০৫:২৭ পি.এম
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে সংযুক্ত হবে, এমন মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এই উদ্দেশ্যে ভারতীয়দের একটু ধৈর্য ধরার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। রামদেব দাবি করেছেন, ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই।
সোমবার (১৭ আগস্ট) রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে তিনি এই মন্তব্যটি করেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রামদেব মন্তব্য করেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা ‘নির্যাতন ও অবিচারের’ শিকার হচ্ছেন। যা মানবসভ্যতার ইতিহাসে অন্যতম বড় নিষ্ঠুরতার ঘটনা।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ভারতের ভবিষ্যৎ বিষয়ক নিজের চিন্তাভাবনা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা অবশ্যই সংবিধান ও নৈতিকতার সীমানার ভিতরে থাকা উচিত।
রামদেব বলেন, একদিন এমন একটি সময় আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। এজন্য শুধু একটু ধৈর্য ধরতে হবে।
ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে করা আইন নিয়ে কথা বলতে গিয়ে রামদেব বলেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ মূলত ‘রাজনৈতিক বক্তব্যের অংশ’। দেশে যেসব ধর্মীয় পরিবর্তন ঘটছে, তা যেন ভবিষ্যতে কাউকে নির্যাতনের শিকার না হতে দেয়, তা নিশ্চিত করতে হবে। কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।
ভারত ও ভারতের জনগণকে বিশ্বের উন্নত দেশের কাতারে দেখতে চান বলে উল্লেখ করেন রামদেব। তিনি বলেন, আমি ভারতের অর্থনীতিকে বিশ্বের সেরা দেশের কাতারে দেখতে চাই। রুপির মূল্য যেন ডলার ও পাউন্ডের সমান হয়, এটাই আমি দেখতে চাই। আমি চাই ভারতের পাসপোর্ট এমনভাবে শক্তিশালী হবে যে ভারতীয়দের বিশ্বের যেকোনো স্থানে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হবে না।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াসহ বিশ্বের সব দেশেই ভারত যেন সমান সম্মান পায়, সেটাও তিনি জানান। সূত্র: ইন্ডিয়া টুডে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন