ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যালিফোর্নিয়ার ৩ শহরে কাউন্সিলর পদে লড়ছেন ৩ বাংলাদেশি


ক্যালিফোর্নিয়ার ৩ শহরে কাউন্সিলর পদে লড়ছেন ৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ ক্রমবর্ধমান। এই প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তিনটি শহরের নগর পরিষদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেবেলো শহরের শাজিয়া হক, রিভারসাইড কাউন্টির পেরিস শহরের মোহাম্মদ রহমান এবং সান বার্নার্ডিনো কাউন্টির চিনো শহরের এম এস আলম।

আগামী ৩ নভেম্বরের নির্বাচনের জন্য তিন প্রার্থীই প্রচার কার্যক্রম চালাচ্ছেন। স্থানীয় বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের অনেক সদস্য তাদের সমর্থন জানাচ্ছেন। কেউ আর্থিক সহায়তা প্রদান করছেন, কেউ নির্বাচনী তহবিল সংগ্রহে সহায়তা করছেন, আবার কেউ উৎসাহ ও নৈতিক সমর্থন জোগাচ্ছেন।

মূলধারার রাজনীতিতে নারীদের অংশগ্রহণ চান শাজিয়া।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেবেলো শহরের ১ নম্বর ওয়ার্ড থেকে নগর পরিষদ নির্বাচনে লড়ছেন শাজিয়া হক। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জর্জিনা তামায়ো, কিম্বারলি কোবোস ক্যাথর্ন ও রাফায়েল সান্তোয়া।

শাজিয়া, যিনি ব্যবসা, লেখালেখি ও সামাজিক নেতৃত্বের সঙ্গে যুক্ত, দাবি করেছেন যে তার ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে প্রায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। নির্বাচিত হলে তিনি নগর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি, দায়িত্বশীল বাজেট ব্যবস্থাপনা, নিরাপদ পাড়া এবং স্থানীয় ব্যবসার বিকাশে কাজ করতে চান। নগর কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাসিন্দাদের মতামত নিশ্চিত করাও তার লক্ষ্য।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাজিয়া জানান, বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের অন্য জাতিগোষ্ঠীর তুলনায় তাদের প্রতিনিধিত্ব পিছিয়ে রয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ ও সুবিধা কাজে লাগাতে হলে মূলধারার রাজনীতিতে যুক্ত হতে হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য পথ তৈরি করতে হবে।

জয়ের ব্যাপারে আশাবাদী মোহাম্মদ রহমান

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

রিভারসাইড কাউন্টির পেরিস শহরের ১ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ রহমান। তার প্রতিদ্বন্দ্বী গুয়াদালুপে গোমেজ ও হুয়ান কার্লোস ফ্রাঙ্কো।

মোহাম্মদ রহমান যুক্তরাষ্ট্রের ডাক বিভাগে ২৭ বছর কাজ করেছেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা নির্বাচনী প্রচারে তাকে সহায়তা করছে বলে তিনি মনে করেন। কর্মজীবনের সুবাদে অনেক ভোটার তাকে আগে থেকেই চেনেন, যা তাকে জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে।

তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে জননিরাপত্তা, সাশ্রয়ী আবাসন, ক্ষুদ্র ব্যবসার বিকাশ এবং তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি। পাশাপাশি পাড়ায় নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি, উন্নত ফুটপাত ও জননিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

প্রকৌশল অভিজ্ঞতা কাজে লাগাতে চান এম এস আলম।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

সান বার্নার্ডিনো কাউন্টির চিনো শহরের ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী এম এস আলম। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান নগর পরিষদ সদস্য মার্ক লুসিও।

এম এস আলম ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগের সপ্তম জেলায় পূর্ণকালীন প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লং বিচে খণ্ডকালীন শিক্ষকতাও করেন। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পরিবহন প্রকৌশল নিয়ে গবেষণা ও পিএইচডি পর্যায়ের কাজের অভিজ্ঞতাও রয়েছে তার। তিনি চিনো শহরে ১৮ বছর ধরে বসবাস করছেন।

নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়ন, উন্নত গণপরিবহন, শক্তিশালী অবকাঠামো, দায়িত্বশীল উন্নয়ন এবং মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে চান এম এস আলম। তার লক্ষ্য, বর্তমান বাসিন্দাদের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও উন্নয়নের সুযোগ তৈরি করা। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর পরিশ্রম করবেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

বাংলাদেশিদের প্রতিনিধিত্ব বাড়ানোর লড়াই।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

তিন প্রার্থীর নির্বাচনী অঙ্গীকারের মধ্যে পার্থক্য থাকলেও তাদের লক্ষ্য একই—যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি করা। শাজিয়া হক নারীদের রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্ব দিচ্ছেন, মোহাম্মদ রহমান আবাসন ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন। এম এস আলম প্রকৌশল ও প্রকল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পিত নগর উন্নয়নের কথা বলছেন।

যুক্তরাষ্ট্রে নগর পরিষদের সিদ্ধান্ত সরাসরি বাসিন্দাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। সড়ক, গণপরিবহন, আবাসন, জননিরাপত্তা, নগর পরিকল্পনা ও স্থানীয় ব্যবসার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এসব পরিষদের ভূমিকা রয়েছে।

আগামী ৩ নভেম্বর মন্টেবেলো, পেরিস ও চিনো শহরের ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। তিন বাংলাদেশি-আমেরিকান প্রার্থীর জন্য এই লড়াই শুধু নির্বাচনে জয়ী হওয়ার নয়; স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।

আরও পড়ুন: লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় ক্রুশ পড়ে যাজক পাত্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারির মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার আলবার্টার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ও আহতের সংখ্যা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


কানাডার আলবার্টার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ও আহতের সংখ্যা বেড়েছে

কানাডার আলবার্টার সেনাঘাঁটি দেশের অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটিগুলোর একটি। সেখানে ভয়াবহ আগুনের ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার রাতে (১৭ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে ঘাঁটি থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়।

আগুন লাগার পরও ওই শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার, সড়ক খোলা রাখার এবং ওয়াইনরাইটের স্বাস্থ্যকেন্দ্রে অপ্রয়োজনে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।" তবে তিনি আগুনের সূত্রপাতের কারণ এবং কতজন আহত বা নিহত হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

তিনি কেবল উল্লেখ করেছেন, আগুনটি সক্রিয় এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উচ্চ বাতাসের কারণে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত ওয়াইনরাইট শহর। এখানে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার এবং থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার অবস্থিত। এছাড়া, এডমন্ডের আর্মি ফিল্ড ফোর্স ইউনিটের ট্রেনিং গ্রাউন্ড হিসেবেও এই ঘাঁটি ব্যবহৃত হয়।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, গুরুতর ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রীর মতো তিনিও আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাননি।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৯০ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৯০ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৪ ঘণ্টার মধ্যে ৪৯০ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানের সময় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৫২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪০ জন এবং উত্তরা বিভাগের ২৫ জন রয়েছেন।

অভিযানের ফলে ১৫টি মোবাইলফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ এবং নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণ করলো লায়ন্স ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


শিশু চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণ করলো লায়ন্স ইন্টারন্যাশনাল

ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে ২০২৬ এবং অক্টোবর সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ১।

রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে নুসাইবা নুজহাত, দ্বিতীয় স্থান অর্জন করেছে আজরিন খান রূপকথা, এবং তৃতীয় স্থান পেয়েছে ইমাদ আলদিম তাজ।

খ বিভাগে প্রথম স্থান দখল করেছে আফসানা মাহরিন, দ্বিতীয় স্থান পেয়েছে এমডি সাদ, এবং তৃতীয় স্থান অর্জন করেছে ওসমান গনি।

গ বিভাগে প্রথম স্থান লাভ করেছে হুমায়রা তাসনিম, দ্বিতীয় স্থান মাইশা হাসান, এবং তৃতীয় স্থান পেয়েছে রিমঝিম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ এ১ এর বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত ইসলাম পিএমজেএফ। উদ্বোধক হিসেবে ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুডউইল অ্যাম্বাসেডর ও বিএলএফ এর চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, ফাস্ট জেলা গভর্নর গোলাম ফারুক, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী, এবং লায়ন ডা: আবুল হোসেন খন্দকার।

অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং সেবার মানসিকতাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

লায়ন্স ক্লাবের সদস্যরা আগামী দিনে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তোমার বাবা আকাশের তারা হয়ে গেছে’: নেত্রকোনার সাংবাদিক আলিফের হত্যার পর পরিবারে শোক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


‘তোমার বাবা আকাশের তারা হয়ে গেছে’: নেত্রকোনার সাংবাদিক আলিফের হত্যার পর পরিবারে শোক

নেত্রকোনার সাংবাদিক আলিফের মৃত্যুর পর তার পরিবার এখন অসহায় অবস্থায় রয়েছে। পিতৃহীন চার বছরের অবুঝ শিশু প্রান্থি তার মাকে সান্ত্বনা দিতে বলছে, “মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।”

যদিও পিতৃহীন হওয়ার কষ্ট বোঝার বয়স তার হয়নি, কিন্তু মায়ের চোখের জল দেখে নিজের মতো করে সান্ত্বনা দেওয়ার এই আকুতি সত্যিই হৃদয়বিদারক।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে দুর্গাপুরের গ্রামের বাড়িতে এই দৃশ্য দেখা যায়।

মেয়ের মুখে এমন কথা শুনে কান্না ধরে রাখতে পারেননি সাংবাদিক আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা। যে বয়সে প্রান্থির বাবার কোলে চড়ে ঘুরে বেড়ানোর কথা, সেই বয়সেই বাবাকে হারিয়ে কাঁদতে থাকা মাকে সান্ত্বনা দিতে হচ্ছে তাকে।

আনন্দিতা বলেন, “মেয়ের মুখে এসব কথা শুনলে বুকটা ফেটে যায়। বাবা যে আর কোনোদিন ফিরে আসবে না, তা বোঝার বয়স এখনও হয়নি তার। ওর কথা শুনে আমার কান্না দ্বিগুণ হয়ে যায়। আমার কী হবে? আমার সন্তানদের কী হবে? আমার মা বিধবা! আমার বড় বোনও বিধবা! সন্ত্রাসীরা আমাকেও বিধবা করে দিলো!”

প্রান্থির ছোট ভাই আইয়ান সাফয়ানের বয়স মাত্র দেড় বছর। বাবার মৃত্যুর অর্থ বোঝার বয়স হয়নি তারও। দুই দিন ধরে বাবাকে কাছে না পেয়ে সে কিছুক্ষণ পরপর কেঁদে উঠছে। বাবা ডাকতে শিখেছে, কিন্তু সেই বাবা যে আর কোনোদিন তার ডাকে সাড়া দেবেন না, সেটি বোঝার ক্ষমতা হয়নি শিশুটির। এই দুই শিশুকে নিয়েই এখন অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আনন্দিতা। স্বামীকে হারানোর শোকের পাশাপাশি দুই সন্তানকে কীভাবে বড় করবেন, কীভাবে তাদের বাবার অভাব পূরণ করবেন- এসব প্রশ্নই এখন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।

স্বামীকে হারানোর পর স্বামীকে ‘সুপারহিরো’ মেনে আনন্দিতা বলছিলেন, “আমার স্বামী আমার কাছে সুপারম্যান ছিলেন। তাকে কে কীভাবে মূল্যায়ন করত, তা জানি না। তবে তিনি আমার কাছে সব সময়ই সুপারহিরো হয়ে থাকবেন।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বিয়ের পর থেকে একটা রাতও আমাকে ছাড়া তিনি থাকতে পারতেন না। প্রতিদিন আমার মুখে ভাত তুলে দিতেন। আমি নিজের হাতে খেতাম না, তার হাতে খেতাম। আমার পড়ালেখার পেছনেও তার অবদান আছে। আমি নার্সিং পাস করেছি। তিনি আমার চাকরিরও ব্যবস্থা করবেন বলছিলেন। কিন্তু এখন সব শেষ হয়ে গেছে।”

আনন্দিতার ভাষ্য, ঢাকা বা সিলেটে চাকরি হলে স্বামী-সন্তান নিয়ে দুর্গাপুর থেকে চলে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হলো না।

স্বামী হত্যার বিচার চাওয়ার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়েও শংকিত আনন্দিতা। তিনি বলেন, “বাবাহীন ছোট ছোট ছেলে-মেয়েকে আমি কীভাবে মানুষ করব? আলিফ ছেলে-মেয়েকে খুব ভালোবাসত, অনেক আদর করত। ওরা তো আর কোনোদিন বাবার আদর পাবে না।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “যারা আমার সন্তানদের এতিম করেছে, বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে, আমি তাদের কঠিন শাস্তি দেখতে চাই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।”

আলিফের বড় বোন কল্পনা আক্তারও সরকারের কাছে হত্যাকারীদের বিচারের পাশাপাশি তার স্ত্রী-সন্তানদের সহায়তার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “তার ভাইয়ের স্ত্রী নার্সিংয়ে পড়াশোনা করেছেন। তাকে চাকরির ব্যবস্থা করে দিলে দুই সন্তানকে মানুষ করে তোলা সহজ হবে।”

আলিফের শাশুড়ি শিলা রাংসার কণ্ঠেও একই উদ্বেগ। তিনি বলেন, “আমার জামাতাকে এতগুলো গুলি করে মেরে ফেলল। এখন আমরা কার কাছে বিচার চাইব? ছোট দুটি বাচ্চা নিয়ে আমার মেয়েটা কীভাবে চলবে? আমিও তো গরিব।”

এর আগে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে অপূর্ব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন তিনি।

তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তিনি দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় শ্বশুরবাড়ি থাকতেন। তার চার বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%