ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

গণরায় না মানলে জনগণ লালকার্ড দেখিয়ে দেবে: গোলাম পরওয়ার


গণরায় না মানলে জনগণ লালকার্ড দেখিয়ে দেবে: গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, গণরায় না মানলে জনগণের হাতে লাল কার্ড রয়েছে এবং জনগণ এটি উপযুক্ত সময়ে দেখিয়ে দেবে।

তিনি শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের মুড়লি মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, "ঢাকা থেকে এ পর্যন্ত পৌঁছাতে রাস্তার দুপাশে লাখ লাখ মা-বোন ও সাধারণ মানুষের যে জোয়ার আমরা দেখেছি, তা সত্যিই বিস্মিত ও অভিভূত করার মতো।" তিনি বলেন, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে আসার সময় হাজার হাজার নারী-পুরুষ এগারো দলের আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, "নির্বাচনের ৮ মাস পরও আপনাদের ভাববার সময় আছে।" তিনি যোগ করেন, "নির্বাচনে জাতিকে যে ওয়াদা দিয়েছিলেন, তা রক্ষা করুন। আগামী ৯ নভেম্বরের পার্লামেন্ট অধিবেশনে ভুল স্বীকার করে একদলীয় সংবিধান সংশোধনের বাকশালি স্টাইল থেকে ফিরে আসুন। রাজনৈতিক সংকটকে সংঘাতে না ঠেলে পার্লামেন্টে তার নিষ্পত্তি করুন।"

জামায়াতের এ নেতা বলেন, "দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, সার, গ্যাস, বিদ্যুতের এই ৮ মাসে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।" তিনি সতর্ক করেন যে, এ অবস্থার উন্নতি না হলে এক দফার কর্মসূচি আসবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, হেফাজতে ইসলামের আমির আল্লামা মামুনুল হক, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী: যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


প্রধানমন্ত্রী: যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, যুবসমাজ হলো যেকোনো জাতির প্রাণশক্তি এবং অগ্রগতির মূল চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট মোকাবিলা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অস্বীকার করা যায় না।

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আগামীকাল ১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে আজ তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বিভিন্ন সংকটের মোকাবিলা এবং উন্নয়ন অগ্রযাত্রায় দেশের যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজের বিপুল সম্ভাবনা উপলব্ধি করে তাদের সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর নির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে পরিচিতি লাভ করে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়।

প্রধানমন্ত্রী আরও স্মরণ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য এবং তাদের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে দেশের সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখেরও বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে। তাদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তারা মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা, এমনকি কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি আয় করছেন।

প্রধানমন্ত্রী বলেন, যুব উদ্যোক্তাদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।

জাতীয় যুব পুরস্কারকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতি গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী নারী-পুরুষ এবং যুব সংগঠককে এই সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি এ বছর পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন বর্তমানে যুবসমাজের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতার সাথে সমৃদ্ধ হতে হবে।

তিনি জানান, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে। ফ্রিল্যান্সিং ও এআই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জন করার পাশাপাশি অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রী যুবসমাজের পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তরুণরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অবদান রাখছেন।

তিনি স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিদেশি ভাষা শিক্ষা এবং নতুন সম্ভাবনাময় খাতে আরও প্রশিক্ষণ কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগের মাধ্যমে আধুনিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী যুবসমাজকে নিজেদের প্রতিভা, উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের মাধ্যমে জাতীয় উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে ব্যর্থ না হয়, সে লক্ষ্যে দেশে প্রথমবারের মতো স্টার্টআপ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

জাতীয় যুব দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন, নেতৃত্ব এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুবসমাজ ক্রমবর্ধমানভাবে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেলনা প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখবে শিক্ষার্থীরা, পুনর্ব্যবহার করবে ইপসা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


ফেলনা প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখবে শিক্ষার্থীরা, পুনর্ব্যবহার করবে ইপসা

চট্টগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৬ : ফেলনা প্লাস্টিক জমা দিয়ে বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জমা দেওয়া প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের পরিবেশ সচেতন করে তোলার পাশাপাশি প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে চিড়িয়াখানা ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় পরিচ্ছন্নতা এবং মশকনিধন কর্মসূচি পরিচালনা করা হয়। এর আগে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এ কর্মসূচিতে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে। যেখানে সাধারণ দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার প্রবেশ টিকিটের মূল্য ৭০ টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত এসব প্লাস্টিক বর্জ্য এতদিন সংরক্ষণ করা হচ্ছিল। এবার তা পুনর্ব্যবহারের আওতায় আনার কার্যক্রম শুরু হলো।

এজন্য ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় চিড়িয়াখানায় জমা হওয়া প্লাস্টিক বর্জ্য নিয়মিত সংগ্রহ, পৃথকীকরণ ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে সংস্থাটি। এই কার্যক্রমে জেলা প্রশাসন ও ইপসার মধ্যে কোনো অর্থ লেনদেন হবে না। প্রাথমিকভাবে এ সমঝোতার মেয়াদ এক বছর।

সমঝোতা স্মারকের আওতায় ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে প্লাস্টিক সংগ্রহ, পরিবহন ও রিসাইক্লিংয়ের ব্যবস্থা করবে। এছাড়া ইপসা চিড়িয়াখানায় বিনাসহ সুরক্ষা সামগ্রী সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, "একক কোনো সংস্থার পক্ষে পুরো নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।"

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে তুলতেই প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াৎ জামিল সৈকত, ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার অপূর্ব দেব এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুলের সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


নজরুলের সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়ানোর আহ্বান

চুয়াডাঙ্গা, ৩১ অক্টোবর ২০২৬ : সপ্তাহব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বক্তাদের মতে, নজরুলের সাহিত্য চর্চার মাধ্যমে যুবসমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

আজ চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব বক্তব্য তুলে ধরেন।

‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। এ সময় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা বিদ্যমান, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাদের মতে, নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্মের চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।

আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে রাতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী হিরণ উর রশিদ শান্ত, নুসরাত জাহান করবি ও মনোয়ারা খুশি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ফেনীতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত

ফেনী, ৩১ অক্টোবর, ২০২৬ : আজ জেলা কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেনের ব্যবহারকে বৃদ্ধি করা।

এ কনফারেন্স ও র‌্যালির মূল প্রতিপাদ্য ছিল ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ এবং ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং এনসিসি ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ফাইনান্সিয়াল ইনক্লুশন) দেবাশীষ রায়।

এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মো. নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম ও আঞ্চলিক প্রধান এ. এইচ. এম রেজাউল করিম, এনসিসি ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট ও ফাইনান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-পরিচালক মো: ফিরোজ আহমেদ।

দেবাশীষ রায় অনুষ্ঠানে বলেন, "আগামী দিনে ব্যাংকিং সেবা পুরোপুরি ডিজিটালাইজ হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিতে শুরু করেছে।" তিনি আরও উল্লেখ করেন যে, স্টুডেন্ট ব্যাংকিংকে আরো কার্যকর ও গুরুত্বপূর্ণ করে তুলতে স্টুডেন্টদের জন্য একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, প্রযুক্তিগত ও আধুনিকভাবে ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ডিজিটাল ব্যাংক, ক্যাশলেস, মোবাইল ব্যাংকিং ইত্যাদি সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল, এনসিসি ব্যাংক পিএলসি-এর দিকনির্দেশনায় এবং ফেনী শাখার সরাসরি ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

জেলায় মোট ৩৮টি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এই ব্যাংকিং কনফারেন্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এছাড়া, জেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

এছাড়া, চলতি বছরে জেলার সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার জন্য বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংককে প্রথম, ডাচবাংলা ব্যাংককে দ্বিতীয় এবং বেসিক ব্যাংককে তৃতীয় স্থান অর্জনকারী ব্যাংক হিসেবে পুরস্কৃত করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%