০৫:৩০ পি.এম
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক অজ্ঞাত যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পিস্তল দিয়ে প্রকাশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার। এ ঘটনার একটি ২৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের তথ্য পাওয়া গেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খয়েরি রঙের একটি প্রাইভেটকারের ভিতর বসে থাকা এক যুবক পিস্তল বের করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে। গুলির শব্দ শোনার সাথে সাথে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যায়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয়দের দাবি, ঢাকা থেকে গোপালগঞ্জগামী প্রাইভেটকারটি ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কের মাঝে পার্কিং করা ছিল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক গাড়িটির সড়কের পাশে সরিয়ে পার্কিং করার জন্য বলেন। এ নিয়ে গাড়িতে থাকা এক যুবক ও এক তরুণীর সঙ্গে স্থানীয়দের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে, গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় এক যুবককে থাপ্পড় দেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে, আরও কয়েকজন স্থানীয় যুবক সেখানে এগিয়ে এলে ওই যুবক গাড়িতে উঠে একটি ব্যাগ থেকে পিস্তল বের করেন। এরপর পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
গোটা ঘটনা ঘটার পর গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ করে দেন বলে জানা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু জানিয়েছেন, গুলিবর্ষণের ভিডিওটি পুলিশ হাতে পেয়েছে। তবে ভিডিওটি ভাঙ্গার ঘটনার কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি ভিডিও দেখে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ভাঙ্গায় ঘটনাটি যদি ঘটে থাকে, তাহলে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন