফলে আটক করা হয়েছে ২৫২ অভিবাসী। এর মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম পোর্টাল বারিতা আরটিএম-এর একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবদেন অনুযায়ী, শুক্রবার (২১ আগস্ট) রাতে, স্থানীয় সময় দিবাগত, এই সমন্বিত অভিযানটি পরিচালিত হয় যেখানে ৭১০ জন বিদেশির কাগজপত্র ও বৈধতার বিষয়টি পরীক্ষা করা হয়েছে। অভিযানের সময়, অধিকাংশ অবৈধ অভিবাসী আটক এড়াতে পালিয়ে পড়ার চেষ্টা করেন এবং তাদের কিছু অংশ পাশের পরিত্যক্ত খনির এলাকায় (লম্বং) আশ্রয় নেন। এ সময় কেউ কেউ খাটের নিচে লুকিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
সেলাঙ্গর ইমিগ্রেশনের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানালেন, আটক করা ২৫২ জনের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তার মধ্যে ১৬৪ জন বাংলাদেশির পাশাপাশি ৫৭ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, তিনজন ভারতীয়, তিনজন নেপালী এবং একজন পাকিস্তানি নাগরিক আটক হয়েছেন।
তিনি জানান, আটক হওয়া বাংলাদেশিরা সবাই পুরুষ। এ ছাড়াও মিয়ানমারের ৫০ জন পুরুষ ও সাতজন নারী, ইন্দোনেশিয়ার ১৬ জন পুরুষ ও আটজন নারী, ভারতের তিনজন পুরুষ, নেপালের তিনজন পুরুষ এবং পাকিস্তানের একজন পুরুষকে আটকের আওতায় আনা হয়েছে।
রাত ১টা ৫৫ মিনিটে শুরু হওয়া অভিযানটিতে সেলাঙ্গর ও পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের সদস্যদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জাতীয় মাদকবিরোধী সংস্থা (এএডিকে) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) সদস্যরা সম্পৃক্ত ছিলেন।
আটকদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন ও অনুমোদিত সময়ের অধিক মালয়েশিয়ায় অবস্থান করার মতো বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
মোহাম্মদ খুসাইরি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এমন অভিযান ভবিষৎতেও অব্যাহত থাকবে।
এ সময় নিয়োগকর্তা এবং সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সুরক্ষা না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। একইসঙ্গে অবৈধ অভিবাসীদের বিষয়ে যদি কোনো তথ্য থাকে, তবে সেগুলো ইমিগ্রেশন বিভাগকে জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান মালয়েশিয়ার এই অভিবাসন কর্মকর্তা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন