ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হঠাৎ বিশাল দল নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু, নতুন উত্তেজনা জেরুজালেমে


হঠাৎ বিশাল দল নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু, নতুন উত্তেজনা জেরুজালেমে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হঠাৎ করে বিশাল একটি দলে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছেন, যা ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ‘ইয়ম কিপ্পুর’কে সামনে রেখে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তিনি কয়েকজন মন্ত্রী এবং হাজার হাজার ইসরায়েলি নাগরিককে সঙ্গে নিয়ে দখলকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রার্থনায় অংশ নেন। খবরটি আনাদোলু এজেন্সি প্রকাশ করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নেতানিয়াহুর সেখানে যাওয়ার বিষয়টি ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট নিশ্চিত করেছে, যেখানে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনি প্রবেশ করেন।

গভর্নরেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরোনো শহরের ওয়াদি স্ট্রিটের মাধ্যমে বিপুলসংখ্যক ইসরায়েলি নিয়ে নেতানিয়াহু পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন। যদিও তিনি মূল মসজিদে প্রবেশ করেননি, তথাপি আল-আকসার প্রবেশপথ ‘বাব আল-রহমা’ সংলগ্ন এলাকায় ইসরায়েলিরা অবস্থান নেয়। একই সময়ে সাধারণ ফিলিস্তিনিরাও আল-আকসায় নামাজ আদায় ও বাজারের কাজে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

আগামী ২১ সেপ্টেম্বর ইয়ম কিপ্পুর এবং পরবর্তীতে সুক্কোটসহ একাধিক ইহুদি উৎসব উপলক্ষে দখলদারদের যেকোনো পরিকল্পনা ব্যর্থ করতে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবস্থান নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। ইসলামিক ওয়াকফ প্রশাসন জানিয়েছে, বিতর্কিত এই পশ্চিম দেয়াল মূলত মুসলিমদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের অবিচ্ছেদ্য অংশ।

এদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় অন্তত ১০০ জন ইসরায়েলি একতরফাভাবে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে। ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশি পাহারায় ফিলিস্তিনিদের বাধা এড়িয়ে এভাবে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে পুরো জেরুজালেম অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ দলের লংমার্চ নিয়ে পুলিশের পেজে স্ট্যাটাস, কর্মকর্তা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


১১ দলের লংমার্চ নিয়ে পুলিশের পেজে স্ট্যাটাস, কর্মকর্তা প্রত্যাহার

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর লংমার্চ’ এবং গাজীপুরের ভোগরা বাইপাসের পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার কারণে এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সমালোচনার পর পোস্টটি সংশোধন করে পরে মুছে ফেলা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তার নাম খন্দকার জালাল উদ্দীন মাহমুদ। তিনি দীর্ঘ সময় ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তাকে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জিএমপি সূত্র এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত ওই পথসভায় বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য প্রদান করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও সভাস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

পথসভা শেষ হওয়ার পর জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টটিতে লংমার্চের গন্তব্য ও দাবিগুলো উল্লেখ করার পাশাপাশি কর্মসূচির সময়সূচি ও পুলিশের দায়িত্ব পালনের তথ্য তুলে ধরা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, লংমার্চটি আনুমানিক সকাল ৯টায় জিএমপি এলাকায় প্রবেশ করে। পরে সকাল ১০টার দিকে ভোগরা বাইপাস এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে লংমার্চ চলে যায়। এতে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম ঘটে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া পোস্টে বলা হয়, জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ও ফোর্স লংমার্চের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন।

জিএমপির ওই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অনেকে পোস্টটির সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টটি প্রথমে সংশোধন করা হয়। পরে সেটি পুরোপুরি মুছে ফেলা হয়। এরপর পোস্টটি দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। একইসঙ্গে তাকে শোকজও করা হয়েছে।

দায়ী কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বলেন, ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিমের বয়স তেরো, সরকারি ভবনের কপালে লিখে দিতে চান শামসুজ্জামান দুদু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


অপ্রতিমের বয়স তেরো, সরকারি ভবনের কপালে লিখে দিতে চান শামসুজ্জামান দুদু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের পুত্র নিহত ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের বয়সের সংখ্যা তেরো, এই সংখ্যা সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দিতে চান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান।

ফেসবুক পোস্টে দুদু উল্লেখ করেন, অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দিতে চাই।

তিনি আরও বলেন, তেরো বছর বয়সে একটি ছেলের পৃথিবী হওয়ার কথা ছিল স্কুলের মাঠ, বন্ধুর মুখ, মায়ের রান্নাঘর, পরীক্ষার খাতা আর ভবিষ্যৎ নিয়ে অসংখ্য নির্বোধ স্বপ্ন।

দুদু আরও উল্লেখ করেন, এই দেশ তাকে তার ভবিষ্যৎসহ গিলে ফেলেছে এবং আমরা এখন সভ্য মানুষের মতো বসে তার মৃত্যুর কারণ খুঁজছি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতীম। এরপর সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালান।

প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে অপ্রতীমের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতুতে মিনিট্রাককে হঠাৎ বাসের ধাক্কা, আহত ৯ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


পদ্মা সেতুতে মিনিট্রাককে হঠাৎ বাসের ধাক্কা, আহত ৯ যাত্রী

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একটি মিনিট্রাককে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে কুয়াকাটাগামী ডলফিন পরিবহনের একটি বাস সেটির পেছনে সজোরে ধাক্কা দিয়েছে। এতে বাস ও মিনিট্রাকের অন্তত নয়জন যাত্রী আহত হয়েছেন।

এই দুর্ঘটনাটি শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিলারের কাছে ঘটে।

পুলিশ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ডলফিন পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। রাতের বেলায় পদ্মা সেতু পার হওয়ার সময় ৪২ নম্বর পিলারের কাছে বাসটি সামনে থাকা একটি মিনিট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে বাস ও মিনিট্রাকের কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (পদ্মা সেতু) আবু সাদ নিলয় বলেন, "বাসটি দ্রুতগতিতে মিনিট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে বাস ও মিনিট্রাকের যাত্রীদের মধ্যে অন্তত নয়জন আহত হয়েছেন।"

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের তথ্য পুলিশের কাছে আসেনি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগানে তিনটি ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগানে তিনটি ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা মাত্র চার মিনিটের মধ্যে পরপর ঘটে। এই ঘটনায় এলাকায় আতংক সৃষ্টি হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে সুন্দরগঞ্জ পৌর শহরের গোপালচরণ এলাকায় বিস্ফোরণগুলো সংঘটিত হয়। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ফজরের সময় সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকারের বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। দুই মিনিট পর গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এর দুই মিনিট পর স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণগুলো চার মিনিটের মধ্যে ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। পরপর বিকট শব্দে আশপাশের মানুষ আতংকিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে, কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ফজরের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরপর তিনটি বিকট শব্দে আমরা আতংকিত হয়ে পড়ি। এই এলাকায় আগে কখনও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকেও বাইরে দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%