সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৪ পি.এম
বাংলাদেশের সীমান্তের নিকটে অবস্থিত মিয়ানমারের সংঘাতপ্রবণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি বাজারের কাছাকাছি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন।
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা সোমবারের (২৮ সেপ্টেম্বর) হামলার খবর জানিয়েছে। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
আরাকান আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোমবার কিয়াউকতাও শহরে বিমান হামলা চালানো হয়।
ওয়াই হুন অং জানান, তার দল ওই এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। হামলার স্থানটি মূল সংঘাত এলাকা থেকে অনেক দূরে ছিল এবং চলমান সংঘাতের সঙ্গে ওই এলাকার কোনো সম্পর্ক ছিল না।
২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকেই মিয়ানমারে সশস্ত্র সংঘাত চলছে। এরপর থেকে আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।
তবে বিমান হামলার বিষয়ে আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মিয়ানমার সরকারের একজন মুখপাত্রের মন্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দেশটির সরকার পূর্বে দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সেনাবাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করে।
আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের বক্তব্য অনুযায়ী, রাখাইনে সাম্প্রতিক সময়ের প্রাণঘাতী বিমান হামলাগুলোর মধ্যে কিয়াউকতাওয়ের হামলাটি অন্যতম। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে পশ্চিম রাখাইনের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকার ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনতে যাচ্ছে, যা মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক খসড়ার চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে।
এই খসড়ায় প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪ তে সংশোধনের জন্য ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হবে; যদি ১৫তম দিবসে সরকারি ছুটি থাকে, তবে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে।
মন্ত্রিসভা-বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একাডেমিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার উদ্দেশ্যে ‘নো ইওর এমপ্লয়ার’ শীর্ষক ক্যারিয়ার সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজনেস স্টাডিজ অনুষদের সহযোগিতায় এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের উদ্যোগে এই সেশনের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা, যোগ্যতা ও আগ্রহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। একই সঙ্গে নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা ও সক্ষমতা প্রত্যাশা করেন, সে বিষয়েও জানতে হবে।’ তিনি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং পরিবর্তিত চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে সেশনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়া, ব্র্যাক ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল ও ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেইনার রওনক আরা, যিনি উপস্থিত ছিলেন।
অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের ইচআর ফিল্ড অপারেশন্সের সিনিয়র ম্যানেজার জয়ন্ত কুমার সরকার এবং ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উত্তরবঙ্গ জোনের আঞ্চলিক প্রধান ফজলুল কবির। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
ব্র্যাক ক্যারিয়ার হাবের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল বলেন, ‘ক্যারিয়ার হাব দক্ষতা যাচাই, ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সংযোগ স্থাপনের সেবা এক প্ল্যাটফর্মে দেয়। ২০২০ সালে চালু হওয়া এই প্ল্যাটফর্ম তরুণদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত হতে সহায়তা করছে।’
ব্র্যাকের ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার মো. রাব্বী হাসান বলেন, ‘দেশের মোট বেকার জনসংখ্যার ৮৩ দশমিক ২ শতাংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী। উচ্চশিক্ষা গ্রহণ করা তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ১১ শতাংশ। এ পরিস্থিতিতে দক্ষতা উন্নয়ন, কার্যকর ক্যারিয়ার নির্দেশনা ও শ্রমবাজারের সঙ্গে সংযোগ জোরদার করা গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটির নানিয়ারচরে অবস্থিত তার নিজ গ্রাম রামহরি পাড়ায় বৌদ্ধ ধর্মীয় রীতি ও যথাযোগ্য সামরিক মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি দল আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। পরে মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত নৌ-সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানা যায়, ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন বাংলাদেশ ফোর্স মেরিটাইম ইউনিট ব্যানএফএমইউ-১১-এ দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। তাকে ভারতীয় ফিল্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার অবদানের কথা স্মরণ করে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি এবং দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধানও তার প্রতি শ্রদ্ধা জানান।
রোববার সকালে ট্রোম্যান খীসার মরদেহ ঢাকায় আনার পর নেওয়া হয় তার পৈতৃক নিবাস রাঙ্গামাটিতে। সেখানে সোমবার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ জুন রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ায় জন্মগ্রহণ করেন ট্রোম্যান খীসা। ২০০৬ সালের ১ জুলাই নাবিক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনার পর কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
ডিবি গুলশান বিভাগের একটি দল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে এমপির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় এমপি আব্দুল গফুর বাসায় উপস্থিত ছিলেন। তার সামনে থেকেই ডিবি পুলিশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ডিবি পুলিশ জানায়, নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ