০৩:৩৬ পি.এম
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটারদের জীবনে অনেক অর্জন ও রেকর্ডের সমাহার থাকে। তবে, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার লেসলি হিলটনের জীবনের শেষ অধ্যায়টি একটি ভয়াবহ ট্র্যাজেডি ও অন্ধকারের ইতিহাসে লেখা হয়েছে। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে ফাঁসিতে ঝুলতে বাধ্য হন।
১৯৩৪ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত তিনি ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের হয়ে খেলেছেন, জ্যামাইকান এই ডানহাতি পেসার প্রতিপক্ষের ব্যাটারদের বিরুদ্ধে বল হাতে ভয় ধরাতে সক্ষম ছিলেন। দেশের হয়ে ৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে তিনি ১৬টি উইকেট দখল করেন।
১৯৪২ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর লুরলাইন রোজ নামক এক নারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিলটন। ১৯৪৭ সালে তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
কিছু বছর পর, ফ্যাশন ডিজাইনিংয়ে উচ্চতর পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে নিউইয়র্কে চলে যান লুরলাইন। সেখানে তিনি রয় ফ্রান্সিস নামের এক বিত্তশালী ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। স্ত্রীর আচরণে সন্দেহ জাগলে হিলটন তদন্ত শুরু করেন।
পরে, স্ত্রীর পরকীয়ার বিষয়টি তার সামনে ধরা পড়ে এবং তিনি লুরলাইনের সাথে মুখোমুখি হন। স্ত্রীর মুখ থেকে সম্পর্কের কথা শুনে হিলটন রাগ ও দুঃখে নিয়ন্ত্রণ হারান। ঘরে থাকা রিভলবার দিয়ে তিনি স্ত্রীর দিকে সাতটি গুলি ছুড়েন, যা ঘটনাস্থলেই লুরলাইনের মৃত্যু ঘটায়।
ঘটনার পর লেসলি হিলটনকে গ্রেপ্তার করা হয়। আদালতে আত্মপক্ষ সমর্থনে তার আইনজীবী যুক্তি দেন যে, স্ত্রীর প্রতারণা ও আকস্মিক উত্তেজনার কারণে তিনি এই কাজ করেছেন। তবে, আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।
জ্যামাইকার আদালত তাকে লুরলাইনকে নির্মমভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। পরবর্তীতে, রায়ের বিরুদ্ধে আপিল এবং তৎকালীন সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে প্রাণভিক্ষার আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যাত হয়। অবশেষে, ১৯৫৫ সালের ১৭ মে জ্যামাইকার জেলে ফাঁসিতে ঝুলিয়ে লেসলি হিলটনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ক্রিকেট ইতিহাসের ১২০ বছরেরও বেশি সময়ের মধ্যে লেসলি হিলটন একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার, যার জীবনের গল্প আদালতের রায়ে ফাঁসির মাধ্যমে শেষ হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন