ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, চারজন আরোহী নিহত


কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, চারজন আরোহী নিহত

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনের মধ্যে চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

কানাডিয়ান পুলিশ এবং বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুইবেকের সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকার ১০ নম্বর মহাসড়কের পাশে ‘র‍্যাং ডেস ইকোসের’ নিকটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হেলিকপ্টারে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

নিহতদের নাম ও পরিচয় স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি উদঘাটনের জন্য কুইবেক পুলিশের ‘মেজর ক্রাইমস ইউনিট’ (গুরুতর অপরাধ তদন্ত বিভাগ) তদন্ত শুরু করেছে। এ ছাড়া কানাডার ‘ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ তদন্ত দল পাঠাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার উপদ্রব, ডেঙ্গুতে আক্রান্ত ১ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার উপদ্রব, ডেঙ্গুতে আক্রান্ত ১ শিক্ষার্থী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীরা মশার উপদ্রবে ভীষণভাবে বিরক্ত হয়ে পড়েছেন। বিশেষ করে সন্ধ্যার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থান, বিশেষ করে আবাসিক হলগুলোতে মশার উৎপাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম সাকিব গত ২১ সেপ্টেম্বর থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং রক্তে প্লেটলেটের মাত্রাও কমে গেছে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবাসিক হলগুলোর আশপাশে নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়া এবং বিভিন্ন স্থানে খোলা ড্রেনে পানি জমে থাকার কারণে সেখানে মশার প্রজননক্ষেত্র তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পচনশীল আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিকেলের পর আবাসিক হল, রিডিং রুম, ডরমিটরি, দোকানপাট, ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় লাইব্রেরির আশপাশে মশার উৎপাত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এতে তাদের পড়াশোনা ও স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটছে।

বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের একজন আবাসিক শিক্ষার্থী জানিয়েছেন, "আমাদের হলে মশার উপদ্রব গুরুতর। সন্ধ্যা ও রাতে মশার আক্রমণ ব্যাপক আকার ধারণ করে। তাই কয়েল বা মশারি ছাড়া পড়াশোনা করা কিংবা ঘুমানো কষ্টকর। মাঝে মাঝে কয়েল জ্বালিয়েও কোনো কাজ হয় না। বিশেষ করে নিচের তলার কক্ষগুলোতে থাকা শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ছেন। হলের চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা ময়লা-আবর্জনাই এর অন্যতম কারণ। এ বিষয়ে হল প্রশাসনের উদ্যোগ নেই বললেই চলে।"

শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেছেন, "শিউলিমালা হলে মশার উপদ্রব অস্বাভাবিক ও অসহনীয় হয়ে উঠেছে। সন্ধ্যার পর রুম ও রিডিং রুমে মশার উৎপাত এতটাই বেড়ে যায় যে কয়েল জ্বালিয়ে বা মশারি টাঙানো ছাড়া পড়াশোনা করা কঠিন। এতে পড়াশোনা ও ঘুমের ব্যাপক ব্যাঘাত ঘটছে। ওয়াশরুম ও বেসিনেও মশার বিচরণ বেশি। হলের নিচের খোলা ড্রেন ও চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ মশার বংশবিস্তারের অন্যতম কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত মশকনিধন স্প্রে এবং হলের চারপাশ পরিষ্কার রাখা জরুরি।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, "কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ায় তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার করতে হবে এবং বাসাবাড়ি বা ক্যাম্পাসের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করতে হবে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, "সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং একজন আক্রান্ত হওয়ায় উদ্ভূত পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদারকি করছে। প্রায় দুই মাস আগে শুধু শিউলিমালা হলে ফগার মেশিন দিয়ে মশা নিধন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সরঞ্জাম না থাকা এবং পৌরসভার বিভিন্ন জটিলতার কারণে অন্যান্য হলে ওষুধ ছিটানো সম্ভব হয়নি।"

তিনি আরও জানিয়েছেন, "শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুততম সময়ে বাকি হলগুলোতে সমন্বিতভাবে মশকনিধন কার্যক্রম চালুর লক্ষ্যে পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।"

শিক্ষার্থীদের অভিযোগ, মশার উপদ্রব নিয়ন্ত্রণে নিয়মিত মশকনিধন কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাস ও আবাসিক হলের আশপাশের ড্রেন, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কার করা প্রয়োজন। অন্যথায় মশাবাহিত রোগের ঝুঁকি আরও বাড়তে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশিল্পের ভূমিকা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ: মন্ত্রী জাকারিয়া তাহের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


পোশাকশিল্পের ভূমিকা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ: মন্ত্রী জাকারিয়া তাহের

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শিল্পখাতের মধ্যে পোশাকশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি উল্লেখ করেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জ্ঞানভিত্তিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আর্মি গলফ ক্লাবে টেক্সটাইল প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) এর নবনির্বাচিত ১৫তম কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন। মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শিল্পখাত, বিশেষ করে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিল্পায়ন ও উৎপাদন ব্যবস্থাকে আধুনিক করার জন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, "বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।" সরকার, শিল্পমালিক এবং প্রকৌশলীদের সম্মিলিত উদ্যোগে এই অগ্রযাত্রা আরও বেগবান করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এছাড়া অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, রাজউক চেয়ারম্যান ও আইইবি সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এটিএম সামসু উদ্দীন খান উপস্থিত ছিলেন। এ সময় আইটিইটির কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের টেক্সটাইল প্রকৌশলী, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইটিইটির উপদেষ্টা কমিটির সদস্যরা প্রধান অতিথির কাছ থেকে শুভেচ্ছা ও সম্মাননা গ্রহণ করেন। এরপর নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের সদস্যরা শুভেচ্ছা ও সম্মাননা নেন। পরে অতিথি ও সংগঠনের নেতারা বক্তব্য দেন। রাতের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম বলেন, আইটিইটি যেন সত্যিকার অর্থেই এই কার্যনির্বাহী কমিটি ব্যক্তিগত স্বার্থ ও দলীয়করণের ঊর্ধ্বে উঠে দল-মতনির্বিশেষে সবার জন্য কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, "সময় এসেছে সত্য প্রমাণ করার—দল-মত যার যার, আইটিইটি আমাদের সবার।" তিনি আরও বলেন, আইটিইটিতে প্রত্যেক শিক্ষার্থীর অর্থবহ সদস্যপদ নিশ্চিত করতে হবে। নির্বাচিত সদস্যদের পাশাপাশি যারা নির্বাচিত হননি, তাদেরও গঠনমূলক আলোচনায় এবং অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এছাড়া টেক্সটাইল গবেষণার জন্য আলাদা তহবিল গঠনের প্রস্তাব দেন মাহবুবা হাকিম। তিনি বলেন, এ তহবিল থেকে জ্বালানি দক্ষতা, অটোমেশন, প্রযুক্তি উন্নয়ন ও টেকসই উৎপাদন নিয়ে গবেষণায় সহায়তা দেওয়ার কথা বলা হয়। জাতীয় টেক্সটাইল ইনোভেশন অ্যান্ড এক্সিলেন্স সেন্টার প্রতিষ্ঠা এবং নীতিনির্ধারণে টেক্সটাইল প্রকৌশলীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে টেক্সটাইল প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র বিসিএস ক্যাডার চালুর বিষয়েও সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বাংলাদেশের পোশাকশিল্প দেশের রপ্তানিতে বড় অবদান রাখছে। বিদেশে বাংলাদেশের ব্যবসায়ীরা গেলে দূতাবাসগুলোকে তাদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন, "একজন রাষ্ট্রদূত শুধু সরকারি প্রতিনিধি নন, দেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।" তিনি কারখানায় মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন এবং বিশেষ করে নারী শ্রমিকদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সমাপনী বক্তব্যে আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোর কমার্শিয়াল উইংয়ে টেক্সটাইল প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হোক। বিদেশের মাটিতে একজন টেক্সটাইল বিশেষজ্ঞ থাকলে ক্রেতাদের সঙ্গে কারিগরি বোঝাপড়া, চাহিদা অনুযায়ী গার্মেন্টস উৎপাদন নিশ্চিত করা এবং দেশের কারখানার সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা করা অনেক সহজ হবে।

তিনি আরও বলেন, গত ২৬ জুন অনুষ্ঠিত নির্বাচনে আপনারা আমার পুরো প্যানেলকে বিজয়ী করেছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে যে ঋণে আবদ্ধ করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, আমাদের কার্যনির্বাহী কমিটির ২৭ জন দক্ষ ও পরীক্ষিত কর্মীকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের একটি সম্পূর্ণ স্বচ্ছ, কার্যকর ও সদস্যবান্ধব নতুন আইটিইটি উপহার দিতে পারব।

বক্তারা দেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের উন্নয়ন, টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় টেক্সটাইল প্রকৌশলীদের আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণের সম্ভাবনা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে, যা বজ্রসহ বৃষ্টির আকারে দেখা দিতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবারের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে, যেখানে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


‘ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে’

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, এমন তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সিইসি নির্বাচনের সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা নিশ্চয়তা দিচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনের ক্ষেত্রেও আপনারা প্রশংসা করবেন ইনশাআল্লাহ। এ জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সব ধরনের ব্যবস্থা নেব।"

কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের পরিকল্পনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য নির্বাচনের সময় মাঠের সার্বিক ও চলমান অবস্থা কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে, যাতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়।

তিনি সেখানে নির্বাচনি মাঠের বর্তমান পরিবেশ অত্যন্ত ভালো বলে জানান।

এদিকে, উপনির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ দুপুরে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, "নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।"

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (রোববার)। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় পাবেন। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এই উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম আজ ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রেখেছে ইসি। ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%